মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
১১:০০ এম
কুমিল্লা সদর এলাকার একটি এতিমখানা মাদরাসা থেকে মো. ইয়াসিন (১৩) নামে এক হিফজ বিভাগের শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
নিখোঁজ ইয়াসিনের মামাতো ভাই পুলিশ সদস্য মো. রানা ও চাচা রমজান সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াসিন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে। সে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
ইয়াসিনের বাবা কামাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার সময় তার ছেলের পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি। ছেলেকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক ইজাজুল হক বলেন, ‘এতিমখানা থেকে সিহাব ও ইয়াসিন নামে দুই শিক্ষার্থী কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঢাকার তেজগাঁও এলাকা থেকে সিহাবকে উদ্ধার করে। তবে ইয়াসিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কাজ করছেন।
নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট থানা কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আড়াই বছরের একটি শিশুর, যার নাম জাবিদ জারিফ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের বেতলী গ্রামে ঘটে এই দুর্ঘটনা।
নিহত শিশুটি সৌদি আরবের প্রবাসী আহমদ আলীর পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় শিশু জাবিদ জারিফ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এ বিষয়ে জানান, ‘জাবিদ জারিফ নামে আড়াই বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’
এদিকে, শিশু জাবিদ জারিফের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় বেতলী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাবার শেষ ইচ্ছা ছিল যে তিনি নিজের পছন্দের স্থানে সমাহিত হবেন। তবে মৃত্যুর পর বড় ছেলে তিন ভাইবোনের কোনো কথাই শুনলেন না। বাকি ভাইবোনদের আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করে তিনি বাবাকে নিজের কাছে নিয়ে কবর দিয়েছেন। এই ঘটনা ঘটেছে গত ১৮ অক্টোবর রবিবার, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। পরিবার এবং স্থানীয় জনগণের দাবি, তাঁর মৃত্যুর আগে দেওয়া কথা অনুযায়ী যেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী এলাকার প্রয়াত খলিলুর রহমান একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। গত ১৮ অক্টোবর তাঁর মৃত্যুর পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এবং তাঁর নিজের শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর বড় ছেলে ওহাব জমাদ্দার বাকি তিন ভাইবোনের কোনো মতামত বা অনুরোধের তোয়াক্কা করেননি। তিনি একক সিদ্ধান্তে বাবার মরদেহ নিজের নিয়ন্ত্রণে নিয়ে অন্য জায়গায় দাফন সম্পন্ন করেন। এই ঘটনার পর খলিলুর রহমানের স্ত্রী, বাকি দুই মেয়ে এবং অন্য এক সন্তান তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বড় ভাই ওহাব জমাদ্দার কেবল তাঁদের আবেগকে আঘাত করেননি, বরং একজন বীর মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছার চরম অবমাননা করেছেন।
তার মেয়ে শেফালী বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাবা বেঁচে থাকতে তাঁর শেষ ইচ্ছার কথা আমাদের বলে গিয়েছিলেন। আমরা সব ভাইবোন মিলে বাবার সেই ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম। কিন্তু বড় ভাই আমাদের কোনো কথাই শুনলেন না। তিনি জোরপূর্বক বাবাকে নিজের কাছে নিয়ে কবর দিলেন। আমরা এই একনায়কতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাচ্ছি।”
তার আরেক সন্তান আব্দুর রব জমাদ্দার বললেন, “বাবা বেঁচে থাকতে বলেছিলেন তার মৃত্যুর পর তাকে যেন এলাকার গোরস্থানে কবর দেওয়া হয়। আমরা সবাই তাই চেয়েছিলাম। কিন্তু বাবার শেষ ইচ্ছা আমার বড় ভাই পূরণ করতে দেয়নি। আমরা চাই আমার বাবাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে গোরস্থানে তার ইচ্ছার মতো কবর দেওয়া হোক। কারণ তাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই জায়গাটি খুব ভালো জায়গা না। আমার বাবার কবর এভাবে আমরা দেখতে চাই না।”
এলাকার বাসিন্দা হাজী ইমদাদুল হক বললেন, “আমরা শুনেছিলাম তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন বাড়ির পাশে গোরস্থানে কবর দেওয়া হয়। তবে সেই আশা তার বড় সন্তান পূরণ করতে দেয়নি। আমরা চাই এমন একজন বীর মুক্তিযোদ্ধার কবর যেন তার ইচ্ছামাফিক করা হয়।”
খলিলুর রহমানের স্ত্রী রুবিয়া বেগম বললেন, “আমার স্বামী মৃত্যুর আগে তার কবরের কথা গোরস্থানে যেন হয়, সেই কথা বলে গিয়েছিলেন। মৃত্যুর দিন তার লাশ জোর করে অন্যত্র নিয়ে কবর দিয়েছেন। এই কাজটি সঠিক হয়নি। তার ইচ্ছা থাকায় পরিবার ও এলাকাবাসী সবাই চেয়েছিল তার লাশ যেন গোরস্থানে কবর দেওয়া হয়।”
এদিকে তার বড় ছেলে ওহাব জমাদ্দার বললেন, “আমার বাবার এটা পুরান বাড়ি। সে এক সময় এই বাড়িতে বসবাস করতেন। আমি তার মৃত্যুর পরে তাকে তার সেই পুরাতন বাড়িতে নিয়ে এসে কবর দিয়েছি। এখন আমার ভাই-বোন মিথ্যা কথা বলছে।”
ফরিদপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পাখি বললেন, “তিনি বেঁচে থাকতে আমাদের কাছে বলে গিয়েছিলেন তাকে যেন গোরস্থানে কবর দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন আলিপুর গোরস্থানের কথা। তবে তার বড় ছেলে সেই আশা পূরণ করতে দেয়নি। তার লাশ নিয়ে একটা রাজনীতি হয়েছে। এটা আসলে আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আমাদের মুক্তিযোদ্ধা খলিল ভাই যেখানে তার ইচ্ছার কথা বলে গিয়েছিলেন সেখানেই যেন কবর দেওয়া হয়। প্রয়োজন এখন তার লাশ সেখান থেকে নিয়ে এসে প্রশাসন যেন তার মৃত্যুর আগে দেওয়া কথার বাস্তবায়ন করে দেন।”
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার কবর কেন এভাবে পারিবারিক বিরোধের মধ্য দিয়ে সম্পন্ন হলো, তা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেছেন তার মৃত্যুর আগে দেওয়া কথা যেন প্রশাসন উদ্যোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশ শিকারের সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে ২ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে। তাদের কাছ থেকে জব্দ করা ৯০ কেজি ইলিশ মাছ ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আটক দুই জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, জব্দকৃত প্রায় ৯০ কেজি ইলিশ ৫টি এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়েছে। অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অভিযান মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত হয়।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরসহ দেশের ২০টি জেলার নদ-নদী ও সাগরে ২২ দিনের জন্য সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৮ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এটি চলবে।
এই নিষেধাজ্ঞার সময় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী শাহনাজ আক্তার (৩৩) কে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্বামী আহসান উল্লাহ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আমবাগ থেকে তাঁকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন সোমবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
আজগর হোসেন জানান, আহসান উল্লাহ তার স্ত্রীর পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারি ঘটতো। এর ফলস্বরূপ, গত ৮ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ ঢাল এলাকার নিজ বাড়ির শয়নকক্ষে ধারালো ছুরি দিয়ে শাহনাজের গলা কেটে হত্যা করেন তিনি। হত্যার পর আহসান উল্লাহ পালিয়ে যান। নিহত শাহনাজ আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া এলাকার আলতাফ হোসেন সরদারের কন্যা। এ ঘটনায় তাঁর ভাই মো. আনোয়ার হোসেন (৩৯) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন আরও বলেন, পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আহসান উল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ