প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি নিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাকশ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করেন। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শত শত শ্রমিক জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাস অবরোধ করেন। এর ফলে এসব সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও তারা রাজি হননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে আগুন দেন বিক্ষোভকারীরা।
একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায়ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে সরিয়ে দেন। তবে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় গিয়ে আবারও সড়কে অবস্থান নেওয়ার ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছেন। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন