ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভোলা জেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি গঠন


ভোলা জেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি গঠন

ভোলা জেলা যুবদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মো. ফখরুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মনির হোসেনকে মনোনীত করা হয়েছে।

এটি সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেছেন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।

ভোলা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার ফলে ভোলা জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট ও বগুড়ায় ৪০ হাজার টিসিবি কার্ড দেওয়ার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


সিলেট ও বগুড়ায় ৪০ হাজার টিসিবি কার্ড দেওয়ার প্রস্তাব

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সিটি করপোরেশনের মর্যাদা লাভের পর সিলেট ও বগুড়ায় নিম্ন আয়ের পরিবারের জন্য ৪০ হাজার নতুন কার্ড বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

যদি এই প্রস্তাব অনুমোদিত হয়, তাহলে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আওতায় কার্ডধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে এক কোটি এক লাখে পৌঁছাতে পারে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, সিলেট সিটি করপোরেশনের মর্যাদা পাওয়ার পর সেখানে নতুন কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। এই কারণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইভাবে বগুড়াও সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় ওই অঞ্চলের জন্য অতিরিক্ত কার্ড চাওয়া হয়েছে।

বর্তমানে টিসিবির কার্ড কর্মসূচির আওতায় এক কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৮০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি প্রায় ২০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে। নতুন প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু কার্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে মোট উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে। তবে এই সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও চূড়ান্ত বরাদ্দ সমন্বয়ের ওপর নির্ভর করবে।

টিসিবির চেয়ারম্যান জানান, অবশিষ্ট কার্ড দ্রুত বিতরণ করার জন্য জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা চাওয়া হয়েছে যাতে তারা নিজ নিজ এলাকায় যোগ্য পরিবার চিহ্নিত করে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারে।

তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তাই প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কার্ড বিতরণে অনিয়ম এবং একই পরিবারের নামে একাধিক কার্ড থাকার মতো সমস্যা এড়াতে টিসিবি উপকারভোগীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও জোরদার করেছে। গত বছর ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ কার্ড বাতিল করা হয়েছে।

ফয়সল আজাদ বলেন, ডিজিটাল যাচাইয়ের ফলে একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড থাকার সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে কার্ডের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।

তবে ডিজিটাল যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে সরেজমিন যাচাইও প্রয়োজন বলে তিনি জানান। বর্তমানে প্রায় ৮০ লাখ কার্ডধারীর সবার তথ্য সরেজমিনে যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।

টিসিবির চেয়ারম্যান বলেন, উপকারভোগীদের যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্যদিকে, টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো নমুনাভিত্তিক যাচাই করে থাকে।

তিনি বলেন, এসব উদ্যোগের উদ্দেশ্য হলো কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড কিংবা অনুপযুক্ত ব্যক্তির কার্ড পাওয়ার ঝুঁকি কমানো এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া।

সিলেট ও বগুড়ার জন্য অতিরিক্ত কার্ডের প্রস্তাব মূলত প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে উপকারভোগীর সংখ্যা সমন্বয়ের অংশ। ভবিষ্যতে যদি আরও কোনো এলাকা সিটি করপোরেশনে উন্নীত হয় অথবা সরকার কর্মসূচির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে কার্ডের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এই লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট কার্ড বিতরণ ও উপকারভোগীদের তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে টিসিবি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিন রুমে ঢুকে ২ লোকোমাস্টারকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিন রুমে ঢুকে ২ লোকোমাস্টারকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার সময় তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে।

রেল ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেন (PSIK 6 DOWN) ওই এলাকায় দাঁড়িয়ে ছিল ক্রসিংয়ের জন্য। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিন রুমের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে।

দামুড়হুদা থানার ওসি রাসেল মিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, এর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকা ও ত্রিশালে শিল্পাঞ্চল নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


ভালুকা ও ত্রিশালে শিল্পাঞ্চল নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন মোতায়েন করা বিজিবি সদস্যরা।

এতে আরও উল্লেখ করা হয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফরেনসিক বিশেষজ্ঞের দাবি

এপস্টেইনকে আত্মহত্যা নয়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


এপস্টেইনকে আত্মহত্যা নয়, শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ফরেনসিক বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড ছিল বলে মন্তব্য করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। তার মতে, এপস্টেইনকে পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি ও ময়নাতদন্তের ছবি বিশ্লেষণ করে অধ্যাপক মাইকেল ফ্রিম্যান বিবিসি নিউজ নাইটকে সাক্ষাৎকারে এ দাবি করেন।

এই দাবির ফলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, ২০১৯ সালে এপস্টেইনের ময়নাতদন্তকারী চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টেইনকে, যিনি যৌন পাচারের অভিযোগে বিচারাধীন ছিলেন।

ময়নাতদন্তের দায়িত্বে থাকা নিউইয়র্কের প্রধান মেডিকেল পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসন বলেছিলেন, এপস্টেইনের শরীরে পাওয়া আঘাতগুলো আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক ক্ষত থাকে, সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি পূর্বে উল্লেখ করেছিলেন যে, এপস্টেইনের মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণের বিষয়ে তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করেছে।

কী বলছেন নতুন তদন্তকারী বিশেষজ্ঞ?

অধ্যাপক মাইকেল ফ্রিম্যান যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে মৃত্যুর বিভিন্ন ঘটনায় আইনজীবীদের হয়ে মৃত্যুর কারণ নির্ধারণে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাও এর মধ্যে রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি।

তবে ফ্রিম্যান নিজে এপস্টেইনের মরদেহ দেখেননি। তার বিশ্লেষণের ভিত্তি ছিল ময়নাতদন্তের নথি ও ছবি। এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন তাকে এসব নথি সরবরাহ করেন। মার্ক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, তার ভাইকে হত্যা করা হয়েছে।

ফ্রিম্যান জানিয়েছেন, তার গবেষণা সম্পূর্ণ স্বাধীন এবং এ জন্য মার্ক এপস্টেইন তাকে কোনো অর্থ দেননি। তবে তার গবেষণা এখনো অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচিত হয়নি। ফ্রিম্যানের দাবি, এপস্টেইনের শরীরে হামলার বেশ কিছু চিহ্ন রয়েছে। এর মধ্যে বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের মতো ক্ষত উল্লেখযোগ্য।

তার মতে, কোনো ফাঁস বা বাঁধার উপকরণ দিয়ে এপস্টেইনকে গলা চেপে ধরা হয়েছিল। পরে একই উপকরণ ব্যবহার করে তাকে বিছানার ওপরের অংশের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। এপস্টেইনের গলায় ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে দাবি করেন তিনি। ফ্রিম্যানের ভাষায়, পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগী গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘শরীরের আঘাতের ধরন এবং যেভাবে মরদেহ পাওয়া গেছে, তার মধ্যে মিল নেই। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’

আগের ময়নাতদন্তে যা বলা হয়েছিল

অন্যদিকে, এপস্টেইনের ময়নাতদন্ত করা চিকিৎসক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে জানিয়েছিলেন, তার শরীরের আঘাতগুলো শ্বাসরোধ করে হত্যার চেয়ে ফাঁসিতে আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। চিকিৎসকের মতে, শ্বাসরোধ করে হত্যার শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত আত্মরক্ষার যেসব ক্ষত থাকে, এপস্টেইনের শরীরে সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফ্রিম্যান আরও প্রশ্ন তুলেছেন, কারাগারে ফাঁসিতে মৃত্যুর ঘটনায় লাশ নামানোর আগে তার ছবি তোলা উচিত ছিল। কিন্তু এ ক্ষেত্রে সে ধরনের ছবি থাকার বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারের এক কর্মকর্তা এপস্টেইনকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পরপরই আরেক সহকর্মীকে ডাকেন। পরে তারা মরদেহ নিচে নামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুর প্রায় এক মাস আগে এপস্টেইনকে অল্প সময়ের জন্য আত্মহত্যা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

হত্যাকারী কে, জানেন না ফ্রিম্যান

এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকলে এর পেছনে কারা থাকতে পারে—এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই। এটি তার গবেষণার বিষয়ও নয়। তার দাবি, তিনি শুধু শারীরিক আলামত বিশ্লেষণ করেছেন, হত্যার পেছনে কারা থাকতে পারে তা নিয়ে কোনো মত দেননি।

নিজের বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব বলে উড়িয়ে দেওয়ার সমালোচনার জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ সবাই যাচাই করতে পারেন। কোথাও ভুল থাকলে তা দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।

জেফরি এপেস্টাইন কে ছিলেন?

২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টাইন। এ কারণে তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করা হয়। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।

এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে নতুন করে মামলা হয় তার বিরুদ্ধে। ২০১৯ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সেই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ফ্রিম্যান। তবে তার দাবির পক্ষে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো নতুন সিদ্ধান্ত সামনে আসেনি।

সূত্র: বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%