বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০৬ পি.এম
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ঘটে গেছে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই ঘটনার সূত্রপাত ঘটে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'সকালে বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপির বাড়িতে এসে ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেয়।'
বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, আজ সকালে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়ির সামনে 'বিক্ষুব্ধ জনতা' মিছিল নিয়ে অবস্থান নেয়। এ সময় তার বাড়ির দিকে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তবে, এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এর আগে, গত রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তারও আগে, গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নভেম্বর মাস আসলেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। তাদের কাছে পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বেড়িবাঁধের উপর কোনো ভরসা নেই। প্রাকৃতিক দুর্যোগের সময় এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে তারা তাদের সবকিছু হারিয়ে ফেলে। তাই তারা টেকসই বেড়িবাঁধের দাবি জানাচ্ছেন। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ষাটের দশকের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের অস্তিত্ব স্বীকার করেছেন, তারা জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলের মানুষের মধ্যে আতঙ্কের অবসান ঘটবে।
অতীতে অক্টোবর ও নভেম্বর মাসে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বেশ কিছু মারাত্মক ও মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।
২০১৯ সালের ৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের বাংলাদেশ অংশে, বিশেষ করে দুবলার চর, হিরণ পয়েন্ট এবং খুলনা-সাতক্ষীরা উপকূলে আঘাত করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। একইভাবে, ঘূর্ণিঝড় সিডর ২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবনসহ দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে যায়। ঘূর্ণিঝড় ‘সিডর’ ছিল অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক, যার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার, যা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটায়। অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাং এবং রেশমি আঘাত হেনেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রিয়াল মাদ্রিদ তাদের একজন প্রতিভাবান তরুণ ফুটবলারের ভবিষ্যৎ নিশ্চিত করেছে। ক্লাবটি তুরস্ক জাতীয় দলের তারকা আরদা গুলেরের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। স্প্যানিশ জায়ান্টরা আগামী কয়েক মাসে আরও কিছু খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ২১ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার গুলেরের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি। নতুন চুক্তির আওতায়, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে তার থাকার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গুলেরের পূর্ববর্তী চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে তার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।
নতুন চুক্তির ফলে গুলেরের ভবিষ্যৎ নিয়ে চলমান নানা জল্পনার অবসান ঘটেছে। চলতি মৌসুমে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা এই ফুটবলার সম্পর্কে ক্লাবের আস্থা আরও সুস্পষ্ট হয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে ফেনারবাচে থেকে মাদ্রিদে যোগ দেন গুলের। তার প্রতিভা নিয়ে শুরু থেকেই প্রত্যাশা ছিল অনেক। তবে চোট এবং সীমিত খেলার সুযোগের কারণে ক্যারিয়ারের শুরুতে কিছু কঠিন সময় পার করতে হয়েছে তাকে।
সাম্প্রতিক মাসগুলোতে গুলেরের উন্নতি নজর কাড়ছে। ভিশন, পাসের নির্ভুলতা ও গোলের সুযোগ তৈরির দক্ষতায় তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ব্রেকথ্রু প্লেয়ার বা উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কারও গুলের অর্জন করেছেন। গত সেপ্টেম্বর মাসে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আনোয়ারা এলাকায় চাতুরী চৌমুহনীতে ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বক্সের ভিতরে থাকা কিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে।
চাতুরী চৌমুহনী এলাকার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ আশিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাতে দায়িত্ব পালন শেষে তারা ট্রাফিক বক্স ত্যাগ করেন। পরবর্তীতে ফজরের সময় এসে বক্সের ভিতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় ছিল এবং ভিতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনার পর থেকে তারা সেখানে দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়েছেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট আটজনকে আটক করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে যুব উন্নয়ন পরিষদের সহায়তায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিন ব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ সোমবার সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার ১১ নভেম্বর সকালে জেলা সদরের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আঙিনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। যুব উন্নয়ন পরিষদ এবং মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী জানান, “ইতিহাসের আলোকে ১১ নভেম্বর একটি ঐতিহাসিক বিশ্লেষণ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়। আঞ্চলিক ইতিহাসের উপস্থাপনাও করা হয়। সেইসাথে গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং প্রয়াতদের স্মরণে দুয়া করা হয়। একই সঙ্গে এতদাঞ্চলের ৩০ জন বেকার যুব ও যুব নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে ৭ দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত আলী। দিবসের শুভ উদ্বোধন করেন মহিনন্দ ইউনিয়ন জুলাইযোদ্ধা হাফেজ মাও জুনাইদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মো: ফিরোজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি শফিক কবীর, মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার, ইউপি সদস্য কামাল উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, জামায়াত নেতা আবু বকর রেনু, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, কৃষক ক্লাবের স্বাধীন মিয়া, মাহবুব আলম প্রমুখ।
পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখায় সাংবাদিক শফিকুল ইসলাম নাঈম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় অধ্যক্ষ ইসরাঈল মিয়া, মহিনন্দের সাহিত্য সংস্কৃতিতে শিল্পী নিরব রিপন, সমাজ সেবায় সদর সমাজ সেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনিরকে সম্মাননা স্মারক ২০২৫ প্রদান করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী যুব কল্যাণ সংস্থা যুব উন্নয়ন পরিষদের দায়িত্বশীলগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী যুব উন্নয়ন পরিষদটি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবক আমিনুল হক সাদী। তিনি এ সংগঠনের মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও যুবদের কল্যাণে যুব নেতৃত্ব বিকাশে অসামান্য অবদান রেখে আসছেন। প্রায় তিন হাজার বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণের আওতায় এনেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ