০৫:৩০ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার প্রবণতা রয়েছে। প্রশাসনের নতুন আইন অনুসারে, যদি প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ না করা হয়, তবে বেজমেন্টকে বসবাসের উপযোগী অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দেওয়ার ফলে বাড়ির মালিকরা বড় ধরনের আর্থিক জরিমানা ও আইনি ঝুঁকির সম্মুখীন হতে পারেন।
অবৈধভাবে ভবন রূপান্তরের অভিযোগে প্রতিদিন ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, যার মাসিক জরিমানার সর্বোচ্চ সীমা ৪৫ হাজার ডলার। এ ছাড়া, ভায়োলেশন, বাসিন্দাদের জায়গা ছাড়ার নির্দেশ এবং তাদের অস্থায়ী আবাসনের খরচও বাড়ির মালিকের ওপর পড়তে পারে।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের (ডিওবি) নিয়ম অনুযায়ী, এই দৈনিক জরিমানা সব ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবৈধভাবে ভবনের ভেতরে নতুন বসবাসের জায়গা তৈরি বা অনুমোদন ছাড়া অ্যাপার্টমেন্টে রূপান্তরের অভিযোগে নির্দিষ্ট সামনসের ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার করে জরিমানা হতে পারে। ভায়োলেশন সংশোধনের প্রমাণ জমা দিয়ে তা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি না করা পর্যন্ত এই জরিমানা বাড়তে পারে। সর্বোচ্চ দৈনিক জরিমানার সীমা ৪৫ হাজার ডলার। নির্ধারিত শুনানিতে হাজির না হলে ভায়োলেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত ২৫ হাজার ডলার পর্যন্ত ডিফল্ট জরিমানাও হতে পারে।
আরও পড়ুন: ইরানে নতুন হামলার আশঙ্কায় ট্রাম্পকে কূটনীতির আহ্বান এরদোগানের
বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (এইচপিডি) জানিয়েছে, কোনো বেজমেন্ট বা সেলার ভাড়া দিতে হলে পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অনুমোদন থাকতে হবে।
বিশেষ করে এক পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘরের নির্দিষ্ট আয়তন, কমপক্ষে ৭ ফুট সিলিং উচ্চতা এবং প্রতিটি কক্ষে জানালা থাকার মতো শর্ত রয়েছে। অন্যদিকে, এক ও দুই পরিবারের বাড়ির সেলার বসবাসের জন্য বৈধভাবে ভাড়া দেওয়া যায় না। দুই পরিবারের বাড়িতে বেজমেন্ট ভাড়া দিলে ভবনটি তিন বা তার বেশি পরিবারের আবাসনে পরিণত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।
কোনো বেজমেন্টে অবৈধ বসবাসের অভিযোগ পেলে এইচপিডি ও ডিওবি পরিদর্শন করতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভায়োলেশন দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভ্যাকেট অর্ডারও জারি হতে পারে। সে ক্ষেত্রে বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে সিটি কর্তৃপক্ষ। তাদের স্থানান্তর ও আবাসনের জন্য সরকারি সংস্থার যে খরচ হয়, তা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হতে পারে। এই খরচ পরিশোধ না করলে সম্পত্তির ওপর লিয়েনও বসতে পারে।
নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের ২০২৫ সালের এক অডিটে দেখা গেছে, এক ও দুই পরিবারের বাড়ির ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অধিকাংশ এনফোর্সমেন্ট কার্যক্রমই অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, বাড়ির কোনো অবৈধ নির্মাণ বা ব্যবহারের বিষয়ে ৩১১-তে অভিযোগ জমা পড়লে তা কর্তৃপক্ষের পরিদর্শন ও তদন্তের কারণ হতে পারে।
আরও পড়ুন: কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের
সুতরাং, বেজমেন্ট ভাড়া দেওয়ার পূর্বে বাড়ির মালিকদের নিজেদের সম্পত্তির সার্টিফিকেট অব অকুপেন্সি, ডিওবির অনুমোদন এবং প্রয়োজনীয় পারমিট যাচাই করা জরুরি। শুধুমাত্র বেজমেন্টে আলাদা প্রবেশপথ, রান্নাঘর ও বাথরুম থাকলেই সেটি বৈধ অ্যাপার্টমেন্ট হয়ে যায় না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন