প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুইজন হলেন, হাবিবুর রহমান (২৬) এবং সাজু আহমেদ (২৯)। তারা উভয়েই ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত অফিসের ভেতরে প্রবেশ করে। তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। উভয়ের শরীরে এক রাউন্ড করে গুলি লেগেছে।
হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া, এবং তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ, এবং তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জানতে চাইলে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন