প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাহাঙ্গীর আলম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : আদালতের পরিবেশ মানেই দীর্ঘ সময় অপেক্ষা, অনিশ্চয়তা ও ক্লান্তি। মামলার একটি নির্ধারিত তারিখের জন্য দূর-দূরান্ত থেকে আসা মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে, সিঁড়িতে বসে কিংবা রোদের মধ্যে অপেক্ষা করতে হয়।
পুরুষদের জন্য এই ভোগান্তি কষ্টকর হলেও, নারী ও শিশুদের জন্য তা আরও বেশি কঠিন হয়ে ওঠে। এই বাস্তবতার প্রেক্ষাপটে ঢাকার আদালতপাড়ায় রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য নির্ধারিত বিশ্রামাগারটি একটি মানবিক উদ্যোগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।
বিশ্রামাগারটি বাস্তবায়নে সহযোগিতা করেছে জুডিসিয়াল স্ট্রেনদেনিং প্রজেক্ট, ইউএনডিপি।
বিশ্রামাগারের বাইরে একটি নীল সাইনবোর্ডে লেখা রয়েছে- বিচারপ্রার্থী নারী ও শিশু বিশ্রামাগার। পাশের একটি ছোট বোর্ডে উল্লেখ আছে - এই রুমের ভিতরে পুরুষদের প্রবেশ নিষেধ।
সরেজমিনে দেখা যায়, বিশ্রামাগারের ভেতরে ৩ জনের বসার জন্য ৮টি স্টিলের চেয়ার এবং ৪ জনের বসার জন্য ১টি কাঠের সিট রয়েছে। একসঙ্গে প্রায় ২৮ জন নারী ও শিশু এখানে বসতে পারেন। গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য ২টি ফ্যান রয়েছে এবং ব্যবহারের জন্য ৩টি টয়লেটও রয়েছে। পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় নারীদের জন্য একটি সম্পূর্ণ নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
বিশ্রামাগারের দায়িত্বে থাকা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মতিউর রহমান বাসসকে বলেন, ‘আমরা বিশ্রামাগারটি যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। সকাল সাড়ে ৮টায় বিশ্রামাগারের দরজা খুলে দেওয়া হয়, বিকেল ৫টায় বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশু বিচারপ্রার্থীরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসতে পারেন, সেজন্য পুরুষদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে এবং এটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।’
এ বিষয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইকবাল হোসেন বাসসকে বলেন, ‘রেবতী ম্যানশনে নারী ও শিশু বিচারপ্রার্থীদের জন্য যে বিশ্রামাগারটি রয়েছে, তা অত্যন্ত কার্যকরভাবে চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা নারী ও শিশু বিচারপ্রার্থীরা এখানে নিরাপদে বসছেন, বিশ্রাম নিচ্ছেন। পুরুষ প্রবেশ নিষেধ থাকায় তারা স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আদালত প্রাঙ্গণে নারী ও শিশুদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
আদালতে আগত নারী বিচারপ্রার্থীরা জানান, পূর্বে তাদের বারান্দা বা সিঁড়িতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই বিশ্রামাগার হওয়ায় ছোট শিশু নিয়ে আসা মায়েরা এখন নিরাপদে বসে শুনানির জন্য অপেক্ষা করতে পারছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এখানে বিশুদ্ধ খাবার পানি, ব্রেস্টফিডিং কর্নার ও তথ্য সহায়তা ডেস্ক যুক্ত করা হলে এই বিশ্রামাগার দেশের অন্যান্য আদালতের জন্য একটি মডেল হতে পারে। ছোট এই উদ্যোগই প্রমাণ করে— একটু যত্ন আর সদিচ্ছা থাকলে বিচারাঙ্গনকে আরও মানবিক করা সম্ভব।
একটি মামলায় হাজিরা দিতে আসা কুমিল্লার মমতাজ বেগম ও চেক ডিজঅনার মামলার বাদী কেরানীগঞ্জ থেকে আসা রেহানা খাতুন জানান, আদালতের কার্যক্রম দুপুরের পর শুরু হবে। তাই ৩/৪ ঘন্টা অপেক্ষার জন্য এ বিশ্রামাগার আমাদের জন্য নিরাপদ ও স্বস্তির জায়গা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন