০২:৫৭ পি.এম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা বর্তমানে তহবিলে জমা রয়েছে। এর পাশাপাশি, জেলা প্রশাসকের ট্রেজারিতে ১২ কেজি স্বর্ণ, ১২ কেজি রুপা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংরক্ষিত রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে, চার মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি স্থায়ী সিন্দুক খুলে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে গণনার কাজে অংশগ্রহণ করেন ৫৯৯ জন। তাদের মধ্যে জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদ্রাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, সর্বশেষ ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া দানের পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই টাকা রূপালী ব্যাংকের পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়। এছাড়া সেদিন পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন