মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৩ পি.এম
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নামকরণ করা হয়েছে ‘আকভান’। ফারসি ভাষায় ‘আকভান’ শব্দটির অর্থ ‘রাক্ষস’। এই নামটি উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের জন্য নির্ধারিত নামকরণের তালিকা থেকে নেওয়া হয়েছে। মূলত ঝড়ের পরিচিতি নিশ্চিত করার উদ্দেশ্যে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সতর্কবার্তা প্রচার করার জন্য এই নামকরণের আন্তর্জাতিক নিয়ম রয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এসকাপের অধীন ১৩টি সদস্য দেশ, যার মধ্যে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন অন্তর্ভুক্ত, ২০২০ সালে ১৬৯টি ঘূর্ণিঝড়ের একটি নতুন তালিকা তৈরি করে। পূর্বনির্ধারিত এই তালিকা থেকে ক্রমানুসারে বর্তমান ঝড়টির নাম ‘আকভান’ রাখা হয়েছে। এর আগে এই অঞ্চলের সর্বশেষ ঘূর্ণিঝড়টির নাম ছিল ‘মুরাসু’।
এদিকে, দক্ষিণ-পূর্ব ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হওয়ার পর দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১,২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
ঝড়টির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে সংগীত জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নিয়ে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে এবারের মনোনয়ন তালিকা। এই তালিকায় নতুন ইতিহাস গড়েছেন পপ তারকা বিয়ন্সে।
এদিকে, একাধিক বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন টেইলর সুইফটও।
বিয়ন্সে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের সুবাদে সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন লাভ করেছেন। এর ফলে গ্র্যামিতে তার মোট মনোনয়নের সংখ্যা ১০০-তে পৌঁছেছে। তিনি পুরস্কারটির ইতিহাসে প্রথম শিল্পী, যিনি এই মাইলফলক স্পর্শ করেছেন।
শুধুমাত্র মনোনয়ন নয়, গ্র্যামি জয়ের ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছেন এই গায়িকা। তার ঝুলিতে বর্তমানে ৩৫টি গ্র্যামি পুরস্কার রয়েছে।
নিজের জনপ্রিয় অ্যালবাম ‘বি’ডে’ (B’Day)-এর ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ প্রকাশ করেন বিয়ন্সে। পরে আগস্টে স্বামী জে-জেডকে সঙ্গে নিয়ে গানটির রিমিক্স সংস্করণও প্রকাশ করেন তিনি।
এবারের আসরে টেইলর সুইফট পাঁচটি মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে গ্র্যামিতে তার মনোনয়নের সংখ্যা এখন ৬৩ এবং অর্জিত পুরস্কার ১৪টি। নিজের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন লাভ করেছেন তিনি।
এই মাধ্যমে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পাওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন সুইফট। তিনি এই তালিকায় দ্বিতীয় শিল্পী এবং প্রথম নারী। এর আগে একই রেকর্ড গড়েছিলেন কেনড্রিক লামার।
এবারের মনোনয়ন তালিকায় নারী শিল্পীদের প্রাধান্যও লক্ষণীয়। সর্বাধিক ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। নয়টি মনোনয়ন নিয়ে তার পরেই রয়েছেন রোজালিয়া। সাতটি করে মনোনয়ন অর্জন করেছেন ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো। এছাড়া অলিভিয়া ডিন, ব্রুনো মার্স এবং লিওন থমাস পেয়েছেন ছয়টি করে মনোনয়ন।
মনোনয়নের সংখ্যায় তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও গ্র্যামির সবচেয়ে আকর্ষণীয় ‘বিগ ফোর’ বিভাগে শক্ত অবস্থান তৈরি করেছেন সুইফট। তার পাঁচটি মনোনয়নের মধ্যে তিনটি এসেছে এই চারটি প্রধান বিভাগের মধ্য থেকে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম, ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‘আই নুড ইট, আই নুড ইউ’ গানের জন্য বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।
গ্র্যামির ৬৯তম আসর আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৭ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় মূল আয়োজন শুরু হবে। এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে দেখা যাবে এবারের গ্র্যামি অনুষ্ঠান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের অভাবে প্রায় দুই দশক ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। অতীতে একাধিক অনিয়ম ও দুর্নীতির কারণে ফাইলবন্দী থাকা প্রকল্পের পর, সম্প্রতি সাধারণ মানুষের দাবির মুখে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) ৪৫ দিনের মধ্যে একটি অস্থায়ী ভবন নির্মাণের কার্যাদেশ প্রদান করলেও সাত মাস পেরিয়ে গেলেও সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। এর ফলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবার ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি প্রায় ১৮ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরবর্তী সময়ে ২০০৮ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টেন্ডারের মাধ্যমে বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নূরী এন্টারপ্রাইজ’-কে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার প্রদান করে। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণের প্রকল্পের আওতায় ওপিডি ভবন এবং দুটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও, ২০০৮ সালের ২৫ জুন চুক্তি স্বাক্ষরিত হয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা সম্পন্ন করেনি।
অভিযোগ রয়েছে, নূরী এন্টারপ্রাইজ কাজ শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয় এবং আংশিক কাজ করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় সরকারি অর্থের অপচয় ঘটে এবং ভবনটি কোনো কাজে আসেনি। এই সমস্ত অনিয়মের কারণে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।
দীর্ঘদিন ধরে নতুন হাসপাতাল ভবন নির্মাণের জন্য দুই দফায় টেন্ডার হলেও অজানা কারণে নির্মাণকাজ ঝুলে থাকে। সাধারণ মানুষের চরম ভোগান্তি ও দাবির মুখে কর্তৃপক্ষ বিকল্প হিসেবে একটি অস্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED), পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি স্বাক্ষরিত গত ০৫ মে ২০২৬ তারিখের কার্যাদেশে (স্মারক নং- 45.02.0079.363.18.001.26-343) ‘মেসার্স হাওলাদার ফাউন্ডেশন’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওপিডি এবং কিচেন ব্লকের জন্য ১ তলা বিশিষ্ট আধা-স্থায়ী কাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। ১ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকারও বেশি চুক্তিমূল্যের এই কাজের শর্ত অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের সাত দিনের মধ্যে সাইট বুঝে নিয়ে এবং পরবর্তীতে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করে তা হস্তান্তর করার কথা ছিল।
তবে বিস্ময়ের বিষয় হলো, কার্যাদেশে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার কড়া নির্দেশ থাকলেও দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও সেই অস্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। ফলে যুগ যুগ ধরে চলা স্বাস্থ্যসেবা প্রাপ্তির দুর্ভোগ থেকে কাউখালীবাসী আজও মুক্তি পাচ্ছেন না। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কর্মকার জানিয়েছেন, ভবন সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা নেই। তবে তিনি জানান স্বাস্থ্য কমপ্লেক্সের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে আইনি জটিলতা নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মহোদয় নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বস্ত করেছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED) পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী তাঞ্জিলা ফেরদৌসি বলেন, ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি অসুস্থ থাকার কারণে আগামী দিন থেকে তার প্রতিনিধির মাধ্যমে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মক্কার পবিত্র নগরীতে অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে ভবনের ভেতরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে এই স্থাপনাটি।
১৭ নভেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ইসলামিক ইনফরমেশন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত জাদুঘরটি বিশ্বের সর্বোচ্চ জাদুঘর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৬০ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে চিহ্নিত হয়েছে।
মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন জানায়, ক্লক টাওয়ারের কসমস সায়েন্স অ্যান্ড ক্রিসেন্ট অবজারভেশন সেন্টার এবং মক্কা ক্লক উভয়ই স্বীকৃতির সনদ গ্রহণ করেছে।
কেন্দ্রটিতে মহাকাশবিজ্ঞান, মহাবিশ্বের রহস্য, চাঁদ দেখার প্রযুক্তি এবং সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা এখানে জ্যোতির্বিজ্ঞানের বিকাশ, এর ইতিহাস এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবেন।
রয়্যাল কমিশনের মতে, এই স্বীকৃতি ক্লক টাওয়ারের স্থাপত্যশৈলী ও বৈজ্ঞানিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হচ্ছে। একই সঙ্গে, এটি দর্শনার্থীদের জন্য জ্ঞান অর্জন ও পর্যটনের নতুন অভিজ্ঞতা সৃষ্টির সুযোগ তৈরি করেছে।
কেন্দ্রটির পর্যবেক্ষণ মঞ্চ থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর মনোরম দৃশ্য উপভোগ করা সম্ভব। ফলে ক্লক টাওয়ারটি শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং বিজ্ঞান, শিক্ষা ও পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেও পরিচিতি লাভ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইউরোপের পাঁচটি দেশ রুয়ান্ডায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস—এই দেশগুলো সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রুয়ান্ডার সঙ্গে যৌথভাবে এই পরিকল্পনার কথা জানায়। ২০২৭ সালের মধ্যে অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারগুলোর দাবি, ইউরোপে বৈধ অধিকার হারানো ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এই চুক্তির ফলে ঝুঁকিতে থাকা অভিবাসীরা চরম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন।
পরিকল্পনাটি কী?
এই পাঁচটি দেশ রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবর্তন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায়। ইইউভুক্ত দেশগুলো থেকে যাদের ফেরত যাওয়ার আইনি নির্দেশ রয়েছে, কিন্তু নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়—তাদের রুয়ান্ডায় পাঠানো হবে, এমনকি তারা রুয়ান্ডার নাগরিক না হলেও। তবে যাদের আশ্রয়ের আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়েছে, কেবল তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, রুয়ান্ডায় স্থানান্তরিত ব্যক্তিদের সাময়িক আবাসনসহ সব খরচ বহন করবে ইউরোপের ওই পাঁচ দেশ। সেখানে পৌঁছানোর পর অভিবাসীরা চাইলে রুয়ান্ডার সমাজে স্থায়ীভাবে মিশে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া রুয়ান্ডা ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় তারা স্বেচ্ছায় নিজ দেশে কিংবা বৈধভাবে প্রবেশের অনুমতি আছে এমন অন্য কোনো দেশে চলে যেতে পারবেন।
এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কতজনকে পাঠানো হবে সেটিও নির্দিষ্ট করা হয়নি। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইইউজুড়ে প্রায় ৬ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ প্রথমবারের মতো আশ্রয়ের আবেদন করেছিলেন, যার মধ্যে গড়ে ৪৫ শতাংশ অনুমোদিত হয়। বাকি প্রত্যাখ্যাত আবেদনকারীদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে ইউরোপে থেকে যান।
কেন রুয়ান্ডাকে বেছে নেওয়া হলো?
নেদারল্যান্ডসের উপপ্রধানমন্ত্রী বার্ট ভ্যান ডেন ব্রিঙ্ক জানিয়েছেন, বিপুলসংখ্যক অভিবাসী সামলানোর দীর্ঘ অভিজ্ঞতা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতার কারণেই রুয়ান্ডাকে বেছে নেওয়া হয়েছে।
প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বুরুন্ডির বিপুলসংখ্যক শরণার্থীকে দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে আসছে রুয়ান্ডা। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণের চুক্তি করেছিল দেশটি। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, ইউরোপে থাকার অধিকার হারানো মানুষদের জন্য এই পরিকল্পনা ‘দ্বিতীয় সুযোগ’ তৈরি করবে। পাশাপাশি এই প্রকল্পের অর্থায়ন রুয়ান্ডার অবকাঠামোগত উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যের পুরোনো পরিকল্পনার সঙ্গে পার্থক্য : ২০২২ সালে যুক্তরাজ্যের তৎকালীন কনজারভেটিভ সরকারও অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর অনুরূপ একটি চুক্তি করেছিল। তবে সেটি ছিল আরও কঠোর; অনিয়মিত পথে যুক্তরাজ্যে আসা সব আশ্রয়প্রত্যাশীকে আবেদন যাচাইয়ের আগেই রুয়ান্ডায় পাঠানোর কথা ছিল। ২০২৩ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ওই পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে এবং ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় এসে সেটি বাতিল করে। ততদিনে যুক্তরাজ্যের প্রায় ২৯ কোটি পাউন্ড খরচ হয়ে যায়, অথচ স্বেচ্ছায় রুয়ান্ডায় গিয়েছিলেন মাত্র চারজন।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট দাবি করেছেন, যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে তাদের নতুন উদ্যোগের কোনো তুলনা চলে না। কারণ, ইউরোপের এই পাঁচ দেশ কেবল তাদেরই পাঠাবে, যাদের আশ্রয়ের আবেদন আইনি প্রক্রিয়ায় যাচাইয়ের পর সুরক্ষার অযোগ্য বলে প্রমাণিত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এই নতুন পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলছে কি না, সে বিষয়ে সরকারগুলোকে পরামর্শ দিচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর তীব্র প্রতিবাদ : নিরপেক্ষ পর্যবেক্ষণ ও ইউএনএইচসিআরের সম্পৃক্ততার আশ্বাস সত্ত্বেও মানবাধিকার সংগঠনগুলো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিসহ ৪৭টি সংগঠনের একটি জোট সতর্ক করে বলেছে, এর ফলে মানুষ ইউরোপে গড়ে তোলা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক দেশে নিক্ষিপ্ত হবে, যেখানে তাদের কোনো পরিবার বা পরিচিতজন নেই। অতীতে ইসরায়েল যাদের রুয়ান্ডায় পাঠিয়েছিল, তাদের অনেকেই নিরাপত্তার অভাবে মানব পাচারকারীদের খপ্পরে পড়েছিলেন বলে জোটটি উল্লেখ করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই উদ্যোগের কড়া সমালোচনা করেছে। সংস্থাগুলোর মতে, তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর ফলে নির্বিচার আটক, নিপীড়ন ও চরম দারিদ্র্যের ঝুঁকি তৈরি হয়। তাছাড়া রুয়ান্ডার নিজস্ব মানবাধিকার পরিস্থিতিও উদ্বেগজনক; দেশটিতে বিরোধী রাজনৈতিক নেতাদের অন্যায় বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ রয়েছে। এইচআরডব্লিউর মতে, যে পাঁচটি দেশ এই চুক্তি করছে, তাদের মধ্যে চারটি দেশই গত জানুয়ারিতে জাতিসংঘে রুয়ান্ডার মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ