প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘আমার ভাইয়ের রগ কাটা, মাথায় গুলি; আমার সোনার টুকরো ভাই। আমার ভাই এই রহম লম্বা (হাত উঁচু করে দেখিয়ে)। সেই ভাই চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।’
এই কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন জ্যোতি ইয়াসমিন (২৭)। তিনি বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার শিকার হয়ে নিহত সোহেলের ছোট বোন।
সোহেল রানা নড়াইলের কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সোহেলের বাড়িতে সাংবাদিকরা গিয়েছিলেন। এ সময় তাদের সঙ্গে কথা হয় জ্যোতির। উল্লেখিত কথাগুলো বলার পর তিনি কিছুক্ষণ কান্না সংবরণের চেষ্টা করেন। এরপর তিনি আবার বলেন, ‘আমার কিচ্ছু লাগবে না, যারা আমাকে ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো বোন এই রহম ভাইহারা না হয়।’
বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোডাউনে হামলা হয়। হামলায় বিএনপির দুই নেতা নিহত হন।
নিহত অপরজন হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্যার ছেলে।
স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছে। এ সময় পেছন দিক থেকে তাদের ওপর অতর্কিতে হামলা হলে শাহিন মোল্যা ও সোহেল রানা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসারত অবস্থায় দুজনের মৃত্যু হয়।
হামলায় আরো আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিতে হামলা করা হয়। এ সময় হামলাকারীরা দুজনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তারা দুজন মারা যান।
এদিকে, হামলায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি ইদ্রিস আলী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন