শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৮ পি.এম
জয়পুরহাটের সদর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামের মধ্যে দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি ৪০ বছরেও পাকা হয়নি। এই কারণে তিন সহস্রাধিক মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয়দের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকার কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে লোকসানের সম্মুখীন হচ্ছেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চলাচলেও বিঘ্ন ঘটছে।
সরেজমিনে দেখা যায়, রামকৃষ্ণপুর থেকে কল্যাণপুর হয়ে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী লকমা গ্রামের জমিদারবাড়ি পর্যন্ত সড়কের মোট দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কটি কাদায় ভরে যায় এবং কোথাও কোথাও গভীর গর্ত সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের পাশাপাশি যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাভ্যান কিংবা পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিকল্প কোনো সড়ক না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে। অন্যদিকে আলু, ধানসহ বিভিন্ন কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় কৃষকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়ন হয় না। বারবার ইউনিয়ন পরিষদে জানিয়ে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও তারা কোনো কার্যকর সমাধান পাননি।
এ বিষয়ে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানো হয়েছে। একনেকের অনুমোদন পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ শুরু হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি তার অবস্থান বজায় রেখেছেন। খেলোয়াড়দের ইউনিয়ন বৃহস্পতিবার প্রকাশিত বেতনসংক্রান্ত তথ্যে উল্লেখ করেছে, আর্জেন্টাইন মহাতারকা বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার পারিশ্রমিক পান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শিকাগোর পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তালিকায় শীর্ষে থাকা মেসির পারিশ্রমিক গত বছরের তুলনায় প্রায় ৮০ লাখ ডলার বেড়ে গেছে। তবে এই হিসেবের মধ্যে কেবল ফুটবল খেলার জন্য পাওয়া পারিশ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। অন্যান্য উৎস থেকে তার আয় এতে অন্তর্ভুক্ত হয়নি।
গত বছর মেসি ইন্টার মায়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন।
চলতি বছরের শুরুতে শিকাগো ফায়ারে যোগ দেওয়া পোল্যান্ডের লিওয়ানদোস্কি ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এরপর রয়েছেন অরল্যান্ডোর ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান (১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিন (১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার) এবং আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো (১ কোটি ৮১ হাজার ডলার)।
এমএলএসের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিকের হিসাবে মায়ামি সবার ওপরে রয়েছে। ক্লাবটির মোট পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে থাকা শিকাগোর পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে আটলান্টা ইউনাইটেডের ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পারিশ্রমিক ৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার এবং পঞ্চম স্থানে এলএফসির ৩ কোটি ২৯১ লাখ ডলার।
লিগের মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিক প্রদান করে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। এই তালিকায় আরও রয়েছে স্পোর্টিং কানসাস সিটি (১ কোটি ৩৩ লাখ ডলার) এবং ডিসি ইউনাইটেড (১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার)।
প্রকাশিত হিসেবের তথ্য ৯ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। গ্রীষ্মকালীন দলবদলের সময় যোগ দেওয়া খেলোয়াড়দের পারিশ্রমিক বার্ষিক হিসাবে রূপান্তর করে হিসেব করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী রোববার (২৬ জানুয়ারি) গুলশান-২ গোলচত্বর এলাকায় যানজট এড়াতে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকল্প পরিচালকের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ অনুরোধটি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং পরিবেশবান্ধব গণপরিবহন উন্নয়নের উদ্দেশ্যে এমআরটি লাইন-৫ নর্দান রুটের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে গুলশান-২ মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলতে থাকবে।
এতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে গুলশান-২ গোলচত্বরের নির্দিষ্ট লেনে যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ জনগণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিকল্প পথ ব্যবহারের জন্যও অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি কাজ চলাকালীন যেকোনো সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
যাত্রীরা এই সময়ে গুলশান-২ এলাকা এড়িয়ে বনানী, বারিধারা বা হাতিরঝিল সংলগ্ন রাস্তাগুলো ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় সময়ের আগে বের হলে যানজট এড়ানো সহজ হবে বলেও জানানো হয়েছে।
ঢাকা শহরে পরিবহন ব্যবস্থার আধুনিকায়নের এই উদ্যোগটি যানজট কমানোর পাশাপাশি নগরবাসীর চলাচলে দীর্ঘমেয়াদে স্বস্তি আনবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে তা সরকারের বাইরে গিয়ে করতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের কার্যক্রমে হস্তক্ষেপ না করার জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। তাঁর বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট শেয়ার করার পর প্রকাশিত হয়।
আসিফ মাহমুদ তাঁর পোস্টে উল্লেখ করেন, “সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা। উপদেষ্টাদের কেউ যদি রাজনীতি করতে চান, তবে তাকে সরকার থেকে বের হয়েই তা করতে হবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করাও অনুচিত। সরকারের পেশাদারিত্ব রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আসিফ মাহমুদ স্ট্যাটাস দেওয়ার আগে উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে নাহিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে এক–এগারো সরকারের ইঙ্গিত বলে উল্লেখ করেন।
নাহিদের পোস্ট শেয়ার করার সময় আসিফ ক্যাপশনে লেখেন, “প্রফেশনালিজম (পেশাদারত্ব) রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না। তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।”
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, তাহলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।”
এই বক্তব্যের পর নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। উভয়ের বক্তব্যে সরকারের নিরপেক্ষতা রক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে এবং রাজনৈতিক সংযোগ বা চাপ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে।
আসিফ মাহমুদ তাঁর পোস্টে উপদেষ্টাদের দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “সরকারের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইল জেলা অটোরিক্সা, অটো টেম্পো, সিএনজি কেন্দ্রীয় গোর-’ান বেবিস্ট্যান্ড শাখার শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
বৃহস্পতিবার সকালে প্রায় ৩০০ দরিদ্র শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্না, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর শ্রমিক দলের সভাপতি আব্দুল হালিম, বেবিষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মনোয়ার হোসেন, এবং বেবিষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
ফরহাদ ইকবাল বলেন, "মাঘ মাসের হাড়কাঁপা শীতে দরিদ্র থেকে মধ্যবিত্তরা চরম কষ্টে আছে। এই কষ্ট থেকে বাঁচার জন্য তাদের পাশে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে শীতবস্ত্র বিতরণ করতেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ