০৬:৩০ পি.এম
নেশন্স লিগে রোববার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-২ গোলে পরাজিত করে আত্মবিশ্বাসী এক জয় অর্জন করেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তাঁর মতে, এটি ছিল নিজেদের সক্ষমতার পরিচয় দেওয়া একটি জয়।
ম্যাচের শেষ আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে ইংল্যান্ডকে, তবে জয় ধরে রাখতে সক্ষম হয়েছে তারা। এর আগে তিন গোলের লিড নিয়ে দাপটের সঙ্গে খেলছিল থ্রি লায়ন্সরা। কিন্তু এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর শেষ দিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় তাদের।
এই জয়ের ফলে স্পেনের টানা অপরাজিত থাকার রেকর্ডে ছন্দপতন ঘটেছে ইংল্যান্ডের। ৪৪ ম্যাচ পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম হারের স্বাদ পেয়েছে লা রোহারা। ২০২৩ সালের মার্চের পর এটি ছিল তাদের প্রথম হার। প্রীতি ম্যাচসহ আগের ৪৩ ম্যাচে অপরাজিত ছিল স্পেন।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
সাংবাদিকদের টুখেল বলেন, “অবশ্যই এটি নিজেদের সামর্থ্যের জানান দেওয়া এক জয়। খেলোয়াড়রা এতটা আত্মবিশ্বাসী ছিল, এটা দেখে আমি খুশি। আমিও তাদের আত্মবিশ্বাস অনুভব করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা ছিলাম খুবই ইতিবাচক। প্রত্যেককে নিজের মতো করে খেলতে, চেষ্টা করতে এবং আজকের এই মঞ্চে নিজেদের সীমা ছাড়িয়ে যেতে উৎসাহ দিয়েছি।”
জার্মান এই কোচের মতে, হ্যারি কেইন, এজরি কনসা ও বেন হোয়াইটের গোলে পাওয়া তিন গোলের লিড ইংল্যান্ডের প্রাপ্য ছিল।
মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখার পর মিকেল ওয়ারসাবাল ও নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান কমায় স্পেন।
আরও পড়ুন: দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ
টুখেল বলেন, “৬৫ মিনিট পর্যন্ত আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি, তাতে ৩-০ গোলে এগিয়ে থাকা এবং সেই ব্যবধানকে পুরোপুরি প্রাপ্য বলে মনে করার যথেষ্ট কারণ ছিল।”
“অবশ্য লাল কার্ড ও পেনাল্টি ম্যাচের গতি এবং ধরন বদলে দিয়েছে। স্পেনের বিপক্ষে তাদেরই মাঠে ৩০ মিনিট খেলা আমাদের কাছে তিন ঘণ্টার মতো মনে হয়েছে। এতে সবকিছু বদলে যায়।”
“তবে আমরা জানি, খেলোয়াড়রাও খুব ভালো করেই জানে, মাঠে তারা কী করেছে। এটাই এই জয়ের তাৎপর্য এবং নিজেদের সামর্থ্যের জানান দেওয়া এই জয়ের গুরুত্ব। এটি ছিল আমাদের প্রাপ্য।”
মেট্রোপলিটানো স্টেডিয়ামে দলের খেলার মানের পাশাপাশি খেলোয়াড়দের দলীয় সংহতি, আত্মবিশ্বাস ও ঐক্যেরও প্রশংসা করেছেন ইংলিশ বস।
আরও পড়ুন: ‘ব্লাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’–ফিফা সভাপতির পদে পরিবর্তন চান ক্লপ
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও হেরে যাওয়ার পর ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে সমালোচনা হয়েছিল।
তবে টুখেলের দাবি, সেই সময়ের পর থেকে অনেক উন্নতি করেছে তার দল। এমনকি তাঁর অধীনে এটিই ইংল্যান্ডের সেরা ম্যাচ।
কোচ বলেন, “বিশ্বকাপের পর আমরা কী কী ধাপ পেরিয়ে এসেছি, সে সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন।”
“পরিস্থিতি, চাপ, প্রতিপক্ষের মান এবং কোথায় আমরা খেলেছি- সবকিছু বিবেচনায় এটি ছিল খুবই পরিপূর্ণ একটি পারফরম্যান্স। আমরা খেলেছি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে, যারা ৪৩-৪৪ ম্যাচ ধরে অপরাজিত ছিল। এখন পর্যন্ত এটিই আমাদের সেরা পারফরম্যান্স।”
আরও পড়ুন: বাংলাদেশে অনুষ্ঠিত হবে ২০২৮ সালের অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব
সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন