ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে নতুন মজুরির ফলে শ্রমিকেরা কাজে ফিরেছেন


নারায়ণগঞ্জে নতুন মজুরির ফলে শ্রমিকেরা কাজে ফিরেছেন

মজুরি বোর্ড কর্তৃক নতুন বেতন নির্ধারণের পর নারায়ণগঞ্জের শিল্পকারখানার পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় রয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর একটা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই তাঁদের কর্মস্থলে যোগদান করেছেন।

বুধবার নারায়ণগঞ্জের কোথাও শ্রমিক বিক্ষোভের কোনো ঘটনা ঘটেনি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, নারায়ণগঞ্জের পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

এর আগে টানা ১২ ঘণ্টা বৈঠক শেষে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে নির্ধারিত ন্যূনতম মজুরি ছিল সাড়ে ১২ হাজার টাকা। গতকাল মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় নতুন এ মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। বেতন বাড়ানোর বিষয়ে বোর্ডের সব সদস্য একমত না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন কাঠামো চূড়ান্ত করা হয়।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের পর নারায়ণগঞ্জের শিল্পকারখানার শ্রমিকদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি। তাঁরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, "মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বৃদ্ধির দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।"

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল জানান, "বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জের পরিস্থিতি শান্ত রাখা সম্ভব হয়েছে বলে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।"

আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল। নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। তবে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে নিরাপত্তাজনিত কারণে হাজির না করায় আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।

ভিকটিম মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ দশজন কারাগারে অবস্থান করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রুনাইয়ে ৩৭০ পুরুষ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


ব্রুনাইয়ে ৩৭০ পুরুষ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ে বিভিন্ন খাতে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে।

নিয়োগের এই প্রক্রিয়ায় নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, রং মিস্ত্রী, সাধারণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, ফোরম্যান, গাড়ির মেকানিক এবং ড্রাইভারসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বোয়েসেল ২২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ নভেম্বর সকাল ১০টায়। আবেদন গ্রহণ করা হবে ২৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars-এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি ১০০ টাকা এবং এর সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে।

আবেদন ফি অফেরতযোগ্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশ পদে দৈনিক ২০ ব্রুনাই ডলার মজুরি প্রদান করা হবে। ইলেকট্রিশিয়ান পদে দৈনিক মজুরি ২২ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। গাড়ির মেকানিক এবং ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে কন্ট্রেক্টর জুসমিলারিয়া অ্যান্ড কেলুয়ার্গা কোম্পানিতে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। সেখানে ফোরম্যান, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী এবং প্লাম্বার পদে মোট ১১০ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে নির্মাণশ্রমিক পদে ৮০ জন কর্মী নিয়োগ করা হবে। এছাড়া সি-টেক এসডিএন বিএইচডি-তে ৩৬ জন নির্মাণশ্রমিক, সুজানা গুরু কন্ট্রাক্টর-এ ৫০ জন শ্রমিক, সহকারী শ্রমিক ও রাজমিস্ত্রী এবং দামুদা কনস্ট্রাকশন-এ ২৫ জন নির্মাণশ্রমিক নিয়োগ দেওয়া হবে।

বিভিন্ন কোম্পানিতে সাধারণ শ্রমিক ও নির্মাণকর্মীর পাশাপাশি দক্ষ কারিগরি পেশায়ও কর্মী নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। কিছু পদে বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর, গাড়ির মেকানিক পদে ২৫ থেকে ৪০ বছর এবং দামুদা কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক পদে ২১ থেকে ৩৩ বছর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা পদভেদে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক হতে হবে। কিছু পদে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুই বছরের শ্রমচুক্তি হবে, যা নবায়নযোগ্য। দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। কর্মীদের আবাসনের ব্যয় কোম্পানি বহন করবে।

তবে খাবারের ব্যয় কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে। বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন। ওভারটাইম, চিকিৎসা, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

দক্ষ কর্মীদের জন্য সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি ও আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৮৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের জন্য ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত অর্থ সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডার সংগ্রহ করে বোয়েসেলের মূল কপি জমা দিতে হবে। এছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচ কর্মীকে বহন করতে হবে।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। নিয়োগকর্তা যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করবেন।

এরপর চূড়ান্ত সাক্ষাৎকারের সময়সূচি বোয়েসেল লেখা পোর্টাল অথবা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) নির্ধারিত ০১৫৫২১৪৬৪৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল পাসপোর্ট, ইংরেজিতে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি সঙ্গে আনতে হবে। তবে অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ কিংবা চূড়ান্ত নির্বাচন কোনোভাবেই চাকরির নিশ্চয়তা নয়।

কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তা বা তার প্রতিনিধির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। প্রতিষ্ঠানটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না।

সুতরাং নিয়োগের নামে কাউকে নগদ টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

সাক্ষাৎকার ও নির্বাচিত প্রার্থীদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এছাড়া নির্ধারিত পোর্টাল থেকে এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর বা আইডি থেকে আসা বার্তা অনুসরণ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহার।

বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের প্রবাসী কল্যাণ ভবন (৯ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বিবেচনা করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ বিবেচনা করছে সরকার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য যাতায়াতকে সহজতর করার উদ্দেশ্যে, সরকারের পক্ষ থেকে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি বিবেচনার জন্য রাখা হবে।

এ কথা আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন।

মন্ত্রী ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এই আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগের সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়, দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট চালুর প্রতি আগ্রহ প্রকাশ করেন।

বিশেষভাবে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠিত হলে, প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

মন্ত্রী আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। তাদের যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে, জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করবে।

দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এ লক্ষ্যে, দুই দেশের মধ্যে পর্যটনবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

পর্যটন মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশের পর্যটক আদান-প্রদান, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

এ সময়, রশিদুজ্জামান মিল্লাত দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ গ্রহণের গুরুত্বের ওপরও জোর দেন।

সাক্ষাতকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় আদালত তিন জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি হিসেবে গণ্য হবে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহের। তারা সকলেই কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার অধিবাসী ছিলেন। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহের। জয়নালের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় প্রথমে নিহত জয়নালের স্ত্রী টাকা-পয়সার বিরোধের কারণে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ মানিক ভুঞা এবং জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। তবে মামলাটির তদন্ত অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে।

তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামিদের উপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%