১১:৩৩ পি.এম
ম্যানচেস্টার সিটির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন আর্লিং হলান্ড। এই নরওয়েজিয়ান ইতোমধ্যে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পেপ গার্দিওলার বিদায় এবং এনজো মারেস্কার আগমনের পর, দলের আক্রমণভাগে হলান্ডের গুরুত্ব আরও বেড়ে গেছে। তবে বছরের শুরুতে ভালো শুরু করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিটিজেনদের ছন্দ হারানোর ঘটনা ঘটেছে। এরই মধ্যে, আর্থিক অনিয়মের বিরুদ্ধে শতাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় প্রিমিয়ার লিগের শাস্তির মুখে পড়তে পারে ক্লাবটি।
ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি দলের সেরা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এদের মধ্যে হলান্ডের নাম প্রথমে আসে। চলতি প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচে তিনি নয়টি গোল করেছেন। যদিও ২০৩৪ সাল পর্যন্ত সিটির সঙ্গে তার চুক্তি রয়েছে, তবে ক্লাব ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড।
এ বিষয়ে আলফ-ইঙ্গে বলেন, 'আমার মনে হয়, আপিলের রায় আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। দ্রুতই এর নিষ্পত্তি হতে পারে। তবে বর্তমানে সিটির বিরুদ্ধে সমর্থক, প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের একটি অংশ অবস্থান নিয়েছে। তাই আপিলের ফল কী হয়, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।'
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
তিনি আরও উল্লেখ করেন, 'সিটি বিশ্বাস করে, তাদের নির্দোষ প্রমাণ করার মতো শক্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আর্লিং (হলান্ড) এখন শুধু যত বেশি সম্ভব ফুটবল খেলার কথা ভাবছে এবং সেটিতেই মনোযোগ দিচ্ছে। আমার মনে হয়, মাঠের বাইরে আমরাই বিষয়টি নিয়ে একটু বেশি ভাবছি।'
অর্থনৈতিক অনিয়মের অভিযোগে যদি ম্যানচেস্টার সিটি বড় ধরনের শাস্তির মুখে পড়ে, তাহলে তারা অবনমনের ঝুঁকিতেও পড়তে পারে। এমন পরিস্থিতিতে হলান্ডকে দলে পেতে আগ্রহ দেখাতে পারে বিশ্বের বড় বড় ক্লাবগুলো।
নরওয়েজীয় এই তারকার নিজের পরবর্তী ক্লাব বেছে নেওয়ার সুযোগ থাকবে। তবে হলান্ডের বিশাল ট্রান্সফার ফি এবং আকাশছোঁয়া বেতন বহন করার সামর্থ্য খুব বেশি ক্লাবের নেই।
এমন পরিস্থিতিতে সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকতে পারে। দীর্ঘদিন ধরেই স্প্যানিশ ক্লাবটির হলান্ডকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে। পাশাপাশি, তাদের একজন স্বীকৃত নাম্বার নাইন স্ট্রাইকারের ঘাটতি রয়েছে।
আরও পড়ুন: আফ্রিদির উদ্যোগে ৭৫০ পরিবার পেল নিরাপদ আশ্রয়
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হলান্ডের জুটি গড়ে উঠলে ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন