প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাটের সদর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও কল্যাণপুর গ্রামের মধ্যে দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি ৪০ বছরেও পাকা হয়নি। এই কারণে তিন সহস্রাধিক মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয়দের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকার কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে লোকসানের সম্মুখীন হচ্ছেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চলাচলেও বিঘ্ন ঘটছে।
সরেজমিনে দেখা যায়, রামকৃষ্ণপুর থেকে কল্যাণপুর হয়ে পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী লকমা গ্রামের জমিদারবাড়ি পর্যন্ত সড়কের মোট দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কটি কাদায় ভরে যায় এবং কোথাও কোথাও গভীর গর্ত সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের পাশাপাশি যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাভ্যান কিংবা পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিকল্প কোনো সড়ক না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে। অন্যদিকে আলু, ধানসহ বিভিন্ন কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় কৃষকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়ন হয় না। বারবার ইউনিয়ন পরিষদে জানিয়ে এবং জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও তারা কোনো কার্যকর সমাধান পাননি।
এ বিষয়ে জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানো হয়েছে। একনেকের অনুমোদন পাওয়া মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন