বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৮ পি.এম
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে দারিদ্র্যকে অতিক্রম করা সম্ভব, তার একটি উজ্জ্বল উদাহরণ হলো শেরপুরের নারী উদ্যোক্তা আজেদা বেগম। একসময় অভাব-অনটনের মধ্যে দিন কাটাতে হলেও, তিনি মাত্র একটি গরু দিয়ে খামার শুরু করে বর্তমানে ১৪টি দেশি-বিদেশি গরুর মালিক হয়েছেন। আজেদা বেগমের এই সাফল্য এখন এলাকার অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
আজেদা বেগম শেরপুরের শ্রীবরদী উপজেলার আটকান্দা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. আমিনুল ইসলাম। একসময় তাঁদের সংসারে ছিল চরম আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন থেকে মাত্র ২ লাখ টাকা ঋণ নিয়ে একটি গরু পালনের মাধ্যমে খামারের যাত্রা শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলেন ১৪টি গরুর খামার। বর্তমানে খামারের চারটি গাভির দুধ বিক্রি করে নিয়মিত আয় করছেন তিনি।
আজেদা বেগমের সাফল্যের খবর পেয়ে গত ১৬ নভেম্বর শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন শ্রীবরদী উপজেলার আটকান্দা গ্রামে তাঁর খামার পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, "মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করে আজেদা বেগম ১৪টি দেশি-বিদেশি গরুর খামার গড়ে তুলেছেন। তাঁর খামারের গরুর বর্জ্য ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস পরিবারের রান্নার জ্বালানির চাহিদা পূরণ করছে। পাশাপাশি খামার থেকে অর্জিত আয় তাঁকে আর্থিক স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা এনে দিয়েছে।"
জেলা প্রশাসক আজেদা বেগমের অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্য নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।
আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তার ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, "শেরপুর জেলার ঘরে ঘরে সফল নারী উদ্যোক্তা দেখতে চাই। এ জন্য নারী খামারিদের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন পাশে থাকবে।"
জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিনের এ উদ্যোগে স্থানীয় অনেক নারী গরুর খামার গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
খামার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান।
আজেদা বেগমের এই সাফল্য প্রমাণ করে, সুযোগ, শ্রম ও দৃঢ় মনোবল একত্র হলে একজন নারীও নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরে আজও (বৃহস্পতিবার) শ্রমিকরা বিক্ষোভে অংশগ্রহণ করছে। তারা লাঠিসোঁটা হাতে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করেছে।
সালনা, মাস্টারবাড়ি, শ্রীপুর এলাকায় শ্রমিকদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই অঞ্চলের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার শ্রমিক আন্দোলন ছিল চান্দনা চৌরাস্তা, ভোগরা ও সাইনবোর্ড এলাকায়। তবে বৃহস্পতিবার সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও সদর উপজেলার কয়েকটি স্থানে শ্রমিকরা আন্দোলনে নামে। পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নিয়েছে, ফলে ওই মহাসড়কে যানচলাচল বর্তমানে বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে নামার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে। আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে, তবে সংখ্যা পরে জানানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হৃদরোগ যে কোনো বয়সে হানা দিতে পারে, এমনকি চল্লিশের কোঠায় থাকা ব্যক্তিদের পাশাপাশি বিশ বা ত্রিশের কোঠায় থাকা তরুণরাও এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। জীবনযাপনের অনিয়ম যেমন হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, তেমনই আবহাওয়ার পরিবর্তনও ঝুঁকিকে অনেকটা বাড়িয়ে দেয়। বিশেষ করে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।
হৃদরোগ রাতারাতি ঘটে না। হৃৎপিণ্ডের ছন্দ হারানোর সংকেত আগে থেকেই পাওয়া যায়। শীতের সময় রক্তনালি দ্রুত সংকুচিত হয়ে যায়, ফলে বিপদও দ্রুত আসতে পারে।
রক্তনালির সংকোচন
সুস্থ মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে ৬০ থেকে ৮০ বার অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত পাম্প করে, যা শরীরের কোষে পৌঁছে দেয়। এই পাম্পিং প্রক্রিয়া সচল রাখতে হৃৎপিণ্ডের নিজস্ব পেসমেকার থাকে, যাকে সাইনাস নোড বা এসএ নোড বলা হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ সুশান্ত মুখোপাধ্যায় জানাচ্ছেন, সাইনাস নোডের কাজ হলো হৃৎস্পন্দন তৈরি করা। এটি ২৪ ঘণ্টা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে, যার ফলে হৃৎস্পন্দন স্বাভাবিক থাকে এবং বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু এই প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে হৃৎস্পন্দন অনিয়মিত হতে শুরু করে। শীতে রক্তনালি সংকুচিত হওয়ার কারণে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হয়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হৃৎস্পন্দনে পরিবর্তন আসতে পারে, যা বিপদের ঝুঁকি তৈরি করে।
রক্ত জমাট বাঁধার প্রবণতা
কম তাপমাত্রার কারণে রক্তে থাকা প্লেটলেট এবং রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনগুলোর (যেমন ফাইব্রিনোজেন) ঘনত্ব ও কার্যকারিতায় কিছুটা পরিবর্তন ঘটে। ঠান্ডায় রক্ত কিছুটা ঘন হয়ে যায়, ফলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বৃদ্ধি পায়। যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, পরিবারে হৃদরোগের ইতিহাস আছে কিংবা কোলেস্টেরল বেশি, তাদের জন্য এই সময় রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।
হরমোনের পরিবর্তন
ঠান্ডায় শরীর থেকে অ্যাড্রেনালিন ও নর-অ্যাড্রেনালিনের মতো হরমোন অতিরিক্ত নিঃসৃত হয়। এসব হরমোন রক্তনালিকে আরও সংকুচিত করে এবং হৃৎস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। এর ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের রক্তে শর্করা ও রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে এই ঝুঁকি আরও বেড়ে যায়।
সূত্র: আনন্দবাজার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন নানা প্রয়োজনে হাজারো মানুষ জেলা শহরে আসেন। সরকারি-বেসরকারি দপ্তরে কাজ, জমির দলিল নিবন্ধন, চিকিৎসা, কেনাকাটা কিংবা অন্যান্য প্রয়োজনে মানুষের পদচারণায় মুখর হয়ে থাকে নরসিংদী পৌর শহর। কিন্তু এত মানুষের সমাগম সত্ত্বেও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পর্যাপ্ত গণশৌচাগার নেই। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।
এমন পরিস্থিতিতে আজ ১৯ নভেম্বর দেশে পালিত হচ্ছে বিশ্ব শৌচাগার দিবস। প্রতিবছর দিবসটি পালন করা হয় বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট এবং মানসম্পন্ন টয়লেটের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে। পয়ঃনিষ্কাশনের সংকট নিরসনে পদক্ষেপ নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই দিনটি গুরুত্বপূর্ণ। নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়, যা জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।
জানা যায়, নরসিংদী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরটিএসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তরগুলো এ পৌর শহরে অবস্থিত। এছাড়া রয়েছে বড় বাজার, বাসস্ট্যান্ড, বিপণিবিতান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন নানা কাজে আসেন বিপুলসংখ্যক মানুষ। অথচ তাদের জন্য প্রয়োজনীয় গণশৌচাগারের ব্যবস্থা নেই।
নরসিংদী পৌরসভার তথ্য অনুযায়ী, নরসিংদী পৌর শহরে বর্তমানে গণশৌচাগার রয়েছে মাত্র পাঁচটি। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট এলাকায় একটি, নতুন বাসস্ট্যান্ডে দুটি এবং বড় বাজার এলাকায় দুটি। তবে সংখ্যায় কম হওয়ার পাশাপাশি এসব শৌচাগারের ব্যবহারও নির্দিষ্ট সময় ও এলাকার মধ্যে সীমাবদ্ধ। জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকার শৌচাগারটি মূলত অফিস সময়ের মধ্যে ব্যবহার করা যায়। বাসস্ট্যান্ডের শৌচাগারগুলোতে যাত্রীরা ও পরিবহন সংশ্লিষ্টরা ব্যবহার করে। অন্যদিকে বড় বাজারের শৌচাগার দুটি বাজারকেন্দ্রিক এবং বাজার চলাকালীন সময়েই বেশি ব্যবহারযোগ্য। ফলে শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকায় চলাচল করা মানুষের জন্য জরুরি প্রয়োজনে শৌচাগার ব্যবহারের সুযোগ অনেক কম।
বিশেষ করে সদর উপজেলা মোড়, ডিসি রোড, লাইব্রেরি পট্টি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশে এ সংকট বেশি দেখা যায়। শৌচাগার না পেয়ে জরুরি প্রয়োজনে অনেকে স্থানীয় মসজিদ, মার্কেট, হোটেল-রেস্তোরাঁ কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের চেষ্টা করেন। তবে সব জায়গায় সেই সুযোগ মেলে না। কোথাও কর্তৃপক্ষের অনুমতি মেলে না, কোথাও আবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। পুরুষেরা কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও নারীদের জন্য তা আরো কঠিন। দীর্ঘ সময় প্রস্রাব-পায়খানার বেগ চেপে রাখতে বাধ্য হওয়ায় শারীরিক অস্বস্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
এছাড়া নির্দিষ্ট স্থান না থাকায় অনেকেই রাস্তার পাশে, ড্রেনের ধারে, খোলা জায়গায় কিংবা মানুষ চলাচল কম কোনো গলিতে মলমূত্র ত্যাগ করছেন। এতে শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং দুর্গন্ধে পথচারীদের চলাচল দায় হয়ে পড়েছে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে, তার ওপর গণশৌচাগারের এই সংকট জনদুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।
নরসিংদী সদর উপজেলা মোড়ে একটি কম্পিউটারের দোকানে জমির চুক্তিনামার খসড়া দলিল লিখতে আসা আরিফ মিয়া বলেন, ‘আমি সকালে মাধবদী থেকে সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে আসি। সেখানে কাজ শেষে একটি দোকানে চুক্তিনামার খসড়া লিখতে বসেছি। বাড়ি থেকে আসার পরপরই প্রস্রাবের চাপ অনুভব হয়। কিন্তু আশপাশে কোনো শৌচাগার না থাকায় যেতে পারিনি। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। শেষ পর্যন্ত আর চাপ ধরে রাখতে না পেরে একটি সরু গলিতে গিয়ে প্রয়োজন সেরেছি। ডিসি রোডের আশপাশে গণশৌচাগার থাকলে এমন সমস্যায় পড়তে হতো না।’
শহরের লাইব্রেরি পট্টিতে বই কিনতে আসা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কফিল উদ্দিন বলেন, ‘বছরের প্রথম দিকে বই কিনতে লাইব্রেরি পট্টিতে এসেছিলাম। আসার পরপরই হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু আশপাশে কোনো পাবলিক টয়লেট না থাকায় যেতে পারিনি। শেষ পর্যন্ত চাপ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে। জীবনের সেই অভিজ্ঞতা খুবই বিব্রতকর ছিল।’
জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট এলাকায় অবস্থিত গণশৌচাগারের ইজারাদার হাবিবুর রহমান বলেন, ‘এটি সরকারের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় প্রতিদিন অনেক মানুষের ভিড় থাকে। কিন্তু আমাদের শৌচাগারটিতে মাত্র চারটি টয়লেট রয়েছে। ফলে প্রতিনিয়ত মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সীমাবদ্ধতার কারণে চাইলেও সবাইকে প্রয়োজনীয় সেবা দিতে পারি না। প্রতিদিন এখানে প্রায় ১ হাজার ২০০ মানুষ শৌচাগার ব্যবহার করেন। শৌচাগারের সংখ্যা বেশি হলে ব্যবহারকারীর সংখ্যাও আরো বাড়ত।’
সুজন সুশাসনের জন্য নাগরিক নরসিংদীর সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, পৌর কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবেই দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না। জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে নরসিংদী পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক ও পরিচ্ছন্ন গণশৌচাগার নির্মাণ এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং রাস্তার পাশে এই গণশৌচাগার অত্যাবশ্যক। এছাড়া, ফুটপাতগুলোও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা আবশ্যক। ফুটপাতে নিয়মিত বসা অবৈধ দোকানগুলো অপসারণ করা একান্ত আবশ্যক।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নরসিংদী পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, পাবলিক টয়লেট আসলেই প্রয়োজনীয় একটি বিষয়। পৌর শহরে পাবলিক টয়লেটের আরো চাহিদা রয়েছে। জনগণের কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহ, ১৯ নভেম্বর, ২০২৬ : পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলুকে। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী নাশকতার অভিযোগে তার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরের দিকে, তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এনামুল হক নিলু হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর পুত্র। বর্তমানে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজারের মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনার পর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেছেন, "গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় অ্যাড. এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ