শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫২ পি.এম
জেন্ডার বৈষম্য এবং প্রচলিত সামাজিক ধারণা বা স্টেরিওটাইপের বিরুদ্ধে লড়াই করে সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন পাঁচজন কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার।
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সমতায় তারুণ্য: ইউথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রকল্পটি ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে।
জাতীয় পর্যায়ের ইনফ্লুয়েন্সার বিভাগে পুরস্কার পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী। অনুপ্রেরণামূলক কনটেন্ট নির্মাতা বিভাগে পুরস্কার অর্জন করেছেন মো. মেহেদী হাসান নূর। উদীয়মান কনটেন্ট নির্মাতা বিভাগের পুরুষ ও নারী শাখায় পুরস্কার পেয়েছেন যথাক্রমে হাসিবুল ইসলাম বাপ্পী ও আপুসি চৌধুরী। এছাড়া বিচারকমণ্ডলীর বিশেষ স্বীকৃতি লাভ করেছেন তারগিভ সানান রোহাম।
আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র অনুসারীর সংখ্যা বিবেচনা করা হয়নি। কনটেন্টের মান এবং জেন্ডার সমতার সঙ্গে এর প্রাসঙ্গিকতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের বাইরের বিচারকদের নিয়ে গঠিত জুরি বোর্ড কনটেন্টের গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ ও অন্তর্ভুক্তির বিষয়গুলোকে মূল্যায়ন করেছে। পাশাপাশি ক্ষতিকর সামাজিক রীতিনীতিকে কনটেন্টের মাধ্যমে কতটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।
উদীয়মান কনটেন্ট নির্মাতা বিভাগে শুধুমাত্র প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাওয়া নির্মাতারাই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ২৪৬ জন তরুণ কনটেন্ট নির্মাতাকে জেন্ডার সমতা, নৈতিক গল্প বলা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।
প্রধান অতিথির বক্তব্যে রওনক জাহান বলেন, ‘ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায়ই দেখতে পাই জেন্ডার স্টেরিওটাইপ, আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য, যা নারীর অগ্রযাত্রার পথকে রুদ্ধ করে এবং গোটা সমাজকেই পিছিয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘এই আয়োজন কেবল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি একটি আন্দোলনের সূচনা: বৈষম্যহীন, সমতামূলক এবং জেন্ডার সংবেদনশীল সমাজ গড়ার আন্দোলন।’ সমতাভিত্তিক সমাজ গঠনে নিমকো জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল বলেন, ‘জেন্ডার সংবেদনশীল কনটেন্ট তৈরি মানে শুধু ক্ষতি এড়ানো নয়। এর মানে প্রশ্ন করা, এই আলোচনায় কাদের কণ্ঠ অনুপস্থিত।’
তিনি আরও বলেন, ‘সত্যিকারের পরিবর্তন আনতে সবচেয়ে বড় প্ল্যাটফর্মের দরকার নেই। দরকার একটি সৎ গল্প, দায়িত্ববোধ এবং নিজের কণ্ঠকে ভালো কাজে ব্যবহারের ইচ্ছা।’
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ। তিনি জানান, গত তিন বছরে প্রকল্পটি দেশের আট বিভাগের ৬৪ জেলায় তরুণ, যুব নেতৃত্বাধীন সংগঠন ও সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে।
করভি রাকসান্দ বলেন, ‘বাংলাদেশে জেন্ডার সমতা নিয়ে কথা বলা কঠিন, কিন্তু তরুণেরা আমাদের সঙ্গে ছিলেন। হয়তো এই প্রকল্প শেষ হবে, কিন্তু যারা প্রশিক্ষণ পেয়েছেন, যারা ভিন্নভাবে কথা বলতে শিখেছেন, তারা থেকে যাবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, আগামীর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের উপর বর্তায়। সুতরাং, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে প্রয়োগের জন্য সবাইকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।
আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমি-এন্যুয়াল মিটিং ২০২৬ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, ‘বর্তমানে দেশের ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে, যাদের শিক্ষা ও মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করছে। বর্তমানে বিশাল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে বিদ্যমান, যার যথাযথ শিক্ষাদানের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে। এই লক্ষ্যে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য-প্রযুক্তির সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-চ্যান্সেলর, শিক্ষাবিদ এবং শিক্ষাখাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিবর্গ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর সোনাপুর থেকে কোম্পানীগঞ্জে বাড়ী ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান রাসেল(৩৮) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সোনাপুর-বসুরহাট সড়কের কবিরহাট বাজারের পশ্চিমে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
নিহত রাসেল কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুহুরী বাড়ির রফিকুল্লাহর পুত্র। তিনি মধ্যপ্রাচ্য থেকে কয়েক বছর আগে দেশে ফিরে আসেন এবং পুনরায় প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য সোহরাব উদ্দিন জানান, বিকেলে রাসেল সোনাপুর থেকে সিএনজিতে করে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ করে সিএনজি থেকে তিনি ছিটকে পড়েন। এসময় পিছন থেকে আসা আরেকটি সিএনজি রাসেলকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রাত ১০ টার দিকে রাসেলের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বিষয়টি খুবই হৃদয়বিদারক।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, আতাউল হকের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
আতাউল হক দোলন আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার পিতা এ,কে এম ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের বাসিন্দা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য পরবর্তী সম্পর্কের জটিলতা কাটিয়ে নতুন করে সম্পর্ক পুনর্গঠনের (রিসেট) পথে অগ্রসর হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এবং আন্তোনিও কোস্টার সঙ্গে বৈঠকে মিলিত হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ২০২৫ সালের শীর্ষ সম্মেলনের 'স্থিতিশীল ভিত্তি'-র ওপর ভিত্তি করে এই আলোচনায় খাদ্য বাণিজ্য, কার্বন নিঃসরণ এবং যুব গতিশীলতা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আলোচনায় যেসব চুক্তি ও প্রস্তাব
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ব্রাসেলসের এই বৈঠকে তিনটি প্রধান খাতে অগ্রগতির দিকে নজর দেওয়া হচ্ছে।
খাদ্য বাণিজ্য ও নিয়ন্ত্রণ: খাদ্যপণ্য বাণিজ্যে বিদ্যমান নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ শিথিল বা অপসারণ করা গেলে বছরে প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ অর্থনৈতিক সুফল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুব গতিশীলতা: সম্ভাব্য যুব গতিশীলতা চুক্তির আওতায় ১ লাখ পর্যন্ত তরুণ-তরুণীকে বিদেশে কাজ বা অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
কার্বন নিঃসরণ ও বাণিজ্য: নিঃসরণ বাণিজ্য (এমিশনস ট্রেডিং) সংক্রান্ত একটি সম্ভাব্য সমঝোতার মাধ্যমে ইস্পাতের মতো পণ্যকে কার্বন সীমান্ত শুল্ক থেকে পারস্পরিক অব্যাহতি দেওয়ার পথ তৈরি হতে পারে।
অমীমাংসিত বিষয় ও রাজনৈতিক চাপ
সম্পর্ক জোরদারের উদ্যোগ থাকলেও দুই পক্ষের মধ্যে এখনো বেশ কিছু মতবিরোধ রয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন চায় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে ইইউ শিক্ষার্থীদের 'হোম ফি' বা স্থানীয় শিক্ষার্থীদের সমান হারে টিউশন ফি সুবিধা দেওয়া হোক। অন্যদিকে, লন্ডন আপাতত 'উল্লেখযোগ্যভাবে কমানো' ফির বিষয়ে রাজি হলেও ইইউ-এর 'মেড ইন ইউরোপ' নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি তুলেছে।
এর আগে চলতি সপ্তাহে বার্নহ্যাম মন্তব্য করেন যে ২০১৬ সালের গণভোটের পর ব্রেক্সিট থেকে যুক্তরাজ্য যা পেয়েছে, হারিয়েছে তার চেয়ে বেশি—যা তিনি একটি 'স্পষ্ট সত্য' হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে ব্রেক্সিটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ ও সম্ভাব্য পুনঃসংযোগ নিয়ে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যেখানে ব্রেক্সিটপন্থি কয়েকটি গোষ্ঠী নতুন নামে আবার সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ