প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহায়তার আশ্বাস প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
আজ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১৭টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি দোকানও সম্পূর্ণরূপে পুড়ে যায়।
প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাস দেন।
তিনি ঘটনাস্থলে অবস্থান করেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরবর্তীতে, তিনি তার দপ্তরকে বিষয়টি অবহিত করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সহায়তার আওতায় আনতে হবে।" এজন্য তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন।
একই সঙ্গে, রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
বিশেষভাবে, সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার কথা বলেন।
এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করাও জরুরি।
এ লক্ষ্যে, মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, "অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের তাৎক্ষণিক দায়িত্ব।" একই সঙ্গে, তিনি বলেন যে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সেজন্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন