শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৩ পি.এম
নোয়াখালীর সোনাপুর থেকে কোম্পানীগঞ্জে বাড়ী ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান রাসেল(৩৮) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সোনাপুর-বসুরহাট সড়কের কবিরহাট বাজারের পশ্চিমে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
নিহত রাসেল কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুহুরী বাড়ির রফিকুল্লাহর পুত্র। তিনি মধ্যপ্রাচ্য থেকে কয়েক বছর আগে দেশে ফিরে আসেন এবং পুনরায় প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য সোহরাব উদ্দিন জানান, বিকেলে রাসেল সোনাপুর থেকে সিএনজিতে করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করে সিএনজি থেকে তিনি ছিটকে পড়েন। এসময় পিছন থেকে আসা আরেকটি সিএনজি রাসেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রাত ১০ টার দিকে রাসেলের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিষয়টি খুবই হৃদয়বিদারক।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, আতাউল হকের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
আতাউল হক দোলন আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার পিতা এ,কে এম ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের বাসিন্দা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য পরবর্তী সম্পর্কের জটিলতা কাটিয়ে নতুন করে সম্পর্ক পুনর্গঠনের (রিসেট) পথে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং আন্তোনিও কোস্টার সঙ্গে বৈঠকে মিলিত হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ২০২৫ সালের শীর্ষ সম্মেলনের 'স্থিতিশীল ভিত্তি'-র ওপর ভিত্তি করে এই আলোচনায় খাদ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ এবং যুব গতিশীলতা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আলোচনায় যেসব চুক্তি ও প্রস্তাব
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ব্রাসেলসের এই বৈঠকে তিনটি প্রধান খাতে অগ্রগতির দিকে নজর দেওয়া হচ্ছে।
খাদ্য বাণিজ্য ও নিয়ন্ত্রণ: খাদ্যপণ্য বাণিজ্যে বিদ্যমান নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ শিথিল বা অপসারণ করা গেলে বছরে প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ অর্থনৈতিক সুফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুব গতিশীলতা: সম্ভাব্য যুব গতিশীলতা চুক্তির আওতায় ১ লাখ পর্যন্ত তরুণ-তরুণীকে বিদেশে কাজ বা অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
কার্বন নিঃসরণ ও বাণিজ্য: নিঃসরণ বাণিজ্য (এমিশনস ট্রেডিং) সংক্রান্ত একটি সম্ভাব্য সমঝোতার মাধ্যমে ইস্পাতের মতো পণ্যকে কার্বন সীমান্ত শুল্ক থেকে পারস্পরিক অব্যাহতি দেওয়ার পথ তৈরি হতে পারে।
অমীমাংসিত বিষয় ও রাজনৈতিক চাপ
সম্পর্ক জোরদারের উদ্যোগ থাকলেও দুই পক্ষের মধ্যে এখনো বেশ কিছু মতবিরোধ রয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন চায় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউ শিক্ষার্থীদের 'হোম ফি' বা স্থানীয় শিক্ষার্থীদের সমান হারে টিউশন ফি সুবিধা দেওয়া হোক। অন্যদিকে, লন্ডন আপাতত 'উল্লেখযোগ্যভাবে কমানো' ফির বিষয়ে রাজি হলেও ইইউ-এর 'মেড ইন ইউরোপ' নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি তুলেছে।
এর আগে চলতি সপ্তাহে বার্নহ্যাম মন্তব্য করেন যে ২০১৬ সালের গণভোটের পর ব্রেক্সিট থেকে যুক্তরাজ্য যা পেয়েছে, হারিয়েছে তার চেয়ে বেশি—যা তিনি একটি 'স্পষ্ট সত্য' হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে ব্রেক্সিটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ও সম্ভাব্য পুনঃসংযোগ নিয়ে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যেখানে ব্রেক্সিটপন্থি কয়েকটি গোষ্ঠী নতুন নামে আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ তার ভাই ও ভাবির বিরুদ্ধে উঠেছে। গচ্ছিত রাখা এক ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটে। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) এবং তার স্ত্রী রিনা বেগম (২৪)।
পিবিআই জানায়, ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের পাত্রী দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরদিন মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, প্রায় তিন মাস আগে আলমগীর তার ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরের অজান্তে ওই স্বর্ণালঙ্কার থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তারা। বিষয়টি জানার পর স্বর্ণ ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন জাহাঙ্গীর ও রিনা। পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে কালিনগর এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধরের একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তারা।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোণা, ২০ নভেম্বর, ২০২৬ : সারাদেশে সহিংসতা, অগ্নিসন্ত্রাস এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ নেত্রকোণায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নেত্রকোণা’র উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম রুহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
ডা. আনোয়ারুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি আগামী ৫ বছর সরকারেও থাকবে, রাজপথেও থাকবে। জনগণের অধিকার ও জানমাল রক্ষায় বিএনপি গত ১৭ বছর রাজপথ ছেড়ে যায়নি, যাবেও না।’
ডা. আনোয়ারুল হক আরও উল্লেখ করেন, ‘যারা নেত্রকোণাকে গোপালগঞ্জ বানানোর স্বপ্ন দেখছেন, তারা সাবধান হয়ে যান। নেত্রকোণার মাটিতে কোনো ধরণের সন্ত্রাস কিংবা অন্যায়ের রাজনীতি বরদাশত করা হবে না। জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই।’
সভাপতির বক্তব্যে গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।’
সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত আন্দোলনের জেলা আমির মুফতি আব্দুল বারী, জেপি নেতা অ্যাড. মাহফুজুল হক, জমিয়ত নেতা মো. আবুল বাসার, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবু সায়েম খান, জাতীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা রতন সরকার, এনসিপি নেতা শুভ, খেলাফত মজলিস নেতা জাকির হোসাইন, ইব্রাহিম খলিল ও মোহাম্মদ জাকির হোসাইন।
বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ