ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মোংলা ইপিজেডে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিংয়ে ৮০ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ


মোংলা ইপিজেডে ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিংয়ে ৮০ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগ

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে গার্মেন্টস এক্সেসরিজ তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই কারখানায় কর্মসংস্থান হবে ৪৫০ জনের।

এ লক্ষ্যে আজ রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপি এমপির সুপারিশের অভিযোগ

প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদন করবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে পলি ব্যাগ ও শিট, বিভিন্ন ধরনের টেপ, কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল, বারকোড স্টিকার, আরএফআইডি লেবেল এবং সেলফ-অ্যাডহেসিভ স্টিকার। কারখানাটিতে ৪৪৮ জন বাংলাদেশিসহ মোট ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানান। তিনি মোংলা ইপিজেডকে বিনিয়োগের স্থান হিসেবে বেছে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া, তিনি বেপজার নতুন যশোর ও পটুয়াখালী ইপিজেডেও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেপজার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে।

আরও পড়ুন: রাবি প্রশাসন ভবনের সামনে আম্মারের তাস খেলার আসর

এছাড়া, আরও ছয়টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। এই ইপিজেড থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ৪০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এসব প্রতিষ্ঠানে মোট ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে কোনো তথ্য নেই।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে কিনা, সে সম্পর্কে ট্রাইব্যুনালের কাছে কোনও তথ্য নেই। যদি নোটিশ জারি হয়, তাহলে তা পুলিশের এনসিবি শাখা জানতে পারবে। রেড নোটিশ জারি হয়েছে কি না, সেটি জানাবে আইজি কার্যালয়।

পুলিশ সদরদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য তাদের কাছেও নেই।

গত ১০ নভেম্বর অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

১২ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।

প্রসংগত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। পরবর্তীতে জুলাই গণহত্যা ও বিগত ১৫ বছরের শাসনামলে গুম-খুন ও দুর্নীতির শত শত অভিযোগে মামলা হয় শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী-এমপি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার প্রতিশ্রুতি দেয়, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার। সে মোতাবেক গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি, যানবাহন পরীক্ষা, নজরদারি এবং নিরাপত্তা টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে হবে। বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে যাত্রী এবং সংশ্লিষ্টদের তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনের তল্লাশি বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে। অর্থাৎ, রাতে বিমান চলাচল বন্ধ থাকলেও নিরাপত্তা কার্যক্রমে কোনো বিরতি রাখা যাবে না।

নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে চায় কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে চিহ্নিত করে বলেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জাজনক।

প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময়। শুনানির প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়েও আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তুলেছেন।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে তিনজনই আপিল করেছেন এবং তাঁরা বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

আপিল শুনানির সময় আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে উঠে আসে যে, তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে সর্বোচ্চ আদালত প্রশ্ন উত্থাপন করে।

এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরে মামলার বিচার শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


লালমনিরহাটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী উপহার প্রদান করেছেন।

আজ সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে, তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ তিনি দিনব্যাপী সফরে লালমনিরহাটে উপস্থিত হয়েছেন। সকাল সাড়ে ১০টায়, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

এ সফরের অংশ হিসেবে, প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে, তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।

দুপুরে, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময়, তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর, লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে, কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে, সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%