প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন নানা প্রয়োজনে হাজারো মানুষ জেলা শহরে আসেন। সরকারি-বেসরকারি দপ্তরে কাজ, জমির দলিল নিবন্ধন, চিকিৎসা, কেনাকাটা কিংবা অন্যান্য প্রয়োজনে মানুষের পদচারণায় মুখর হয়ে থাকে নরসিংদী পৌর শহর। কিন্তু এত মানুষের সমাগম সত্ত্বেও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পর্যাপ্ত গণশৌচাগার নেই। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।
এমন পরিস্থিতিতে আজ ১৯ নভেম্বর দেশে পালিত হচ্ছে বিশ্ব শৌচাগার দিবস। প্রতিবছর দিবসটি পালন করা হয় বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট এবং মানসম্পন্ন টয়লেটের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে। পয়ঃনিষ্কাশনের সংকট নিরসনে পদক্ষেপ নিতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই দিনটি গুরুত্বপূর্ণ। নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়, যা জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।
জানা যায়, নরসিংদী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরটিএসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তরগুলো এ পৌর শহরে অবস্থিত। এছাড়া রয়েছে বড় বাজার, বাসস্ট্যান্ড, বিপণিবিতান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন নানা কাজে আসেন বিপুলসংখ্যক মানুষ। অথচ তাদের জন্য প্রয়োজনীয় গণশৌচাগারের ব্যবস্থা নেই।
নরসিংদী পৌরসভার তথ্য অনুযায়ী, নরসিংদী পৌর শহরে বর্তমানে গণশৌচাগার রয়েছে মাত্র পাঁচটি। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট এলাকায় একটি, নতুন বাসস্ট্যান্ডে দুটি এবং বড় বাজার এলাকায় দুটি। তবে সংখ্যায় কম হওয়ার পাশাপাশি এসব শৌচাগারের ব্যবহারও নির্দিষ্ট সময় ও এলাকার মধ্যে সীমাবদ্ধ। জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকার শৌচাগারটি মূলত অফিস সময়ের মধ্যে ব্যবহার করা যায়। বাসস্ট্যান্ডের শৌচাগারগুলোতে যাত্রীরা ও পরিবহন সংশ্লিষ্টরা ব্যবহার করে। অন্যদিকে বড় বাজারের শৌচাগার দুটি বাজারকেন্দ্রিক এবং বাজার চলাকালীন সময়েই বেশি ব্যবহারযোগ্য। ফলে শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকায় চলাচল করা মানুষের জন্য জরুরি প্রয়োজনে শৌচাগার ব্যবহারের সুযোগ অনেক কম।
বিশেষ করে সদর উপজেলা মোড়, ডিসি রোড, লাইব্রেরি পট্টি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশে এ সংকট বেশি দেখা যায়। শৌচাগার না পেয়ে জরুরি প্রয়োজনে অনেকে স্থানীয় মসজিদ, মার্কেট, হোটেল-রেস্তোরাঁ কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের চেষ্টা করেন। তবে সব জায়গায় সেই সুযোগ মেলে না। কোথাও কর্তৃপক্ষের অনুমতি মেলে না, কোথাও আবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। পুরুষেরা কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও নারীদের জন্য তা আরো কঠিন। দীর্ঘ সময় প্রস্রাব-পায়খানার বেগ চেপে রাখতে বাধ্য হওয়ায় শারীরিক অস্বস্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
এছাড়া নির্দিষ্ট স্থান না থাকায় অনেকেই রাস্তার পাশে, ড্রেনের ধারে, খোলা জায়গায় কিংবা মানুষ চলাচল কম কোনো গলিতে মলমূত্র ত্যাগ করছেন। এতে শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং দুর্গন্ধে পথচারীদের চলাচল দায় হয়ে পড়েছে। শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে, তার ওপর গণশৌচাগারের এই সংকট জনদুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।
নরসিংদী সদর উপজেলা মোড়ে একটি কম্পিউটারের দোকানে জমির চুক্তিনামার খসড়া দলিল লিখতে আসা আরিফ মিয়া বলেন, ‘আমি সকালে মাধবদী থেকে সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে আসি। সেখানে কাজ শেষে একটি দোকানে চুক্তিনামার খসড়া লিখতে বসেছি। বাড়ি থেকে আসার পরপরই প্রস্রাবের চাপ অনুভব হয়। কিন্তু আশপাশে কোনো শৌচাগার না থাকায় যেতে পারিনি। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। শেষ পর্যন্ত আর চাপ ধরে রাখতে না পেরে একটি সরু গলিতে গিয়ে প্রয়োজন সেরেছি। ডিসি রোডের আশপাশে গণশৌচাগার থাকলে এমন সমস্যায় পড়তে হতো না।’
শহরের লাইব্রেরি পট্টিতে বই কিনতে আসা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কফিল উদ্দিন বলেন, ‘বছরের প্রথম দিকে বই কিনতে লাইব্রেরি পট্টিতে এসেছিলাম। আসার পরপরই হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু আশপাশে কোনো পাবলিক টয়লেট না থাকায় যেতে পারিনি। শেষ পর্যন্ত চাপ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে। জীবনের সেই অভিজ্ঞতা খুবই বিব্রতকর ছিল।’
জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট এলাকায় অবস্থিত গণশৌচাগারের ইজারাদার হাবিবুর রহমান বলেন, ‘এটি সরকারের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় প্রতিদিন অনেক মানুষের ভিড় থাকে। কিন্তু আমাদের শৌচাগারটিতে মাত্র চারটি টয়লেট রয়েছে। ফলে প্রতিনিয়ত মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সীমাবদ্ধতার কারণে চাইলেও সবাইকে প্রয়োজনীয় সেবা দিতে পারি না। প্রতিদিন এখানে প্রায় ১ হাজার ২০০ মানুষ শৌচাগার ব্যবহার করেন। শৌচাগারের সংখ্যা বেশি হলে ব্যবহারকারীর সংখ্যাও আরো বাড়ত।’
সুজন সুশাসনের জন্য নাগরিক নরসিংদীর সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, পৌর কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবেই দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না। জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে নরসিংদী পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক ও পরিচ্ছন্ন গণশৌচাগার নির্মাণ এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং রাস্তার পাশে এই গণশৌচাগার অত্যাবশ্যক। এছাড়া, ফুটপাতগুলোও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা আবশ্যক। ফুটপাতে নিয়মিত বসা অবৈধ দোকানগুলো অপসারণ করা একান্ত আবশ্যক।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নরসিংদী পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, পাবলিক টয়লেট আসলেই প্রয়োজনীয় একটি বিষয়। পৌর শহরে পাবলিক টয়লেটের আরো চাহিদা রয়েছে। জনগণের কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন