০৬:২৫ পি.এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের প্রায় ২০ মাইল দূরে একটি ক্রুজ জাহাজের পিয়ানোবাদককে উদ্ধার করেছেন দুই জেলে।
শুক্রবার (৬ নভেম্বর) নিউপোর্ট বিচের নিকটে এই ঘটনা ঘটে। শন নর্টন ও গ্র্যান্ট গ্যারেট নামের দুই জেলে মাছ ধরার সময় ওই ব্যক্তিকে পানিতে ভাসতে দেখেন। পরে তারা তাকে নিজেদের নৌকায় তুলে উদ্ধার করেন। উদ্ধারকর্মীরা ধারণা করছেন, ওই ব্যক্তি প্রায় ৯ ঘণ্টা ধরে পানিতে ছিলেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, তার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই জেলে ক্যাটালিনা দ্বীপের কাছে মারলিন মাছ ধরতে গিয়েছিলেন। দুপুরের দিকে নিউপোর্ট বিচে ফেরার সময় তাদের নৌকার ক্যাপ্টেন দূরে একজন মানুষকে পানিতে ভাসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে নৌকা থামান। এরপর নর্টন ও গ্যারেট দুজন মিলে ওই ব্যক্তির দুই হাত ধরে তাকে নৌকায় তুলে আনেন। উদ্ধারকারীরা জানান, উদ্ধারকালে তিনি প্রচণ্ড আতঙ্কিত ও শারীরিকভাবে দুর্বল ছিলেন।
আরও পড়ুন: ইরানে নতুন হামলার আশঙ্কায় ট্রাম্পকে কূটনীতির আহ্বান এরদোগানের
জ্ঞান ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি নিজেকে রয়্যাল ক্যারিবিয়ানের ‘ওভেশন অব দ্য সিজ’ নামের ১৪ ডেকের একটি প্রমোদতরির পিয়ানোবাদক হিসেবে পরিচয় দেন। নর্টন জানান, ওই ব্যক্তির মুখে প্রথম যে কথাটি শুনেছিলেন, তিনি ভেবেছিলেন আর বাঁচতে পারবেন না। তবে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। রয়্যাল ক্যারিবিয়ানও তার পরিচয় ও কর্মসংস্থানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
উদ্ধারের পর দুই জেলে জরুরি সামুদ্রিক বিপৎসংকেত পাঠান। খবর পেয়ে নিউপোর্ট বিচের লাইফগার্ড দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে সহায়তা করে। নিউপোর্ট বিচ লাইফগার্ডের ব্যাটালিয়ন প্রধান অ্যাডাম ইয়াসেন্ডার ধারণা করছেন, শুক্রবার রাত আড়াইটার দিকে তিনি জাহাজ থেকে পানিতে পড়ে থাকতে পারেন। উদ্ধারকালে উপকূল থেকে দূরত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ মাইল। পরে হাসপাতালে নেওয়া হলে কোস্ট গার্ড জানায়, তার অবস্থা বিবেচনায় বেঁচে যাওয়ার আশা রয়েছে।
উদ্ধারকারী নর্টন জানিয়েছেন, ওই সময় সমুদ্রের পানির তাপমাত্রা ছিল প্রায় ৭৬ ডিগ্রি ফারেনহাইট। তার ধারণা, পানির তুলনামূলক উষ্ণ তাপমাত্রা দীর্ঘ সময় বেঁচে থাকার ক্ষেত্রে সহায়ক হয়েছে। অন্য কোনো সময়ে বা পানির তাপমাত্রা কম থাকলে ওই ব্যক্তির বেঁচে থাকা কঠিন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
কীভাবে ওই ব্যক্তি প্রমোদতরি থেকে সাগরে পড়ে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল, তা তদন্ত করে দেখছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
আরও পড়ুন: কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন