০৫:০১ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর উদ্যোগে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে, ল্যাব উদ্বোধনের মাত্র দুদিন পর এই ঘটনা ঘটে। ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ছাত্রদলের নেতাকর্মীদের উপর অভিযোগ করেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে হলের ক্যারিয়ার সেন্টারে গিয়ে শিক্ষার্থীরা নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) শাহিনকে জানানো হয়।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "ডাকসুর উদ্যোগে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। গত বৃহস্পতিবার সলিমুল্লাহ মুসলিম হলে ল্যাবটি উদ্বোধন করা হয়। কিন্তু পরদিন রাতে নামফলকটি ভাঙচুর করা হয়েছে।" তিনি জানান, সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমনরুমের অভাবে দুর্ভোগে ছাত্রীরা
ছাত্রদলকে দায়ী করে তিনি আরও জানান, "এর আগেও নামফলক ভাঙার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাই এ ঘটনায়ও তাদের দায়ী মনে হচ্ছে।" তিনি বিষয়টি হল প্রাধ্যক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন এবং হল সংসদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদও এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে ১০টি আধুনিক কম্পিউটার দেওয়া হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে ল্যাবের নামফলক ভেঙে ফেলা হয়েছে।" তিনি অভিযোগ করেন, "শিক্ষার্থীদের জন্য কেউ কাজ করলে তা নষ্ট করে দেওয়ার প্রবণতা থেকেই এ ঘটনা ঘটেছে।"
হল সংসদের এজিএস শাহিন জানান, বৃহস্পতিবার আসরের পর হলের ক্যারিয়ার সেন্টারের কম্পিউটার রুমটি নামফলকসহ উদ্বোধন করা হয়। শনিবার সকালে শিক্ষার্থীরা নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাকে জানান। তবে তিনি নিশ্চিত নন, রাতের অন্ধকারে কারা এটি ভাঙচুর করেছে।
তিনি আরও বলেন, "বিষয়টি হল প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। রোববার অফিস খোলার পর লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।" সিসিটিভি ক্যামেরা না থাকায় এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: শুধু নীতিমালা নয়, তরুণদের জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন: হোসেন জিল্লুর
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুস সালাম গণমাধ্যমকে জানান, "নামফলক ভাঙচুরের বিষয়ে তিনি জানতে পেরেছেন। হলের এক শিক্ষার্থী শাহিন তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।"
ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।"
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম বলেন, "এ বিষয়টি নিয়ে আমাদের ঢালাওভাবে অভিযোগ করছে ছাত্রশিবির। যখনই আমি এটা জানতে পারলাম, তখনই হল ছাত্রদলকে নির্দেশনা দিয়েছি যে এটা দুঃখজনক এবং কেউ জেনে থাকলে আমাদের জানাতে।"
তিনি আরও বলেন, "বিগত দুদিন আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। ফলে এটি কি তারই বহিঃপ্রকাশ ঘটল কিনা বা শিবির প্রাসঙ্গিক থাকার জন্য নিজেরাই নিজে এটা ভাঙল কিনা তাও ভেবে দেখা দরকার। তথ্য প্রমাণ ছাড়া ঢালাওভাবে কারো বিরুদ্ধে অভিযোগ কেন করছে?"
আরও পড়ুন: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য উপবৃত্তির ঘোষণা
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে হলভিত্তিক কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় সলিমুল্লাহ মুসলিম হলে ল্যাবটি স্থাপন করা হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এর উদ্বোধন করেন। ল্যাবটিতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১০টি আধুনিক কম্পিউটার স্থাপন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন