ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সাভার-আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি


সাভার-আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন আবারও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ অবস্থায় শিল্পাঞ্চলের ৪০ থেকে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরই মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন এবং অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো

অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুর ১টা পর্যন্ত ৪০ থেকে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি তখন শান্ত ছিল। অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি

আরও পড়ুন: পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত স্থানে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুরে এক প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন, জিরানী এলাকায় দুই প্লাটুন, আশুলিয়ায় নয় প্লাটুন এবং জামগড়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের চন্দ্রায় এক প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন, মৌচাকে এক প্লাটুন, আমবাগ-কাটা এলাকায় এক প্লাটুন, কাশিমপুরে এক প্লাটুন, নাওজোরে এক প্লাটুন, ভোগড়া বাইপাসে এক প্লাটুন, গাছা এলাকায় এক প্লাটুন এবং সালনায় এক প্লাটুন বিজিবি রয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুলে দুই প্লাটুন, জালকুড়িতে দুই প্লাটুন, বিসিক শিল্পনগরীতে এক প্লাটুন, চাষাড়া মোড়ে এক প্লাটুন এবং কাঁচপুর সেতু ও শিমরাইলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক ফাহাদ আটক

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রাখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাজার ছাড়ছেন ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে ভারতীয় পোশাক রপ্তানিকারকরা দেশটির বাজারের ওপর নির্ভরতা কমানোর পদক্ষেপ নিচ্ছেন। বাণিজ্য চুক্তি থাকা সত্ত্বেও তারা একক বাজারের ওপর আগের মতো নির্ভরশীল হতে চান না। ব্যবসায়ীরা বর্তমানে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পর ভারতীয় পোশাক রপ্তানিকারকদের অনেক ক্রেতা পণ্য ক্রয়ের আদেশ বাতিল করেছেন, আবার কিছু ক্রেতা ছাড়ের দাবি করেছেন। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের মুনাফায় চাপ সৃষ্টি হয়েছে। এরপর থেকে অনেক প্রতিষ্ঠান বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে।

ভারতের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ক্রাফটের যুক্তরাষ্ট্রে বিক্রি একসময় মোট বিক্রির ৮৪ শতাংশ ছিল। বর্তমানে তা ১০ শতাংশের নিচে নেমে এসেছে। প্রতিষ্ঠানটি এখন যুক্তরাজ্য, ইউরোপ এবং ভারতের বাজারে অধিক পণ্য বিক্রি করছে।

এদিকে, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতের বস্ত্র, পোশাক ও গৃহসজ্জার পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্য বাজারগুলোতে রপ্তানি ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুল্ক নিয়ে অনিশ্চয়তা, পণ্য পরিবহনের বাড়তি খরচ এবং ক্রেতাদের মূল্যছাড়ের চাপে বিকল্প বাজার খোঁজা অত্যাবশ্যক হয়ে পড়েছে। একইসঙ্গে ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে সরকারি ভর্তুকি ও সহজে জমি পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে নতুন পোশাক কারখানা গড়ে উঠছে।

তবে, যুক্তরাষ্ট্রের বড় বাজার হওয়ায় রপ্তানিকারকরা সম্পূর্ণভাবে সেখানে ব্যবসা বন্ধ করতে চান না। তাদের উদ্দেশ্য হলো একক বাজারের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির ঝুঁকি মোকাবেলা করা।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৪৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৪৪ বাংলাদেশি

নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৪০ জন গ্রিস থেকে এবং চারজন সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন।

ইমিগ্রেশন পুলিশ এবং বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া নয়টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান এ বিষয়ে বলেন, "বুধবার সকালে ইউরোপ থেকে ৪৪ বাংলাদেশি ফেরত এসেছেন। তাদের সবাইকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।

শরিফুল হাসান উল্লেখ করেন, "লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এতদিন শীর্ষে ছিলেন।" এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম। এভাবে সমুদ্রপথে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন কঠোর হচ্ছে।

নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তিনি বলেন, "৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত ফল শূন্য। অথচ মানুষ ভাবছে যেমন তেমনভাবে ইউরোপে গেলেই সব সমস্যার সমাধান। এই ভ্রান্ত ধারণা ভাঙতে হবে।"

শরিফুল জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একজন রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করেছেন। তাই বিদেশগামীদের আরও সচেতন হতে হবে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যেতে হবে।

এর আগে, ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল বলে ব্র্যাক জানিয়েছে।

বাংলাদেশ সরকার ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ফিরেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, ইউরোপও বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রসঙ্গে সংসদে বক্তব্য রেখেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, "প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি। এখন শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে মন্ত্রণালয় থেকে করবে।"

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।"

সরকার স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রেখেছে। তিনি জানান, "কেউ সত্যিকার অর্থে শিক্ষানুরাগী হলে তিনি এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"

শিক্ষামন্ত্রী আরো বলেন, "বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল।" তিনি উল্লেখ করেন, "এছাড়া স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল।" মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

অর্থাৎ, প্রকৃত শিক্ষানুরাগী হলে বিএ পাশ না থাকলেও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা সম্ভব। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলায় বিদ্যুৎ ও পানিহীন ইউক্রেনের একাধিক অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


রাশিয়ার হামলায় বিদ্যুৎ ও পানিহীন ইউক্রেনের একাধিক অঞ্চল

রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে সহায়তা প্রদানকারী একাধিক বিদ্যুৎ উপকেন্দ্র এবং সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবাহী জাহাজে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস (TASS) নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনীয় সামরিক বাহিনীর রসদ সরবরাহ ও প্রতিরক্ষা শিল্পকে সচল রাখার জন্য জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে এসব ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ভোলনোগোর্স্কে ৩৩০ কেভি (kV) এবং পলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ১৫৪ কেভি ক্ষমতার দুটি প্রধান বৈদ্যুতিক উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিভ অঞ্চলের পেরিয়াসলাভ ও ইয়াগোতিনে দুটি ১১০ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

একই সময়ে, কৃষ্ণসাগরের ওডেসা উপকূলের উত্তর-পূর্বে ইউক্রেনীয় বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী একটি বাল্ক কার্গো জাহাজ এবং জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসার পূর্বে দ্বিমুখী ব্যবহারের (Dual-use) পণ্যবাহী আরও একটি কার্গো জাহাজ রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেন জুড়ে ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ সংকটের চিত্র ফুটে উঠেছে। ইউক্রেনের রাজ্য জরুরি সেবা সংস্থা জানিয়েছে, কিরোভোগ্রাদ অঞ্চলের গোলোভানেভস্কি জেলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

পলতাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিটালি ডিয়াকভনিচ জানান, পলতাভস্কি জেলার একটি জ্বালানি কেন্দ্র এবং ক্রেমেনচুকের একটি শিল্প প্রতিষ্ঠানে সরাসরি আঘাত লেগেছে। হামলার পর পলতাভার একটি বড় অংশজুড়ে বিদ্যুৎ ও পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান অ্যালেক্সান্ডার গানঝা নিশ্চিত করেছেন যে, ক্রিভয় রগ ও ভোলনোগোর্স্ক শহরের বেশ কয়েকটি অবকাঠামো এবং শিল্পপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: তাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%