মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৪ পি.এম
যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে আশ্রয়প্রার্থীদের বিনিময়ে চালু হওয়া ‘একজনের বদলে একজন’ (ওয়ান ইন, ওয়ান আউট) কর্মসূচির শেষ দফার বহিষ্কার কার্যক্রম নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবারের শেষ ফ্লাইটে যাদের ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে, তাদের মধ্যে অনেকেই পূর্বে একবার বহিষ্কৃত হয়ে আবার যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। তারা জানিয়েছেন, ফ্রান্সে মানবপাচারকারীদের হুমকি ও নির্যাতনের শিকার হওয়ার পর তারা দ্বিতীয়বার যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা কয়েক শ আশ্রয়প্রার্থীকে ইতোমধ্যে জোরপূর্বক ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে। বিনিময়ে উত্তর ফ্রান্স থেকে প্রায় সমসংখ্যক আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
তবে ফ্রান্সে ফেরত পাঠানো অনেকেই আবার যুক্তরাজ্যে ফিরে এসেছেন। তাদের অভিযোগ, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য দেওয়া অর্থ এখনও বাকি রয়েছে বলে মানবপাচারকারীরা তাদের ও তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। আশ্রয়প্রার্থীদের কয়েকজন জানিয়েছেন, পাচারকারীদের হাতে তারা মারধর, শারীরিক নির্যাতন এমনকি ধর্ষণের শিকার হয়েছেন। কেউ কেউ বলেছেন, রাস্তায় ঘুমানোর সময় পাচারকারীরা তাদের ধরে নিয়ে জোরপূর্বক কাজ করিয়েছে। ফ্রান্সের কালে শহরের একটি অভিবাসী শিবিরে তাদের দিয়ে পাচারকারীদের তাঁবু পরিষ্কার, পানি ও জ্বালানি কাঠ বহনের মতো কাজ করানো হতো। এসব পরিস্থিতিকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করেছেন তারা।
এই কর্মসূচির আওতায় আটক ব্যক্তিদের সহায়তা দেওয়া দাতব্য সংস্থা মেডিকেল জাস্টিস এটিকে ‘বিপর্যয়’ বলে অভিহিত করেছে। মঙ্গলবারের ফ্লাইটে ফ্রান্সে ফেরত পাঠানোর তালিকায় থাকা ইরানের এক আশ্রয়প্রার্থী জানান, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তাকে ফ্রান্সে ফেরত পাঠিয়েছিল। সেখানে মানবপাচারকারীদের হাতে আটক হওয়ার পর তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। ইরানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হওয়ায় দেশে ফেরত পাঠানো হলে মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।
ওই ব্যক্তি বলেন, ‘পাচারকারীরা ফ্রান্সে আমাকে ধরে ফেলেছিল। এ কারণে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসি। ফ্রান্সে আমার আশ্রয়ের আবেদন গ্রহণ করা হয়নি। তাই প্যারিসের রাস্তায় ঘুমাতে বাধ্য হয়েছিলাম।’ তিনি আরও জানান, মঙ্গলবার যাদের ফ্রান্সে পাঠানোর টিকিট দেওয়া হয়েছে, তাদের অনেকেই তার মতো দ্বিতীয়বার যুক্তরাজ্যে এসেছেন। তার অভিযোগ, দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে আসা ব্যক্তিদের আবার ফ্রান্সে পাঠিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।
আশ্রয়প্রার্থীদের জন্য পর্যাপ্ত আইনজীবী নিয়োগের কথা স্বরাষ্ট্র দপ্তর জানালেও বাস্তবে আইনি সহায়তা পেতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে তার বন্ধুরা একজন আইনজীবী নিয়োগ করলেও নির্ধারিত সময়ের মধ্যে বহিষ্কারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন ওই আশ্রয়প্রার্থী।
তিনি বলেন, ‘আমার মানসিক অবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার ফ্রান্সে ফেরত গেলে পাচারকারীরা আমাকে ধরে মেরে ফেলতে পারে বলে ভয় হচ্ছে।’ এর আগে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানোর সময় নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়েও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, কয়েকজন নিরাপত্তাকর্মী তাকে ঘিরে ধরেছিলেন, যেন তিনি কোনো অপরাধী। অথচ আশ্রয় চাওয়ার জন্য যুক্তরাজ্যে আসা ছাড়া তিনি কোনো অপরাধ করেননি।
এবার ফ্রান্সে ফিরে গেলে কোথায় থাকবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওই ব্যক্তি। তার কথায়, আগেরবার ফ্রান্সে রাস্তায় ঘুমানোর সময় আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডায় বাইরে রাত কাটানো কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে করা ‘একজনের বদলে একজন’ চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে ফেরত পাঠানোর বিনিময়ে ফ্রান্স থেকে সমসংখ্যক ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া হতো। মঙ্গলবার এই কর্মসূচির শেষ দফার ফ্লাইট পরিচালিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি নিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাকশ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করেন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাস অবরোধ করেন। এর ফলে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও তারা রাজি হননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেন বিক্ষোভকারীরা।
একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় গিয়ে আবারও সড়কে অবস্থান নেওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছেন। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী। ৯৬ বছর বয়সে মৃত্যুবরণকারী এই নেতা সারা জীবন সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দাবি আদায়ের জন্য কাজ করেছেন। আন্দোলন সংগ্রামে তিনি কখনো পিছপা হননি। আওয়ামী মুসলিম লীগ গঠন করে দলের সভাপতি হওয়ার পর থেকে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। একপর্যায়ে শেখ মুজিবের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর তিনি নতুন দল গঠন করেন, যা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে পরিচিত। ষাটের দশকে আইয়ুব খান বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন মওলানা ভাসানী ছিলেন প্রধান কান্ডারী। ১৯৬৯ সালের ১৮ এপ্রিল তৎকালীন টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয় তার উপর একটি প্রচ্ছদ প্রতিবেদন। শিরোনাম ছিল ‘পাকিস্তান: দ্য প্রফেট অফ ভায়োলেন্স’। প্রতিবেদনটি লিখেছিলেন ড্যান কোগিন, যিনি ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত এশিয়ায় টাইম এর এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন।
প্রতিবেদনে মওলানা ভাসানীকে ধর্মীয় নেতা, গ্রামীণ জনগণের জনপ্রিয় অভিভাবক এবং পাকিস্তানের অন্যতম স্পষ্টভাষী রাজনৈতিক আন্দোলনকারী হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনের শুরুতে ভাসানীর ব্যক্তিত্বের একটি চিত্র তুলে ধরা হয়, যেখানে তিনি নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন পূর্ব পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে, যা ঢাকা থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থিত।
এরপর প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার শান্ত ও দরদী চেহারার আড়ালে রয়েছে পাকিস্তানের সবচেয়ে স্পষ্টভাষী সহিংসতাপন্থী রাজনৈতিক কণ্ঠস্বর। প্রতিবেদনের বহুল আলোচিত বর্ণনাটি ছিল: ‘Pakistan's most out spoken advocate of violence.’ অর্থাৎ পাকিস্তানের সহিংসতার পক্ষে সবচেয়ে স্পষ্টভাষী প্রবক্তা। এই প্রতিবেদনটি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তানের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থান চলছিল। সেই সময় ভাসানী ছিলেন আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা।
তার রাজনৈতিক বক্তব্য গণ মানুষকে সংগঠিত করার ক্ষমতা এবং আইয়ুব খানের বিরুদ্ধে কঠোর অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই কারণে টাইম ম্যাগাজিন তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করে। কিন্তু বাংলাদেশের ইতিহাস যারা রচনা করেছেন, তারা এই কথাটি তেমন উল্লেখ করেন না। এর কারণ ছিল, সে সময় শেখ মুজিবকে অবিসংবাদিত নেতা হিসেবে তুলে ধরার জন্য প্রাণান্ত চেষ্টা চলছিল। তাকে বানানো হয় ছয় দফার আন্দোলনের নায়ক। আগরতলা মামলা থেকে শেখ মুজিবকে মুক্ত করে আনার পর বানানো হলো মহানায়ক। রাজনৈতিক মহলে তিনিই হলেন একমাত্র নেতা—এই বয়ান তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচলিত ছিল। কিন্তু টাইম ম্যাগাজিন সেই নেতা শেখ মুজিবকে নিয়ে কোন প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেনি। তারা প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করেছে মওলানা ভাসানীকে নিয়ে। তাদের দৃষ্টিতে মওলানা ভাসানীর রাজনীতি এবং তার বক্তব্য তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে তটস্থ করে রেখেছিল।
এই প্রচ্ছদ প্রতিবেদন থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ১. মওলানা ভাসানীর রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ছিল। ২. তার বিপ্লবী ও আপসহীন রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছিল। ৩. টাইম তাকে শুধু ধর্মীয় নেতা হিসেবে নয়, রাজনৈতিক আন্দোলনের একজন শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেও দেখেছিল।
আজ মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনটি ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা হলো।
মওলানা ভাসানী: ‘প্রফেট অব ভায়োলেন্স’
প্রতিবেদনে তাকে এমন একজন রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরা হয়, যিনি পূর্ব পাকিস্তানের দরিদ্র কৃষকসমাজের কাছে প্রায় সাধুপুরুষের মর্যাদা অর্জন করেছিলেন, অথচ তার রাজনৈতিক বক্তব্য ও আন্দোলনের কৌশল ছিল অত্যন্ত তীব্র, আপসহীন এবং জ্বালাময়ী। প্রতিবেদনের মূল বক্তব্য ছিল, মওলানা ভাসানী শুধু একজন ধর্মীয় নেতা কিংবা সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের গণঅসন্তোষকে বিস্ফোরক রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম এক বিরল নেতা।
গ্রামীণ জনতার নেতা, রাষ্ট্রের জন্য আতঙ্ক
টাইম প্রতিবেদনের শুরুতেই ভাসানীর ব্যক্তিত্বের একটি বৈপরীত্য তুলে ধরা হয়। তার মুখে শান্তির ছাপ, দাড়িতে সাদা আভা, পোশাকে সাধারণত্ব। নাতি-নাতনিদের সঙ্গে গ্রামের বাড়িতে সময় কাটানো একজন বৃদ্ধ ধর্মীয় নেতার মতোই তাকে দেখাচ্ছিল। কিন্তু এই শান্ত চেহারার আড়ালে ছিলেন পাকিস্তানের সবচেয়ে উচ্চকণ্ঠ ও সংঘাতমুখী রাজনৈতিক নেতাদের একজন। প্রতিবেদনে বলা হয়, ভাসানীকে পূর্ব পাকিস্তানের লাখ লাখ কৃষক একজন জীবন্ত সাধু হিসেবে দেখতেন। তার জনপ্রিয়তার মূল ভিত্তি ছিল দরিদ্র মানুষের প্রতি অকৃত্রিম সহানুভূতি এবং শোষক শ্রেণির বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রাম। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে জমিদার ও ধনী ভূস্বামীদের বিরুদ্ধে তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরেছেন, সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
আইয়ুব খানের পতনে ভাসানীর ভূমিকা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক। প্রেসিডেন্ট আইয়ুব খানের দীর্ঘ সামরিক-সমর্থিত শাসনের বিরুদ্ধে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। ছাত্র আন্দোলন, শ্রমিকদের বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ এবং সাধারণ মানুষের ক্ষোভ মিলিতভাবে শাসনব্যবস্থাকে সংকটের মুখে ঠেলে দেয়। টাইমের মূল্যায়নে মওলানা ভাসানী ছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান প্রেরণাদাতা। প্রতিবেদনে তাকে এমন একজন নেতা হিসেবে বর্ণনা করা হয়, যিনি আইয়ুব খানের পতনের পেছনে অন্য যেকোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বের তুলনায় বেশি ভূমিকা রেখেছিলেন।
আইয়ুব খানের পতনের পর জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করেন। দেশে সামরিক আইন জারি থাকলেও ভাসানী নীরব থাকেননি। অন্য রাজনৈতিক নেতারা কঠোর দমননীতির আশঙ্কায় সতর্ক অবস্থান নিলেও তিনি প্রকাশ্যে নতুন সামরিক শাসকের বিরুদ্ধে কথা বলতে থাকেন। তার বক্তব্য ছিল পরিষ্কার—আইয়ুব খানের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ ঘটেছিল, ইয়াহিয়া খানও একই পরিণতির মুখোমুখি হতে পারেন। প্রতিবেদনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যকে ভাসানীর বক্তব্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়।
পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে বঞ্চিত, রাজনৈতিক ক্ষমতায় পিছিয়ে এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে উপেক্ষিত। এই বৈষম্যের বিরুদ্ধে ভাসানী দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। তিনি মনে করতেন, পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে পূর্ব পাকিস্তানের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের সম্পদ ব্যবহার করলেও জনগণের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে ন্যায়সংগত ভূমিকা পালন করেনি। টাইমের ভাষ্য অনুযায়ী, ভাসানী পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উসকে দিচ্ছিলেন এবং পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে জনমতকে সংগঠিত করছিলেন।
তার বক্তব্য ছিল, নতুন সরকার যদি পুরোনো বৈষম্য দূর না করে, তাহলে জনগণ আবারও বিদ্রোহ করতে পারে। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার আন্দোলন আগের চেয়েও ভয়াবহ হতে পারে। সামরিক বাহিনী কি ১২ কোটি ৫০ লাখ মানুষকে হত্যা করতে পারবে—এমন প্রশ্ন তুলে তিনি গণশক্তির ওপর নিজের আস্থার কথা প্রকাশ করেন। ভিয়েতনামের যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, জনগণের অসন্তোষ একবার জ্বলে উঠলে তাকে সামরিক শক্তি দিয়ে সহজে দমন করা যায় না।
‘ইসলামিক সোশ্যালিজম’: ধর্ম ও বিপ্লবের সমন্বয়
ভাসানীর রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসলাম ও সমাজতন্ত্রের সমন্বয়। তিনি তার আদর্শকে ‘ইসলামিক সোশ্যালিজম’ বলে অভিহিত করতেন। টাইম প্রতিবেদনে বলা হয়, তার এই দর্শন প্রচলিত ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ ছিল না। অনেক ধর্মীয় নেতা মনে করতেন, ইসলাম ও ভাসানীর সমাজতন্ত্র একসঙ্গে চলতে পারে না। কিন্তু ভাসানী নিজেকে একজন ধর্মীয় মানুষ এবং একই সঙ্গে বিপ্লবী হিসেবে পরিচয় দিতেন। তার বক্তব্যের মূল কথা ছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার ধর্মীয় বিশ্বাসের অংশ। তিনি মনে করতেন, প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যদি মানুষের ওপর শোষণ চালায়, তাহলে সেই ব্যবস্থাকে পরিবর্তন করা ধর্মীয় দায়িত্বের মধ্যেই পড়ে। এই দৃষ্টিভঙ্গি তাকে প্রচলিত ধর্মীয় নেতৃত্ব থেকে আলাদা করেছিল। ধর্মকে তিনি শুধু ব্যক্তিগত বিশ্বাস বা আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং সামাজিক ন্যায়বিচার ও রাজনৈতিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।
প্রতিবেদনে ভাসানীর চীনপ্রীতি এবং চীনের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছিল। ১৯৫২ সালে প্রথম চীন সফরের পর তার চীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। তিনি চীনের সমাজব্যবস্থা ও রাজনৈতিক পরিবর্তনের প্রশংসা করতেন। তবে চীনের নাস্তিকতার সঙ্গে তার ধর্মীয় বিশ্বাসের পার্থক্যও স্পষ্ট করে দিতেন। আইয়ুব খান ক্ষমতায় আসার পর ভাসানী চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে অনানুষ্ঠানিক ভূমিকা পালন করেছিলেন। টাইমের ভাষ্য অনুযায়ী, এই সম্পর্ক তাকে রাজনৈতিকভাবে কিছুটা সুরক্ষা দিয়েছিল। কিন্তু ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তার চীন-সম্পর্কিত অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়, তার দলীয় কর্মীরা সহিংস আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং চীনের নির্দেশে মাওবাদী বিদ্রোহের পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এটি ছিল প্রতিবেদকের রাজনৈতিক মূল্যায়ন ও অভিযোগ; ভাসানীর চীনপ্রীতি এবং তার রাজনৈতিক যোগাযোগের ভিত্তিতে এমন ধারণা প্রকাশ করা হয়েছিল।
সহিংসতা, গণআন্দোলন ও বিতর্কিত রাজনৈতিক কৌশল:
টাইমের প্রতিবেদনের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল ভাসানীর আন্দোলন পরিচালনার কৌশল। প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালের আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় সহিংসতা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটেছিল। ভাসানীর অনুসারীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ তোলা হয়। ভাসানী এসব ঘটনাকে অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানেই তাকে ‘প্রফেট অব ভায়োলেন্স’ বা ‘সহিংসতার নবী’ আখ্যা দেওয়ার মূল কারণ।
তবে প্রতিবেদনের মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—ভাসানীর রাজনৈতিক বক্তব্য তার বাস্তব সাংগঠনিক শক্তির তুলনায় অনেক বেশি বিস্ফোরক ছিল। তার অনুসারীদের বড় অংশ ছিল পূর্ব পাকিস্তানের কৃষকসমাজে। সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই করার মতো শক্তি তার সংগঠনের ছিল না। তবু তার বক্তব্য, আন্দোলনের আহ্বান এবং জনগণের মধ্যে তার প্রভাব পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছিল।
‘প্রফেট অব ভায়োলেন্স’—একটি ঐতিহাসিক মূল্যায়ন
১৯৬৯ সালের ১৮ এপ্রিলের টাইম প্রতিবেদনটি মূলত তিনটি বৈপরীত্যের ওপর দাঁড়িয়ে ছিল। ১) সাধুপুরুষ বনাম বিপ্লবী: সাধারণ জীবনযাপনকারী ধর্মীয় নেতা, যিনি দরিদ্র মানুষের কাছে ছিলেন প্রায় সাধুসম। ২) জনগণের নেতা বনাম রাষ্ট্রের আতঙ্ক: কৃষকসমাজের প্রিয় নেতা, যার রাজনৈতিক বক্তব্য সামরিক শাসকদের কাছে বিপজ্জনক বলে বিবেচিত হয়েছিল। ৩) সামাজিক ন্যায়বিচার বনাম সহিংস রাজনৈতিক কৌশল: শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী নেতা, যাঁর আন্দোলনের সঙ্গে সহিংসতার অভিযোগও যুক্ত হয়েছিল। প্রতিবেদনটি ভাসানীকে নিছক একজন সহিংস রাজনীতিক হিসেবে দেখেনি; বরং তার জনপ্রিয়তার সামাজিক ভিত্তি, রাজনৈতিক দর্শন, কৃষকসমাজের সঙ্গে সম্পর্ক এবং পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে তার অবস্থানও তুলে ধরেছিল।
তবে এর দৃষ্টিভঙ্গি ছিল মূলত পশ্চিমা সাংবাদিকতার রাজনৈতিক বিশ্লেষণ। পূর্ব পাকিস্তানের বঞ্চনা, জাতীয় অধিকার ও গণআন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে পুরোপুরি উপলব্ধি করতে হলে প্রতিবেদনের বাইরেও বৃহত্তর ইতিহাস বিবেচনা করা প্রয়োজন। সব মিলিয়ে, ‘প্রফেট অব ভায়োলেন্স’ ছিল এমন এক রাজনৈতিক নেতার প্রতিকৃতি, যিনি দরিদ্র মানুষের ক্ষোভকে রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে সংগঠিত করতে পেরেছিলেন। তার রাজনৈতিক দর্শন, সংগ্রামী ভাষা এবং গণআন্দোলনের ভূমিকা তাকে পাকিস্তানের শাসকগোষ্ঠীর কাছে আতঙ্কের প্রতীক করে তুলেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে আগামী ২৩ নভেম্বর সভা আয়োজন করবে নিম্নতম মজুরি বোর্ড।
সভাটি অনুষ্ঠিত হবে ওই দিন সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে। সভার সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান।
আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছিল নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হার নির্ধারণের জন্য সুপারিশ প্রণয়নের বিষয়ে বোর্ডের তৃতীয় সভা আহ্বান করা হয়েছে। সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ এবং শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করা হবে। নোটিশে সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার ভোরে তুরস্কের বিরোধীদলীয় সমর্থক সংবাদমাধ্যম সোজকু টিভি এবং এর মিডিয়া গ্রুপের ইস্তাম্বুলের প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের ফলে কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে মিডিয়া গ্রুপটি জানায়।
এটি বিরোধীদলীয় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে চলমান পদক্ষেপের সর্বশেষ ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এক মাস আগে, তুরস্কের সবচেয়ে জনপ্রিয় সংবাদ চ্যানেল হাল্ক টিভির অফিসেও পুলিশ অভিযান চালিয়েছিল। সেই সময় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং একজন প্রশাসক নিয়োগ করা হয়।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে সোজকু টিভির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় উল্লেখ করা হয়, ‘আদালতের নির্দেশে সোযজুর ভবনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
অন্য একটি পোস্টে জানানো হয়, ‘সোজকু টিভিতে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ভবনে পুলিশ তল্লাশি চালাচ্ছে... কয়েকজনকে আটক করা হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ