ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অনলাইন জুয়া চক্রের তদন্তে পুলিশের নাটকীয়তা ও গ্রেফতারের কাণ্ড


অনলাইন জুয়া চক্রের তদন্তে পুলিশের নাটকীয়তা ও গ্রেফতারের কাণ্ড

পুলিশকে মোটা অংকের টাকা প্রদান করে অপরাধী নিজেই গ্রেফতার হন। তদন্তের নাটক এবং জামিন মঞ্জুরের ক্ষেত্রে কাজ করেন তদন্তকারী কর্মকর্তা। সময় সংবাদের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে যশোর জেলা পুলিশের অনলাইন জুয়া চক্র নিয়ে এমন তুঘলকি কাণ্ড।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, যখন রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন অপরাধ দমন করা সম্ভব হয় না।

এক হাতে প্রতিরোধ, অন্য হাতে রক্ষা

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন। একদিকে তিনি গ্রেফতার দেখিয়ে জুয়া চক্রের ৪ সদস্যকে আদালতে তুলছেন, অন্যদিকে তাদের জামিন ও রিমান্ড ঠেকানোর জন্য আইনজীবীও ঠিক করছেন নিজেই। সময় সংবাদে আসা একাধিক অডিওতে এই বিষয়ের প্রমাণ পাওয়া গেছে।

শুধু জামিনই নয়, গ্রেফতার হতে মামুনকে লাখ লাখ টাকা প্রদান করে জুয়া চক্রের সদস্যরা। তবে কেনো? আর কিসের নির্দেশে মামুন কাজ করছেন? অনুসন্ধানে মাঠে নামে সময় সংবাদ।

মামুনের নাটকীয় গ্রেফতারের অন্যতম আসামি তুষার ও তাপসকে ধরতে ওইদিনই যশোরে অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার দক্ষিণ।

মামলায় উল্লেখ করা হয়েছে, সেদিন রাতে দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম হোতা সাগর সিকদার মাদারীপুর থেকে ডিবির হাতে গ্রেফতার হন। তবে ভিপিএন ও প্রক্সি সাইটের নিয়ন্ত্রণ ডিভাইস ছিলো যশোরে তুষার ও তাপসের কাছে। তাই যশোর জেলা পুলিশকে অবহিত করে ডিবি যশোরের উদ্দেশ্যে রওনা করে।

আরও পড়ুন: বিপদে নেতাকর্মীদের ফেলে পালানোরা আর ফেরে না: পরিবেশ প্রতিমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরান বর্তমানে একটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ সম্মুখীন হচ্ছে, যা ‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়ে কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বক্তব্যটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বলেন, একটি গোষ্ঠী ‘দখলদার, নিপীড়ক ও জবরদস্তিকারী’ দেশটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছিল। তবে তিনি উল্লেখ করেন, ইরানের ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি মোকাবেলা করেছেন।

বৈঠকে তিনি আরও জানান, আসন্ন শীত মৌসুমে ইরানে বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর উদ্যোগে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে, ল্যাব উদ্বোধনের মাত্র দুদিন পর এই ঘটনা ঘটে। ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ছাত্রদলের নেতাকর্মীদের উপর অভিযোগ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে হলের ক্যারিয়ার সেন্টারে গিয়ে শিক্ষার্থীরা নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) শাহিনকে জানানো হয়।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "ডাকসুর উদ্যোগে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। গত বৃহস্পতিবার সলিমুল্লাহ মুসলিম হলে ল্যাবটি উদ্বোধন করা হয়। কিন্তু পরদিন রাতে নামফলকটি ভাঙচুর করা হয়েছে।" তিনি জানান, সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

ছাত্রদলকে দায়ী করে তিনি আরও জানান, "এর আগেও নামফলক ভাঙার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাই এ ঘটনায়ও তাদের দায়ী মনে হচ্ছে।" তিনি বিষয়টি হল প্রাধ্যক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন এবং হল সংসদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদও এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে ১০টি আধুনিক কম্পিউটার দেওয়া হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে ল্যাবের নামফলক ভেঙে ফেলা হয়েছে।" তিনি অভিযোগ করেন, "শিক্ষার্থীদের জন্য কেউ কাজ করলে তা নষ্ট করে দেওয়ার প্রবণতা থেকেই এ ঘটনা ঘটেছে।"

হল সংসদের এজিএস শাহিন জানান, বৃহস্পতিবার আসরের পর হলের ক্যারিয়ার সেন্টারের কম্পিউটার রুমটি নামফলকসহ উদ্বোধন করা হয়। শনিবার সকালে শিক্ষার্থীরা নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাকে জানান। তবে তিনি নিশ্চিত নন, রাতের অন্ধকারে কারা এটি ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, "বিষয়টি হল প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। রোববার অফিস খোলার পর লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।" সিসিটিভি ক্যামেরা না থাকায় এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুস সালাম গণমাধ্যমকে জানান, "নামফলক ভাঙচুরের বিষয়ে তিনি জানতে পেরেছেন। হলের এক শিক্ষার্থী শাহিন তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।"

ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।"

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম বলেন, "এ বিষয়টি নিয়ে আমাদের ঢালাওভাবে অভিযোগ করছে ছাত্রশিবির। যখনই আমি এটা জানতে পারলাম, তখনই হল ছাত্রদলকে নির্দেশনা দিয়েছি যে এটা দুঃখজনক এবং কেউ জেনে থাকলে আমাদের জানাতে।"

তিনি আরও বলেন, "বিগত দুদিন আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। ফলে এটি কি তারই বহিঃপ্রকাশ ঘটল কিনা বা শিবির প্রাসঙ্গিক থাকার জন্য নিজেরাই নিজে এটা ভাঙল কিনা তাও ভেবে দেখা দরকার। তথ্য প্রমাণ ছাড়া ঢালাওভাবে কারো বিরুদ্ধে অভিযোগ কেন করছে?"

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে হলভিত্তিক কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় সলিমুল্লাহ মুসলিম হলে ল্যাবটি স্থাপন করা হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এর উদ্বোধন করেন। ল্যাবটিতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১০টি আধুনিক কম্পিউটার স্থাপন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ব্যবস্থা নেবে ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ব্যবস্থা নেবে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগামী ১ ডিসেম্বর থেকে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করবে।

১ ডিসেম্বর সকাল থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হবে।

ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ করেছে যে, এর আগেই তারা এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করে নেবেন। নির্ধারিত সময়ের পর যদি কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন মন্তব্য করেছেন যে, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার এখনও দেখা যাচ্ছে। তিনি মনে করেন, চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বাসসকে জানিয়েছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

তিনি আরও বলেন, আইন অনুযায়ী যেসব যানবাহনে হুটার, বিকন লাইট এবং বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

আনিছুর রহমান উল্লেখ করেছেন যে, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন এবং সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে।

এতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। তাই রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরেও মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস এবং ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এই ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এই ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলায় চলে আসবে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের মন্তব্য করেছেন যে, যানবাহনে ব্যবহৃত উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শব্দের কারণে মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপ, বিরক্তি, অনিদ্রা, মাথাব্যথা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, হৃদরোগী এবং অসুস্থ মানুষের জন্য এ ধরনের শব্দ বেশি ক্ষতিকর। অন্যদিকে অনুমোদনহীনভাবে বিকন লাইট ব্যবহার সড়কে অপ্রয়োজনীয় আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব শিকাগোতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব শিকাগোতে

শিকাগো শহরের সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।

গত ২৩ সেপ্টেম্বর, শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস এই বিষয়টি নিয়ে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর প্রস্তাবটি পরিবহন ও পাবলিক ওয়ে কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে প্রস্তাবটি কাউন্সিলে পাসের সুপারিশ করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নামকরণ করা হবে বেগম খালেদা জিয়ার নামে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড এবং ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। এ জন্য শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা, শিক্ষা বিস্তারে উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের মানুষের সেবায় কয়েক দশক ধরে নিয়োজিত থাকার পাশাপাশি সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রস্তাবনায় মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করেছে বলে এতে উল্লেখ করা হয়।

এছাড়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিকাগোসহ যুক্তরাষ্ট্রের নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

অধ্যাদেশে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং তার পরিবারের প্রসঙ্গও এসেছে। এতে তার ছেলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মাধ্যমে তার উত্তরাধিকার অব্যাহত রয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা এবং দেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।

সড়কটির অবস্থান নির্বাচনের পেছনেও বাংলাদেশের সঙ্গে শিকাগোর একটি বিশেষ সংযোগ তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই ভবন শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। ভবনটির নকশা ও নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। তার উদ্ভাবনী প্রকৌশলকাজ আধুনিক শিকাগোর আকাশসীমা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ তার গণতন্ত্র, শিক্ষা, জনসেবা এবং আন্তর্জাতিক বন্ধুত্বে অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধার নিদর্শন হবে। এটি শিকাগো, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরবে।

প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার আওতায় সড়কটির নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবহন কমিশনারকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পর কার্যকর হওয়ার বিধান রাখা হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

সূত্র: শিকাগো সিটি কাউন্সিল পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%