ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আলোচনায় মির্জা ফখরুলের নাম


নতুন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আলোচনায় মির্জা ফখরুলের নাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও, দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও উঠে এসেছে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন রোগের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে নিজেকে অসমর্থ মনে করায় মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতার নাম নিয়ে আলোচনা চলছে। আলোচনায় সবচেয়ে বেশি রয়েছে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলীয় সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য এবং বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার কারণে তাঁকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একজন প্রভাবশালী মন্ত্রিপরিষদ সদস্য সংবাদমাধ্যমকে বলেন, “একটি নামই আছে। আপাতত বিকল্প ভাবা হচ্ছে না। দলের আর বিকল্প নেই।”

মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। দলের বাইরে অরাজনৈতিক ও প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহর নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

তবে নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনো সরকার, বিএনপি বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। আলোচনায় থাকা নামগুলোর বিষয়ে রাজনৈতিক সূত্রগুলোও ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে।

রাজনৈতিকভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ নতুন রাষ্ট্রপতির মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে রাষ্ট্রপতি পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। পদত্যাগ না করলে তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


নাশকতা ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সরকার শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয় এবং নৌবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে।

প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

ঢাকা এবং অন্যান্য সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্থানে নিরাপত্তা এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সরকার বিরোধী আন্দোলনের সময় ১-২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায়, পুলিশ বক্সে, হাসপাতাল, পরিবহন, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ সরকারি ও জনসেবামূলক স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) কামারুম মুনিরা বাসসকে জানিয়েছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে শিল্পাঞ্চল, বিমানবন্দর, রেলস্টেশন, আদালত এবং নৌবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ, ইতিবাচক ফলের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


স্বচ্ছ প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ, ইতিবাচক ফলের প্রত্যাশা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচিত ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই নিয়োগ প্রক্রিয়া ছিল ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য, যা বিচার বিভাগের ওপর আস্থা ফিরিয়ে আনবে এবং মামলার জট কমাতে সহায়ক হবে।

আইন বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা মনে করছেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে বিচারক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও এবার পেশাদারিত্ব ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বলেন, “নিয়মিত প্র্যাকটিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম হয়নি। আমি বিশ্বাস করি, এই নিয়োগের ফলে মামলা জট কমবে এবং বিচার বিভাগ ইতিবাচক ফল ভোগ করবে।”

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, “আমার সহপাঠীসহ বহু অভিজ্ঞ আইনজীবী নিয়োগ পেয়েছেন। সততার সঙ্গে দায়িত্ব পালন করলে এ নিয়োগ দেশের বিচারব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এদিকে, সুপ্রিম কোর্টের বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মাদ শিশির ফেসবুকে লিখেছেন, “নবনিযুক্ত মাননীয় বিচারপতিদের অভিনন্দন। আশা করি, ন্যায়ের দণ্ড শক্তভাবে উচ্চকিত করবেন।”

নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় দেখা যায়, গত ২১ জানুয়ারি ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশের পর প্রধান বিচারপতিকে চেয়ারপারসন করে সাত সদস্যের একটি কাউন্সিল গঠিত হয়। এরপর ২৮ মে আবেদন আহ্বান করা হয়। মোট ৫৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি গত সোমবার (২৫ আগস্ট) সেই তালিকা অনুমোদন দিলে আইন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে এবং পরদিন মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান বিচারপতি নবনিযুক্তদের শপথবাক্য পাঠ করান।

তবে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে আপত্তিও তুলেছেন কয়েকজন আইনজীবী। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. পারভেজ হোসেন অভিযোগ করেছেন, “দেশের প্রায় ৩০০ জন আইনজীবী সিভি জমা দিলেও কেবল ৫৩ জনকে ডাকা হয়েছে। অনেক যোগ্য প্রার্থীকে উপেক্ষা করা হয়েছে।” তিনি জানান, গাইডলাইনবিহীন এ প্রক্রিয়া বন্ধ না হলে তারা আইনি পদক্ষেপ নেবেন।

বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়াল ৯০ জনে। তবু এখনো প্রায় ৬ লাখ মামলা বিচারাধীন রয়েছে। আর আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি। ফলে নতুন বিচারকদের নিয়োগ বিচারব্যবস্থার গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগ সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই নিয়োগকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়, প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারক নিয়োগে পৃথক কমিশন গঠন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপন এবং বাণিজ্যিক আদালত সম্প্রসারণ। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা আরও শক্তিশালী হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তিন নেতার বৈঠক

শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা, বৈঠকে অগ্রগতি হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা, বৈঠকে অগ্রগতি হয়নি

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি বিশ্বরাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বৈঠকের পর শান্তির বার্তা দেওয়া হলেও ট্রাম্প কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অনেকটাই পিছিয়ে রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাণিজ্য ও শুল্ক সম্পর্ক স্থিতিশীল করার উদ্দেশ্যে তিনি বৈঠকে অংশ নিয়েছিলেন, কিন্তু এসব বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

বৈঠকের পূর্বে ট্রাম্প উল্লেখ করেছিলেন যে, তিনি শি ও পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে চান। তবে বৈঠকের ফলাফল নির্দেশ করে যে, আপাতত সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। বিশ্লেষকদের মতে, তিন নেতার বৈঠক বিশ্বরাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা করলেও সংকট নিরসনে কার্যকর কোনো সমাধান আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ত্রিপক্ষীয় বৈঠকের ‘কেন্দ্রীয় বিষয়’ ছিল না। তবে ট্রাম্প ও পুতিনের দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউক্রেনের কোনো প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন না। এর ফলে যুদ্ধবন্দিদের মুক্তি, প্রত্যর্পণ কিংবা যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ট্রাম্পের অর্জন সীমিত। তিন দেশ পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো সময়সীমা, যাচাইব্যবস্থা কিংবা বাধ্যতামূলক চুক্তির ঘোষণা আসেনি।

ওয়াশিংটনভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষকরা আগেই সতর্ক করেছিলেন, ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হতে চীনের অনীহা রয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক ছোট। ফলে এ বিষয়ে বড় কোনো সমঝোতায় বেইজিংয়ের আগ্রহ সীমিত।

বাণিজ্যিক দিক থেকে কিছুটা স্বস্তির পথ দেখতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্কযুদ্ধের উত্তেজনা কমাতে যে প্রচেষ্টা শুরু হয়েছিল, তা সাময়িকভাবে থেমে ছিল। আগামী জানুয়ারিতে এ অস্থিরতার অবসান হওয়ার কথা। তবে ব্রুকিংসের মূল্যায়ন অনুযায়ী, শীর্ষ বৈঠকে বাণিজ্য নিয়ে আলোচনা বাস্তব ফলাফলের চেয়ে প্রতীকী গুরুত্বই বেশি বহন করতে পারে। কারণ, দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে, শেনজেনে অনুষ্ঠিত এই বিরল ত্রিপক্ষীয় বৈঠক বিশ্বরাজনীতিতে সম্ভাবনার একটি জানালা খুলে দিয়েছে। তাদের মতে, বৈঠকটি কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর একটি সুযোগ তৈরি করেছে। যদিও যৌথ শান্তি ঘোষণায় ইউক্রেন যুদ্ধের অবসানে সুনির্দিষ্ট রোডম্যাপ, যুদ্ধবিরতির প্রস্তাব কিংবা পারমাণবিক অস্ত্র কমানোর সময়সীমা নেই। ফলে বিশ্ব এখনো স্থায়ী শান্তি বা সংকট নিরসনের কোনো নিশ্চয়তা পায়নি।

আল জাজিরা ও সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ ঘোষণায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, তেল-গ্যাস উৎপাদন বাড়ানো, পারমাণবিক ঝুঁকি কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এসব প্রতিশ্রুতির বেশিরভাগই রাজনৈতিক অঙ্গীকার; কোনো বাধ্যতামূলক চুক্তি নয়।

কী চান পুতিন

আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, বৈঠকে পুতিনের সবচেয়ে বড় অর্জন রাজনৈতিক বৈধতা ও কূটনৈতিক মর্যাদা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো তাকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে একই টেবিলে বসার মাধ্যমে তিনি আবারও বিশ্বরাজনীতির শীর্ষ পর্যায়ে নিজের অবস্থান জানান দিয়েছেন।

পুতিনের লক্ষ্য হলো, ইউক্রেন যুদ্ধের সমাধান ইউক্রেন ও ইউরোপকে পাশ কাটিয়ে বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে করা। ব্রুকিংসের বিশ্লেষকদের মতে, এই বৈঠকের পর ইউক্রেনের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে, দেশটির যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বড় শক্তিগুলোই প্রধান ভূমিকা নিতে পারে।

একই সঙ্গে জ্বালানি রপ্তানি বাড়িয়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চান পুতিন। বৈঠক-পরবর্তী ক্রেমলিনের বিবৃতিতে তিন দেশের তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর কথা বলা হয়েছে। এটি রাশিয়ার জন্য অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধা তৈরি করতে পারে।

ভিন্ন হিসাব শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বৈঠককে বৈশ্বিক নেতৃত্বে চীনের অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে নিয়েছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে একই মঞ্চে আনার মাধ্যমে বিশ্বরাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে বেইজিংয়ের গুরুত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি।

শি ‘শীতল যুদ্ধের মানসিকতা’ পরিহার করে বন্ধুত্ব ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তবে এর পেছনে চীনের কৌশলগত হিসাবও স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে নিজেদের প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বেইজিং। একই সঙ্গে নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত স্বার্থও সুরক্ষিত রাখতে চায় দেশটি।

তবে ব্রুকিংসের বিশ্লেষকদের মতে, শি’র জন্য ঝুঁকিও রয়েছে। বৈঠকের সাফল্য এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আংশিকভাবে চীনের ওপরও পড়বে। কিন্তু অনিশ্চিত ফলাফলের কোনো বৈঠকের দায় নিতে সাধারণত সতর্ক থাকে বেইজিং। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে শি সহযোগিতার পক্ষে অবস্থান নিলেও তা ছিল সীমিত পরিসরে।

স্বাভাবিক হবে কি বিশ্ব পরিস্থিতি?

তিন নেতার বৈঠক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। এর মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, পারমাণবিক সংঘাতের ঝুঁকি এড়ানো এবং কূটনৈতিক যোগাযোগ বাড়ানো। কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইউক্রেনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে বিশ্ব জ্বালানিবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে জ্বালানির অবাধ ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে এসব সংঘাতের রাজনৈতিক সমাধান জরুরি ছিল। কিন্তু শেনজেন বৈঠকে সে বিষয়ে কোনো কার্যকর অগ্রগতি হয়নি।

অন্যদিকে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে, বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে ইউক্রেন, তাইওয়ান ও ইউরোপের নিরাপত্তা নিয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে। ব্রুকিংসের বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক তৎপরতা ইউক্রেন ও তাইওয়ানের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। একই সঙ্গে জাপান, তাইওয়ান ও ইউরোপের মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য অন্যের ওপর নির্ভরতা কমিয়ে সামরিক সক্ষমতা বাড়ানোর পথে হাঁটতে পারে।

ব্রুকিংসের বিশ্লেষক জোনাথন সিনের মতে, এই বৈঠক থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে সহজে কোনো ইতিবাচক ফল আসবে না। শি ও পুতিন ট্রাম্পকে কূটনৈতিকভাবে সম্মান দেখালেও নিজেদের স্বার্থ আদায়ে তারা বেশি মনোযোগী থাকতে পারেন।

রায়ান হ্যাসের মূল্যায়ন অনুযায়ী, এই বৈঠক থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন পুতিন। শি পেয়েছেন মিশ্র সুবিধা। অন্যদিকে ট্রাম্পের জন্য সম্ভাবনার চেয়ে ঝুঁকিই বেশি।

স্কট মুরের মতে, এই বৈঠক যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে এক ‘অকল্পনীয় জোটের’ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। এমন সমীকরণ পশ্চিমা জোট ও উদার আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে।

অন্যদিকে কনস্টানৎসে স্টেলৎসেনমুলারের মতে, ইউক্রেন ও ইউরোপকে আলোচনার বাইরে রেখে কোনো স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব নয়।

সব মিলিয়ে শেনজেনের বৈঠক বিশ্বরাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেও ট্রাম্পের প্রধান লক্ষ্যগুলো এখনো অধরাই রয়ে গেছে। পুতিন পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি, শি জিনপিং পেয়েছেন বৈশ্বিক নেতৃত্ব প্রদর্শনের সুযোগ। কিন্তু ইউক্রেন যুদ্ধের অবসান, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কিংবা আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শান্তির প্রত্যাশা এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।

সূত্র: ব্রুকিংস ইনস্টিটিউশন, আলজাজিরা ও সিবিএস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য প্রকাশিত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার দিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%