বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩২ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২ হাজার ৫৪৮টি মামলা দায়ের করেছে।
বুধবার, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এবং এসব মামলা রেকর্ড করে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০৩টি মামলা, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৪০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৯টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৮৯টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪২টি মামলা হয়েছে।
অভিযানের সময় ৭২২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারত সফরের শেষ দিনে রাজকীয় অভ্যর্থনা পেলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বুধবার (১৮ নভেম্বর) মুম্বাইয়ের আন্ধেরিতে পরিচালক ও প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর অফিসে প্রবেশ করেন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস।
সেখানে নির্মাতা করণ জোহর এবং পতৌদি পরিবারের ‘নবাব’ দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রিন্স উইলিয়াম ধর্মা প্রোডাকশনসের অফিসে প্রায় ৪৫ মিনিট সময় কাটান। তার সম্মানে ২০০১ সালের সুপারহিট সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর জনপ্রিয় গানের সঙ্গে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, করণ জোহর পরিচালিত এই সিনেমাটির বড় একটি অংশের শুটিং ব্রিটেনে হয়েছিল।
প্রিন্স উইলিয়ামের সঙ্গে সাক্ষাতের পর করণ জোহর উচ্ছ্বসিত হয়ে বলেন, প্রিন্স উইলিয়ামকে স্বাগত জানানো তার জন্য পরম সৌভাগ্য এবং সম্মানের বিষয়। তিনি আরও বলেন, ‘উনি অত্যন্ত বিনয়ী ও অমায়িক। ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন আঞ্চলিক ভাষার ভারতীয় সিনেমা যেভাবে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে, তা নিয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন। এমন আন্তরিক একজন মানুষের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগল।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রিন্স উইলিয়ামের 'আর্থশুট প্রাইজ' অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনাও করেন করণ জোহর। ওই অনুষ্ঠানে অভিনেত্রী আলিয়া ভাট, সোনম কাপুরসহ বহু আন্তর্জাতিক তারকা উপস্থিত ছিলেন।
যখন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস বলিউড তারকাদের সঙ্গে আড্ডায় ব্যস্ত, তখন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন পৌঁছে যান মুম্বাইয়ের শতাব্দীপ্রাচীন নওরোসজি ওয়াদিয়া মেটারনিটি হাসপাতালে। সেখানে সদ্যোজাত মায়েদের সঙ্গে কথা বলে তিনি শুভেচ্ছা জানান।
এর আগে বুধবার সকালে রাজদম্পতি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত ‘চাণক্য স্কুল অব ক্রাফট’ পরিদর্শন করেন। সেখানে ভারতীয় ঐতিহ্যবাহী বুনন ও এমব্রয়ডারি শিল্পের প্রশিক্ষণ নেওয়া নারী শিল্পীদের কাজের প্রশংসা করেন তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের পর এই প্রথমবার যৌথভাবে তিন দিনের ভারত সফরে আসেন উইলিয়াম ও কেট। সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ে পা রেখে শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলা থেকে শুরু করে মেট্রো সফর— সব মিলিয়ে দারুণ সময় কাটানোর পর বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তাদের এই রাজকীয় সফর শেষ হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় চব্বিশের জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলাম (২১) হত্যার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের প্রাক্তন সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন, বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুলাই আন্দোলন চলছিল।
এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলি করে।
এতে জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন।
পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু ঘটে।
এই ঘটনার পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শামীম আহম্মেদ (৩৪) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মনিহারপুর এমআর হাইস্কুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শামীম ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার তথ্যও পুলিশ পেয়েছে। শামীম আহম্মেদ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শাহাদত হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শামীম আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির জিআর নম্বর ৩৩৪/২০২৬। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিহারপুর এমআর হাইস্কুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের রেকর্ডপত্র যাচাই করে জানা গেছে, ২০২৩ সালের ২১ আগস্ট সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার এফআইআর নম্বর ৫২ এবং জিআর নম্বর ৫৭৭। মামলাটিতে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ৬২৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শামীম আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশের রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
‘আমার ভাইয়ের রগ কাটা, মাথায় গুলি; আমার সোনার টুকরো ভাই। আমার ভাই এই রহম লম্বা (হাত উঁচু করে দেখিয়ে)। সেই ভাই চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।’
এই কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জ্যোতি ইয়াসমিন (২৭)। তিনি বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার শিকার হয়ে নিহত সোহেলের ছোট বোন।
সোহেল রানা নড়াইলের কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সোহেলের বাড়িতে সাংবাদিকরা গিয়েছিলেন। এ সময় তাদের সঙ্গে কথা হয় জ্যোতির। উল্লেখিত কথাগুলো বলার পর তিনি কিছুক্ষণ কান্না সংবরণের চেষ্টা করেন। এরপর তিনি আবার বলেন, ‘আমার কিচ্ছু লাগবে না, যারা আমাকে ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো বোন এই রহম ভাইহারা না হয়।’
বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোডাউনে হামলা হয়। হামলায় বিএনপির দুই নেতা নিহত হন।
নিহত অপরজন হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছে। এ সময় পেছন দিক থেকে তাদের ওপর অতর্কিতে হামলা হলে শাহিন মোল্যা ও সোহেল রানা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় দুজনের মৃত্যু হয়।
হামলায় আরো আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিতে হামলা করা হয়। এ সময় হামলাকারীরা দুজনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তারা দুজন মারা যান।
এদিকে, হামলায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি ইদ্রিস আলী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ