বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৭ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ক্রিসমাস দ্বীপ, অস্ট্রেলিয়ায়, বনাঞ্চল থেকে সাগরের দিকে প্রতি বছর ১০ কোটিরও বেশি লাল কাঁকড়ার যাত্রা শুরু হয়েছে। পরিবেশ সংরক্ষণকর্মীরা এ সপ্তাহে এই তথ্য প্রকাশ করেন।
বর্ষা মৌসুম শুরু হলেই, ভারত মহাসাগরের এই প্রত্যন্ত দ্বীপে কাঁকড়াগুলো প্রজননের উদ্দেশ্যে সাগরের দিকে ছুটে যায়।
বার্তা সংস্থা এএফপি সিডনি থেকে এই খবর জানায়।
পার্কস অস্ট্রেলিয়া জানাচ্ছে, কাঁকড়াগুলো চায়, ‘চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারে ভোর হওয়ার আগেই’ ডিম ছাড়তে।
এই দ্বীপটি ইন্দোনেশিয়ার ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস মন্তব্য করেন, ‘বন্যপ্রাণীর এই অসাধারণ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।’
তিনি আরও বলেন, ‘লাল কাঁকড়ার সংখ্যা পুনরুদ্ধারে চলমান সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে হলুদ পাগলা পিঁপড়া নিয়ন্ত্রণের উদ্যোগ এ ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হয়েছে।’
এসব উদ্যোগের ফলে দ্বীপটিতে লাল কাঁকড়ার সংখ্যা প্রায় পাঁচ কোটি থেকে বেড়ে বর্তমানে ১০ কোটিরও বেশি হয়েছে।
চার্ট্রেস উল্লেখ করেন, ‘লাল কাঁকড়া দ্বীপটির প্রতিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরে হামের সংক্রমণের বৃদ্ধি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রতিদিন বিভিন্ন বয়সের রোগীরা জ্বর, সর্দি-কাশি ও হামের উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। রোগীর চাপ মোকাবেলার জন্য হাসপাতালের তৃতীয় তলায় পৃথক হামের ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে মোট ৩১৩ জন রোগী হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ৩০৫ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে, উন্নত চিকিৎসার জন্য ১১ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ থাকলেও শিশু রোগীর সংখ্যা বেশি।
হামের সংক্রমণ শিশুদের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অনেক শিশুর ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র্যাশ দেখা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হামের রোগী ও উপসর্গ নিয়ে মোট ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩০৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের তৃতীয় তলায় পৃথক হামের ওয়ার্ড স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ রোগ জটিল আকার ধারণ করতে পারে। তাই শিশুর জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।
চাঁদপুর সরকারি হাসপাতালে মাত্র ১৭ দিনে ৩১৩ জন রোগীর ভর্তি হওয়ার তথ্য জেলার জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের আধিক্য থাকায় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসাসেবা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই)-এর শীর্ষস্থানীয় আইনজীবীদের মধ্যে দীর্ঘ সময় ধরে চলতে থাকা অভ্যন্তরীণ মতবিরোধ ও দ্বন্দ্বের অবসান ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মামলা পরিচালনা এবং আইনি কৌশল নির্ধারণের স্বার্থে সম্প্রতি তারা নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পিটিআইয়ের আইনি দলের সিনিয়র সদস্যদের মধ্যে মামলা পরিচালনার কৌশল, নেতৃত্ব এবং দলীয় অবস্থান নিয়ে প্রকাশ্য মতভেদ দেখা দিয়েছিল। এর ফলে দলের শীর্ষ নেতাদের জামিন এবং বিভিন্ন মামলার আইনি লড়াইয়ে সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছিল, যা দলের ভেতরে এবং সমর্থকদের মাঝে ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতায় আয়োজিত এক বৈঠকে আইনজীবীরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটান। বৈঠকে তারা ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ইমরান খানসহ কারাবন্দি অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির আইনি লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার সিদ্ধান্ত নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি দলের এ পুনর্মিলন পিটিআইয়ের চলমান আইনি ও রাজনৈতিক লড়াইয়ে নতুন গতি সঞ্চার করবে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। সূত্র : ডন অনলাইন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহায়তার আশ্বাস প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
আজ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস দেন।
তিনি ঘটনাস্থলে অবস্থান করেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরবর্তীতে, তিনি তার দপ্তরকে বিষয়টি অবহিত করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সহায়তার আওতায় আনতে হবে।" এজন্য তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন।
একই সঙ্গে, রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
বিশেষভাবে, সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার কথা বলেন।
এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করাও জরুরি।
এ লক্ষ্যে, মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, "অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের তাৎক্ষণিক দায়িত্ব।" একই সঙ্গে, তিনি বলেন যে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সেজন্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে গার্মেন্টস এক্সেসরিজ তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই কারখানায় কর্মসংস্থান হবে ৪৫০ জনের।
এ লক্ষ্যে আজ রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন করবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে পলি ব্যাগ ও শিট, বিভিন্ন ধরনের টেপ, কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল, বারকোড স্টিকার, আরএফআইডি লেবেল এবং সেলফ-অ্যাডহেসিভ স্টিকার। কারখানাটিতে ৪৪৮ জন বাংলাদেশিসহ মোট ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানান। তিনি মোংলা ইপিজেডকে বিনিয়োগের স্থান হিসেবে বেছে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি বেপজার নতুন যশোর ও পটুয়াখালী ইপিজেডেও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেপজার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে।
এছাড়া, আরও ছয়টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এই ইপিজেড থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ৪০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এসব প্রতিষ্ঠানে মোট ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ