০৩:২৪ পি.এম
লক্ষ্মীপুর, ২৫ নভেম্বর ২০২৬ : চলতি আমন মৌসুমে লক্ষ্মীপুর জেলায় আমনের ফলন ব্যাপক হয়েছে। এ মৌসুমে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আগের মৌসুমের তুলনায় ধানের দাম মণ প্রতি ১০০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আনন্দিত।
লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। সার ও কীটনাশকের দাম সহনশীল থাকার কারণে চাষাবাদে খরচ কমেছে। এর ফলে বাজারে চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন। গতবারের তুলনায় প্রতিমণ ধানের দাম একশ টাকা বেশি। গত বছর প্রতিমণ ধান ১০০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হয়েছিল। এবারে সেই ধান ১১০০ টাকা থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরকারিভাবে ধানের দাম ১৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধানের বাম্পার ফলন ও ন্যায্য দাম পাওয়ায় কৃষকরা খুশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, এবার জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করা হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। লক্ষ্মীপুর জেলায় ধান কাটা ও মাড়াই ইতোমধ্যে শুরু হয়েছে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবারের আমনের ফলন সন্তোষজনক। এতে চাষিরা খুব খুশি। সার, কীটনাশকের দাম সহনশীল থাকায় প্রতি মণ ধানের উৎপাদনে খরচ হয়েছে ১০০০ টাকা। কিন্তু বাজারে ধানের দাম ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সরকার মণ প্রতি ১৪০০ টাকা দামে ধান সংগ্রহের যে ঘোষণা দিয়েছে, সেটি বাস্তবায়িত হলে কৃষকদের জন্য আরও লাভজনক হবে।
কৃষকরা জানান, গতবারের তুলনায় সরকার ধান সংগ্রহের জন্য বেশি দাম দিচ্ছে। তবে সরকারিভাবে ধান বিক্রি করতে গেলে কৃষকদের নানা শর্তের বেড়াজালে পড়তে হয়। এ ব্যাপারে প্রান্তিক কৃষকরা শর্তগুলো আরো সহনশীল করার আবেদন জানিয়েছেন।
সদর উপজেলার চর রমণিমোহন এলাকার কৃষক আবুল বাসার, চররুহিতার তোফায়েল হোসেন এবং নুরুল হুদা জানান, এবছর সার, সেচ ও কীটনাশকের দাম সহনশীল ছিল। তবুও প্রতি মণ ধান উৎপাদনে খরচ হয়েছে ১০০০ টাকা। বাজারে ধানের দাম ভালো। গতবারের তুলনায় মণপ্রতি ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনার উদ্যোগ নিয়েছে। প্রশাসন প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনবে বলে তারা আশা প্রকাশ করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহির আহমেদ বাসস’কে জানান, জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছিল। আমন ধান কাটা শুরু হয়েছে এবং মাঠে ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন