ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
চরভদ্রাসনে তারেক রহমানের জন্মদিন পালিত

চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন


চরভদ্রাসনে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উদযাপন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিএনপির উদ্যোগে শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এই বিশেষ উপলক্ষ্যে উপজেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার বাদ মাগরিব একটি অনারম্বর অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান শিকদার, এজিএম বাদল আমিন, ওবায়দুল বারী দিপু, মনজুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদ আল ফারুকী, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস, ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, কলেজ শাঁখা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জন্মদিনের এই অনুষ্ঠানে প্রথমে দোয়া, দরুদ, কোরআন খানি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম। মোনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় এবং দেশ পরিচালনার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। মোনাজাত শেষে উপজেলা বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে একটি অনারম্বর আয়োজনে জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে কেক খাইয়ে দিয়ে পরস্পরের মধ্যে সোহার্দ্যতা বৃদ্ধি করেন।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ভবেরচরস্থ অস্থায়ী কার্যালয় গজারিয়া প্রেসক্লাবের অফিসে এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির সদস্যরা নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরফিন এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় প্রেসক্লাবের নথিপত্র ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম নতুন কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরফিন ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, গজারিয়া প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য বজায় রাখা এবং উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে তাঁরা ক্লাবের সকল সদস্য, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগির হোসেন মিঞা, অর্থ সম্পাদক শাহদাত হোসেন সায়মন, দপ্তর সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, এবং কার্যকরী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর গজারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রসিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল কাদের মোল্লা। আলোচনা সভায় বক্তব্য দেন অনারারি লেফটেন্যান্ট (অব.) শিবনাথ বিশ্বাস, সার্জেন্ট (অব.) সিদ্দিকুর রহমান, সিনিয়র অফিসার (অব.) আব্দুল মমিন এবং কর্পোরাল (অব:) বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন। অনুষ্ঠানের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রসিদ বলেন, "সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।" মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে নান্দনিক মডেল মসজিদ উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ এম


নিকলীতে নান্দনিক মডেল মসজিদ উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল

গত শুক্রবার কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে নান্দনিক মডেল মসজিদের শুভ উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এই উপলক্ষে ২০ নভেম্বর জুমার নামাজের পূর্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা এড: মানিক মিয়া এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৫ নিকলী-বাজিতপুর আসনের সাংসদ শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি। তিনি বলেন, "২৪ আগস্টের পর সারা দেশের আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা এবং তাদের অগ্নি সন্ত্রাসীরা আত্মগোপনে ছিল। একটি অবাধ সুষ্ঠ সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন।"

তিনি আরও উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে হাঁটতে শুরু করেছে, তখন আওয়ামী লীগের বুকে জ্বালা ধরেছে। আন্দোলনের নামে লকডাউনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, থানায় হামলা করেছে, আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসীরা। এঁদের বিরুদ্ধে নিকলী-বাজিতপুরে কঠিন অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ এদেশের উন্নয়ন চায় না। সন্ত্রাসীদের জায়গা এ বাংলায় হবে না।"

এ সময় এমপি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আপনাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কেউ যেন অগ্নি সন্ত্রাস না করতে পারে। এরা আপনার আমার দেশ ও দশের শত্রু। প্রশাসনকে সহযোগিতা করবেন যাতে এসব অগ্নি সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়।"

পরে তিনি কামালপুরের সুন্দর মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং মসজিদে যাতায়াতের রাস্তাটি নির্মাণের ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মানিক, সাবেক সহসভাপতি এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম বাদল এবং নিকলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মেম্বার।

বাদ জুমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক বাবু তাপস সাহার নেতৃত্বে এমপি ষাইটধা হিন্দু সম্প্রদায়ের কীর্তন পরিদর্শনে যান। এ সময় সংসদ সদস্য ইকবাল হিন্দু সমাজের মানুষের নিরাপত্তার খোঁজখবর নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে নবান্নের আমেজ, সোনালি আমনে হাসি কিন্তু উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


টাঙ্গাইলে নবান্নের আমেজ, সোনালি আমনে হাসি কিন্তু উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

হেমন্তের ভোরে

শীতের আগমনের বার্তা প্রকৃতিতে ধরা পড়েছে শিশিরভেজা দুর্বাঘাস, হালকা কুয়াশার চাদর এবং মিষ্টি রোদের ঝিলিকের মাধ্যমে। টাঙ্গাইলের বিস্তীর্ণ ফসলি মাঠজুড়ে এখন মৃদু বাতাসে দোল খাচ্ছে পাকা আমন ধানের সোনালি শীষ। কোথাও ধান কাটার তোড়জোড় চলছে, আবার কোথাও কাটা ধান মাড়াই করা ও রোদে শুকিয়ে গোলায় তোলার কাজ করছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলার ব্যস্ততার পাশাপাশি খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েসের প্রস্তুতি চলছে, যা মিলিয়ে জেলা গ্রামীণ জনপদে আবহমান বাংলার নবান্ন উৎসবের আমেজ সৃষ্টি করেছে। তবে কৃষকদের মুখে হাসির পাশাপাশি উৎপাদন খরচের কারণে চিন্তার ছাপও দেখা যাচ্ছে। সার, বীজ ও কীটনাশকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভালো ফলন পেয়েও লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন প্রান্তিক চাষিরা।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি বছর জেলায় ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অনুকূল পরিবেশের কারণে আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪৫০ হেক্টর বেশি। এ ছাড়া চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন। সরেজমিনে জেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পাকা ধানের মৌ মৌ গন্ধে চারপাশ মুখরিত। ধান কাটা ও মাড়াইকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফসল ঘরে তোলার এই কাজের জন্য পুরুষদের পাশাপাশি কৃষাণীরাও সমানতালে শ্রম দিচ্ছেন। মাঠে কর্মরত একাধিক কৃষাণীর সঙ্গে কথা বলে জানা যায়, ধান কাটা, মাড়াই ও রোদে শুকানো পর্যন্ত তাদের হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। তবে গোলায় নতুন ধান ওঠার আনন্দে সব ক্লান্তি নিমেষেই মিলিয়ে যায়। সারা বছরের ভাতের জোগান নিশ্চিত করতে ধান সেদ্ধ করে সংরক্ষণের পাশাপাশি শীতকালীন পিঠা-পায়েস তৈরির জন্য আলাদাভাবে সেদ্ধ ছাড়া ধান রেখে দিচ্ছেন তারা।

প্রান্তিক কৃষকদের দাবি, নবান্নের প্রকৃত আনন্দ ধরে রাখতে এবং কৃষিকে বাঁচাতে হলে মৌসুমের শুরুতেই কৃষি উপকরণের বাজার কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। স্থানীয় কৃষক আনিসুর রহমান, আমজাদ আলী, মনির হোসেন, খোরশেদ আলম, আক্কাছ আলী সহ অনেকেই জানান, আমনের চারা রোপণের পর থেকে সার-কীটনাশক প্রয়োগ ও নিবিড় পরিচর্যার দীর্ঘ প্রতীক্ষা শেষে আসে এই কাঙ্ক্ষিত মৌসুম। মাঠের ধান সোনালি রং ধারণ করলে মণ আনন্দে ভরে ওঠে। নতুন ধান ঘরে ওঠার পরপরই বাড়ি বাড়ি শুরু হয় নবান্নের উৎসব। নতুন চালের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনদের আপ্যায়ন করা এ অঞ্চলের এক প্রাচীন ঐতিহ্য। পরিবারের সারা বছরের খোরাকির জন্য ধান রেখে অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করেই চলে তাদের সংসারের অন্যান্য ব্যয়। তবে নবান্নের এই আনন্দ-উৎসবের আড়ালেও লুকিয়ে আছে কৃষকের দীর্ঘশ্বাস। কৃষক আব্দুল কাদের মোল্লা, নাজমুল আলম, আব্দুল খালেক, আরশেদ আলী, আব্দুস সামাদ সহ অনেকেই আক্ষেপ করে জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু মৌসুমের শুরু থেকেই সার ও কীটনাশকের দাম ছিল আকাশছোঁয়া। তার ওপর প্রয়োজনের সময় বাজারে উপকরণের কৃত্রিম সংকট তৈরি করায় বাড়তি দামে সার-কীটনাশক কিনতে হয়েছে। এতে বিঘাপ্রতি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে বাম্পার ফলন হয়েও কাঙ্ক্ষিত লাভ না হওয়া এবং লোকসানের আশঙ্কা রয়েছে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ মাঠপর্যায়ের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানান, ইতোমধ্যে জেলার মোট আবাদকৃত জমির ২০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবং পুরো ধান কাটা শেষ হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%