বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৫ পি.এম
‘আমার ভাইয়ের রগ কাটা, মাথায় গুলি; আমার সোনার টুকরো ভাই। আমার ভাই এই রহম লম্বা (হাত উঁচু করে দেখিয়ে)। সেই ভাই চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।’
এই কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জ্যোতি ইয়াসমিন (২৭)। তিনি বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার শিকার হয়ে নিহত সোহেলের ছোট বোন।
সোহেল রানা নড়াইলের কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সোহেলের বাড়িতে সাংবাদিকরা গিয়েছিলেন। এ সময় তাদের সঙ্গে কথা হয় জ্যোতির। উল্লেখিত কথাগুলো বলার পর তিনি কিছুক্ষণ কান্না সংবরণের চেষ্টা করেন। এরপর তিনি আবার বলেন, ‘আমার কিচ্ছু লাগবে না, যারা আমাকে ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো বোন এই রহম ভাইহারা না হয়।’
বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোডাউনে হামলা হয়। হামলায় বিএনপির দুই নেতা নিহত হন।
নিহত অপরজন হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছে। এ সময় পেছন দিক থেকে তাদের ওপর অতর্কিতে হামলা হলে শাহিন মোল্যা ও সোহেল রানা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় দুজনের মৃত্যু হয়।
হামলায় আরো আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিতে হামলা করা হয়। এ সময় হামলাকারীরা দুজনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তারা দুজন মারা যান।
এদিকে, হামলায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি ইদ্রিস আলী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা, যৌন সহিংসতা এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার বিষয়ক প্রমাণ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) পেয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় নেদারল্যান্ডসের হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি রায়টি ঘোষণা করছেন।
আইসিজে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে জানায়, তারা কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে অধিকার ক্ষুণ্নের শিকার হয়েছে। সেনাবাহিনীর সমর্থনে বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, ২০১৭ সালের অভিযানে হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর নৃশংসতা ঘটেছে এবং বাংলাদেশে পালানোর সময় হামলার ঘটনা ঘটেছে।
আইসিজের বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালীন নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তিনি আরও বলেন, রাখাইনের বিভিন্ন অঞ্চলে নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে আটক করা ও মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের প্রমাণ আদালত পেয়েছে।
বিচারক যোগ করেন, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা। বাংলাদেশে পালিয়ে আসার সময় বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপরও হামলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ১ হাজার ৬১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬১৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জনে পৌঁছেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ৬৫৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩১১ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১১৫ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ এবং জনবল সংকট সমাধানের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্বখাতে নতুন পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ উদ্দেশ্যে মোট ছয়টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগামী রোববার সভা আহ্বান করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ শাখা থেকে গত মঙ্গলবার একটি নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভবন নম্বর-৩-এর ৩০৩ নম্বর সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।
সভায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩ হাজার ৬৯৩টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ১ হাজার ৮১৪টি এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২ হাজার ৫৭৫টি পদ রাজস্বখাতে সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই তিনটি হাসপাতালে মোট ৮ হাজার ১২২টি পদ সৃজনের প্রস্তাব রয়েছে।
এছাড়া, দেশের ৩৬টি জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলা কীটতত্ত্ববিদ এবং চারটি বিভাগে বিভাগীয় কীটতত্ত্ববিদের জন্য ৪০টি পদ সৃজনের প্রস্তাবও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, দিনাজপুর, বাগেরহাট, লালমনিরহাট, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, পঞ্চগড়, কক্সবাজার, গোপালগঞ্জ, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ঝালকাঠি ও সাতক্ষীরা জেলা সদর ও জেনারেল হাসপাতালের জন্য রাজস্বখাতে পদ সৃজনের বিষয়েও আলোচনা হবে।
এছাড়া, চট্টগ্রামের পটিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন পদ সৃজনের প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে রাজস্বখাতে পদ সৃজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবগুলো সভায় পর্যালোচনা করার পর পরবর্তী প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়ার মাধ্যমে পদ সৃজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে গোপালগঞ্জে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
মুসাদ্দিক বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার ফেসবুক পোস্টের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ