প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামক ঘুর্ণিঝড়ের কারণে টানা তিন দিনের বৃষ্টির ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে আমন ধান চাষিরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। পাকা ধান কাটতে না পারা এবং ইতোমধ্যে কাটা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারার কারণে স্থানীয় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের ভারী বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।
শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ পরিদর্শনকালে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় মাঠে অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলার বিষয়ে কৃষকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
উপজেলার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার, কাজী আবুল কালাম, মোঃ এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মোঃ সেলিম, মোঃ ইউনুছসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু গত তিন দিনের বৃষ্টির কারণে পাকা ধান নুইয়ে পড়ায় অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অন্যদিকে কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কাজী আহসান উল্লাহ বলেন, ৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ১০ শতক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি।
শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমাণ কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন