ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

দক্ষিণের উপকূলে ঝুঁকিতে শতাধিক কিমি বেড়িবাঁধ, স্থানীয়দের উদ্বেগ


দক্ষিণের উপকূলে ঝুঁকিতে শতাধিক কিমি বেড়িবাঁধ, স্থানীয়দের উদ্বেগ

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধের ভাঙন ও ঝুঁকি বাড়ছে। কোথাও নদীর প্রবল স্রোতে বাঁধ ধসে পড়ছে, আবার কোথাও বড় বড় ফাটল দেখা দিচ্ছে। তিনটি জেলায় ৪০টিরও বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির সম্মুখীন হয়েছে।

বিশেষ করে খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে প্লাবিত হওয়ার আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রতিবছর বাঁধ মেরামত করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সংস্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বাঁধ নির্মাণের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামে গত সপ্তাহে হঠাৎ করেই নদীর প্রবল স্রোতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনস্থলের আশপাশে ফাটল দেখা দিয়েছে। নদীর পানি বাড়লে কিংবা জোয়ারের চাপ বাড়লে নতুন করে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কা করছেন বাসিন্দারা।

আরও পড়ুন: সিলেটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

পানখালি ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "বাঁধ ভেঙে গেলে শুধু বসতবাড়ি নয়, তলিয়ে যাবে ফসলি জমি, মাছের ঘেরসহ জীবিকার নানা উৎস। প্রতিবছরই বাঁধ নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।"

শুধু পানখালি নয়, দাকোপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা, বটবুনিয়া ও নলডাঙ্গাসহ অন্তত ১০টি পয়েন্টে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। কোথাও নদীর পাড় ধসে বাঁধ সরু হয়ে গেছে, আবার কোথাও বাঁধের মাটিতে গভীর ফাটল তৈরি হয়েছে। এসব স্থানে দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

দাকোপের বাইরেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে পাইকগাছার দেলুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা এবং সাতক্ষীরার আশাশুনীর বিভিন্ন এলাকায়। সব মিলিয়ে তিন জেলায় অর্ধশতাধিক পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে, কোথাও চলছে অস্থায়ী মেরামত। তবে এসব উদ্যোগ সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ উপকূলবাসীর।

স্থানীয় বাসিন্দা লক্ষী রানী বলেন, "নদীর পানি বাড়লেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়। বাঁধের কোথাও ফাটল দেখা দিলে কখন সেটি ভেঙে যাবে, সেই আতঙ্কে থাকতে হয়। একবার বাঁধ ভেঙে গেলে ঘরবাড়ি, জমি ও মাছের ঘের সবকিছুই পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই বারবার জোড়াতালি না দিয়ে স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণ চান তারা।"

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, "উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নজরদারিতে রাখা হচ্ছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি।"

এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ চালানো হচ্ছে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধ ও উপকূলীয় জনপদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপত্তা বাড়বে বলে আশা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল বাশার বলেন, "ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে জরুরি মেরামতের পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় নদীভাঙনের আশঙ্কা বেশি, সেসব স্থানে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।"

পানি উন্নয়ন বোর্ডের আওতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় প্রায় দুই হাজার কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এসব বাঁধের ওপর নির্ভরশীল লাখ লাখ উপকূলবাসীর জীবন-জীবিকা। ফলে অস্থায়ী মেরামতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করা এখন উপকূলীয় জনপদের অন্যতম বড় দাবি।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে চার পেসার অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে চার পেসার অন্তর্ভুক্ত

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলায় পেসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার একাদশে পেসারদের সংখ্যা বেশি রাখা হয়েছে। তারা চার পেসার নিয়ে মাঠে নামছে।

রোববার (১৫ নভেম্বর) শুরু হতে যাওয়া টেস্টের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা আজ তাদের একাদশ ঘোষণা করেছে। একাদশে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের সঙ্গে রয়েছেন মিডিয়াম পেসার ডেন প্যাটারসন। অলরাউন্ডার উইয়ান মুল্ডার পেস বোলিংয়ের জন্য তাদের আরেকটি বিকল্প হিসেবে বিবেচিত। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন সাইমন হারমার।

প্রোটিয়াদের হয়ে ৭টি টেস্ট খেলে ২৫ উইকেট নেওয়া প্যাটারসন প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামছেন। ৬ বছর আগে অভিষেক হওয়া এই পেসার শেষ টেস্টটি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। তার চেয়ে দীর্ঘ বিরতির পর টেস্টে ফিরছেন জুবাইর হামজা। ৮টি টেস্ট খেলা এই ব্যাটার সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিজাত সংস্করণে খেলেছিলেন।

দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে যে টেস্টটি খেলেছে, সেই ম্যাচ থেকে কেবল ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েতজে দলে নেই। এই দুজন বাংলাদেশ সিরিজের স্কোয়াডেও অন্তর্ভুক্ত নয়। তাদের পরিবর্তে হামজা ও প্যাটারসনকে দলে নেওয়া হয়েছে। বাকি সব কিছু ঠিকঠাক রয়েছে।

দক্ষিণ আফ্রিকা একাদশ

এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, ডেন প্যাটারসন ও কাগিসো রাবাদা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় শীতে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, সতর্ক ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


গাজায় শীতে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, সতর্ক ইউনিসেফ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় সাম্প্রতিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রদান শুরু হয়েছে। তবে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, ভয়াবহ এই বন্যায় ঘরবাড়ি ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা খুবই সীমিত। একইসঙ্গে আসন্ন শীত মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

গাজা সিটি থেকে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগবিষয়ক প্রধান টবি ফ্রিকার বলেন, “আমরা কিছু ত্রাণ সামগ্রী পাচ্ছি যেমন-কিছু ত্রিপল, তাঁবু এবং শিশুদের জন্য শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী। কিন্তু প্রয়োজনের তুলনায় এখনো খুবই কম। আরও বড় পরিসরে এসব সহায়তা সরবরাহ করা জরুরি।”

তিনি জানান, বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইউনিসেফের কর্মীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত তাঁবু প্রতিস্থাপনে কাজ করছেন। এর মধ্যে শিশুরা অস্থায়ী শিক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া নিজেদের খাতাপত্র বাঁচানোর চেষ্টা করছে।

গাজায় ভবন ধসে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন ফ্রিকার। তার তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ভবন যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। গত সেপ্টেম্বরে একটি ভবন ধসে ১২ শিশুসহ ২০ জনের বেশি মানুষের প্রাণহাণি হয়েছিল।

ফ্রিকার বলেন, মানুষের আরও টেকসই আশ্রয়কেন্দ্রে বসবাস করার কথা। অথচ চলমান মানবিক সংকটের মধ্যে এটি তাদের চতুর্থ শীতকাল। গাজার প্রায় ৪ লাখ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন, যার অর্ধেকই শিশু।

শীতের শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, আমাদের মনে রাখা দরকার, শীতকাল মাত্র শুরু হয়েছে। ফলে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ভারত ভুটানকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করেছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টিম ইন্ডিয়া ২-১ গোলে জয়লাভ করেছে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সাফে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুই গোলে এগিয়ে যায়। ৮ মিনিটে বিষ্ণু পুথিয়া গোল করেন এবং ২৭ মিনিটে কনশাম সিং লিড দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় ভুটান তাদের একমাত্র গোলটি করে।

তবে বাকি সময়ে ভুটান আর কোনো গোল আদায় করতে সক্ষম হয়নি। এর ফলে ২০০৮ সালের পর আবারও সেমিফাইনাল থেকে বাদ পড়ল তারা। সাফের ইতিহাসে সেমিফাইনাল খেলা তাদের সর্বোচ্চ অর্জন।

অন্যদিকে, ভারত এ নিয়ে মোট ১৪ বার সাফের ফাইনালে উঠেছে। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি বার ফাইনালে ওঠার রেকর্ড তাদেরই রয়েছে এবং সর্বোচ্চসংখ্যক শিরোপারও মালিক তারা। মোট ৯ বার শিরোপা জিতেছে ভারত। এখন তারা দশম শিরোপার জন্য অপেক্ষা করছে।

দ্বিতীয় সেমিফাইনালে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল ১৭ নভেম্বর ফাইনালে ভারতের বিরুদ্ধে শিরোপার লড়াইয়ে অংশগ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: রবিউল ইসলাম নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: রবিউল ইসলাম নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে (নভেম্বর) থাকবে না।’

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন, যা পল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

নয়ন আরও উল্লেখ করেন, ‘২৪ এর ১৯ জুলাই আমরা রাজপথে রক্ত দিয়েছিলাম। আমার দুজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিল। তাদের মধ্যে নবীন তালুকদার নামে একজন মারা গেছেন। সেদিন শান্তিনগর এলাকা, কাকরাইল এলাকা, পল্টন এলাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল।’

সেই দিনের ঘটনা স্মরণ করে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘সেই দিনের ২৪ এর ১৯ জুলাইকে স্মরণ করে ১৯ তারিখের লকডাউনকে ধুলার সাথে মিশিয়ে দেব।’

বিরোধী দলের ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা রাজাকার, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, তারা দেশের সংকটে সর্বদা নীরব থাকে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%