বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১১ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের জামিনের আদেশের পর তিনি কারামুক্ত হন।
৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর, সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানোর পর তার জামিন আবেদন দুই দফায় নাকচ হয়ে যায়। প্রথমে ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এবং পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।
এরপর সিফাতের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। সেই আদেশের ভিত্তিতে বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
এদিকে, সিফাতের আইনজীবীরা দাবি করেছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার কোনো মন্তব্যের উল্লেখ নেই। তারা অভিযোগ করেছেন যে, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। উল্লেখ্য, সিফাত রাজধানীর আদমজী ক্যানটনমেন্ট কলেজের শিক্ষার্থী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, চীনা বাদাম ও মুগডালের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে কৃষি অফিস এবং উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ১০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.এইচ. এম ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. আদনান আক্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন শাহ আলম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক। জানা যায়, প্রতি কৃষককে এক কেজি সরিষার বীজ, দশ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ৩০ জন কৃষকের প্রতিজনকে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ৫ কেজি মুগডালের বীজ এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয় বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
বাজিতপুর ও নিকলীতে গরুর বাজার
সরগরম
এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল;
বাজিতপুর, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর বাজারে প্রতি শনিবার গরুর হাট বসে। সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর এই গরুর হাট ১ লা বৈশাখ থেকে ৩১ শে চৈত্র পর্যন্ত বাজার ইজারা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সরারচর গরুর বাজারে বিভিন্ন ধরনের গরু চড়া দামে বিক্রি হচ্ছে বলে বাজার সূত্রে জানা গেছে। অন্যদিকে, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গরুর হাটে প্রচুর গরু উঠেছে বলে পাইকারদের কাছ থেকে জানা গেছে। তারা জানান, আজ বুধবার গরুর বাজার অন্যান্য বাজারের তুলনায় বেচাকেনা খুবই সরগরম। ইজারাদার সূত্রে জানা গেছে, অন্যান্য বাজারের তুলনায় আজ বুধবার বাজার খুবই ভালো। প্রতি ছোট গরুর দাম ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা, মাঝারি গরুর দাম ১ লক্ষ্য টাকা থেকে ১ লক্ষ্য ২০ হাজার টাকা এবং বড় গরুর দাম ১ লক্ষ্য ৫০ হাজার টাকা থেকে শুরু করে কয়েকলক্ষ টাকা দামে বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। তারা আরও বলেন, এই বাজারটি কয়েক কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা লাভের মুখ দেখতে পারেননি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ