০৬:৪১ পি.এম
এ বছর আগাম তরমুজ চাষের জন্য পাঁচ একর জমি প্রস্তুত করেছিলেন কৃষক আলমগীর হাওলাদার। পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের এই কৃষক তার ক্ষেতের জন্য চারাও প্রস্তুত করেছিলেন, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া টানা তিন দিনের বৃষ্টিতে ৯ হাজার চারার মধ্যে চার হাজার পচে গেছে। আলমগীরের দাবি, এতে তার ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আলমগীরের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার অধিকাংশ আগাম তরমুজ চাষি।
গলাচিপা পৌর এলাকার মাঝের চরের তরমুজ চাষি মো. জাকির সরদার বলেন, “বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটুও বিশ্রাম নিতে পারিনি। সারা দিন চারা রক্ষা করার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, কিন্তু বৃষ্টি হলে পলিথিন দিয়ে যতই ঢাকি, রক্ষা তো আর হয় না। চোখের সামনে হাজার হাজার টাকার ক্ষতি হচ্ছে। জানি না এ ক্ষতি পূরণ হবে কিভাবে।”
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
জাকির জানান, তিনি এখন সমন্বিত চাষ পদ্ধতি অনুসরণ করবেন। তিনি বলেন, “আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিত চাষ করব। আগে তরমুজ চাষ করলে ওই ক্ষেতে অন্য কিছুর চাষ করা হতো না। এবার তরমুজ চাষের পাশাপাশি ওই ক্ষেতের আলের পাশে উচ্চ ফলনশীল মুগডাল, লাউ, শশাসহ বিভিন্ন সবজি চাষ করব।”
স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দেশের বেশিভাগ এলাকায়। পটুয়াখালীর গলাচিপাও এর ব্যতিক্রম নয়। অসময়ের এই বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে উপজেলার কৃষি, বিশেষ করে তরমুজ চাষ।
চাষিদের দাবি, তরমুজের চারার প্রায় অর্ধেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির প্রভাবে তরমুজের চারা রোপণের জন্য অন্তত ১৫ দিন পিছিয়ে গেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ২০০ হেক্টর জমিতে। এর মধ্যে আগাম জাতের তরমুজের জন্য অন্তত ১০ হেক্টর জমিতে চারা রোপণ করেছেন কৃষকরা। তবে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষকের অর্ধেক চারা পচে গেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
সূত্র জানায়, কৃষকের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠা তাদের জন্য কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে তরমুজ চাষের শুরুতেই কৃষকের এ অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে তারা সমন্বিত চাষ পদ্ধতির দিকে ঝুঁকছেন।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এটা সত্য, কিন্তু গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি। এর মধ্যে যারা আগাম জাতের তরমুজ চাষ করেছেন, তাদের ক্ষতি হয়েছে।
এছাড়া, গত জুন জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। ওইসব জমিতেই আগাম জাতের তরমুজ চাষ করা হয়েছে। তবে আগামী চার মাস আবহাওয়া ঠিক থাকলে তরমুজ চাষিরা লাভবান হবেন বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা।
আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন