প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ তার ভাই ও ভাবির বিরুদ্ধে উঠেছে। গচ্ছিত রাখা এক ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ার কারণে এ হত্যাকাণ্ড ঘটে। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই ঘটনায় নিহতের ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিবিআই মুন্সীগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), নিহতের ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) এবং তার স্ত্রী রিনা বেগম (২৪)।
পিবিআই জানায়, ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের পাত্রী দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। ১৭ নভেম্বর সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে ১৮ নভেম্বর সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরদিন মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। তদন্তভার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, প্রায় তিন মাস আগে আলমগীর তার ভাই জাহাঙ্গীর ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রাখেন। পরে আলমগীরের অজান্তে ওই স্বর্ণালঙ্কার থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তারা। বিষয়টি জানার পর স্বর্ণ ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়। সালিসে স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে সহযোগিতার জন্য সাদ্দামকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন জাহাঙ্গীর ও রিনা। পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে কালিনগর এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধরের একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তারা।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন