ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সশস্ত্র বাহিনী দিবসে বিশেষ মোনাজাত ও বিভিন্ন কর্মসূচি


সশস্ত্র বাহিনী দিবসে বিশেষ মোনাজাত ও বিভিন্ন কর্মসূচি

আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। দেশের বিভিন্ন সেনানিবাস, নৌ-ঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের উন্নতি ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান উন্নয়ন এবং স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমে পৃথক বাণী দিয়েছেন।

বিশেষ ক্রোড়পত্র প্রকাশের মাধ্যমে দিবসটির গুরুত্ব সংবাদপত্রে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হবে।

এদিন বাদ ফজর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এছাড়া তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শনিবার বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

এছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরেও বর্ণাঢ্য আয়োজন

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, টাঙ্গাইলের ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর, রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বর্ণাঢ্য এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপরদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজগুলোকে বিশেষভাবে সাজিয়ে নোঙর করে রাখা হবে। বেলা ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণ তা দেখার সুযোগ পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলতে গিয়ে মেয়র মামদানির গোড়ালির রগ ছিঁড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


ফুটবল খেলতে গিয়ে মেয়র মামদানির গোড়ালির রগ ছিঁড়ল

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গোড়ালির পেছনের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের বিরুদ্ধে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচে অংশগ্রহণের সময় এই আঘাতটি ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) নিজেই এই তথ্য প্রকাশ করেন তিনি।

এই আঘাতের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ মেয়রকে মেডিক্যাল বুট পরে থাকতে হবে। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় নয় মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন মামদানি।

৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার সংবাদ সম্মেলনে ক্র্যাচের সাহায্যে উপস্থিত হন। এক সাংবাদিক তাঁর আঘাতের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফুটবল খেলার সময় তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।

মেয়র ওয়ার্মআপ না করাকে এই আঘাতের কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’ তবে ফুটবলপ্রেমী মামদানি জানান, মাঠে নামার পরপরই তিনি একটি গোল করেছিলেন। রসিকতা করে তিনি বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ শেষে তিনি জানান, তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়েছে।

ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে মেয়রের দপ্তরের কর্মী এবং প্রায় ২৪ জন সাংবাদিকের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর সেখানে পৌঁছে মাঠে নামেন মামদানি।

অ্যাকিলিস টেন্ডন হলো গোড়ালির পেছনে থাকা মোটা ও শক্ত রগ। এটি পায়ের পেছনের পেশির সঙ্গে গোড়ালির সংযোগ তৈরি করে এবং হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যসূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার পর নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাসভবনসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির দুই নেতা হত্যার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলশ্রুতিতে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি এবং আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পর নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী, উৎপাদন চলছে কারখানায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী, উৎপাদন চলছে কারখানায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ সম্পূর্ণ সচল রয়েছে। মহাসড়কের কোথাও ইটপাটকেল, পিকেটিং, রাস্তাঘাট অবরোধ, ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি।

শান্তিপ্রিয় কালিয়াকৈরবাসীর প্রতিরোধ এবং শ্রমিক, মালিক ও প্রশাসনের ঐক্যের ফলে শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈরের পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে। শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন এবং কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। গত কয়েক দিনের আতঙ্ক, গুজব ও লকডাউনের ডাক পেছনে ফেলে কালিয়াকৈর প্রমাণ করেছে—এলাকাবাসী শান্তি ও কাজ চায়, কোনো নৈরাজ্য চায় না।

শনিবার সকাল থেকে সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে দেখা গেছে স্বাভাবিক চিত্র। চন্দ্রা ত্রিমোড়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও কোনো জটলা বা পিকেটিং দেখা যায়নি। শ্রমিকেরা সকাল থেকেই দলে দলে কারখানায় প্রবেশ করছেন।

মৌচাক শিল্প এলাকায় সকাল থেকেই কারখানাগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কারখানার ফটকে কোনো বিক্ষোভ নেই, ভেতরে উৎপাদন চলছে পুরোদমে। সফিপুরেও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি। মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে, দোকানপাট খোলা রয়েছে এবং মানুষের চলাচল স্বাভাবিক। কালিয়াকৈর বাসস্ট্যান্ডে বাস ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলছে এবং যাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। উপজেলার ভেতরের শিল্প এলাকাগুলোতেও একই চিত্র দেখা গেছে।

সকাল থেকে পোশাকশ্রমিকেরা নিজ তাগিদে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন। এক শ্রমিক বলেন, ‘আমরা কাজ করে বাঁচতে চাই। গত কয়েক দিন ভয়ে ছিলাম। আজ শান্তিতে কাজে এসেছি, কোনো ঝামেলা নেই। ভালো লাগছে।’ এক নারী শ্রমিক বলেন, ‘আমরা গরিব মানুষ। কাজ না করলে সংসার চলবে না। আমরা অশান্তি চাই না, কাজ চাই। আজ শান্তিতে কাজ করতে পারছি।’ আরেক শ্রমিক বলেন, ‘যাঁরা আমাদের রাস্তায় নামাতে চেয়েছিলেন, তাঁরা ব্যর্থ হয়েছেন। আমরা বুঝে গেছি, ভাঙচুর করে কোনো লাভ নেই, কাজ করলেই লাভ।’

কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে জানা গেছে, আজ উৎপাদন পুরোদমে চলছে। এক কারখানা কর্মকর্তা বলেন, ‘আমাদের কারখানায় আজ শতভাগ শ্রমিক উপস্থিত। উৎপাদন পুরোদমে চলছে, কোনো সমস্যা নেই। আমরা শ্রমিকদের সাথে আলোচনা করে সব সমাধান করছি।’ আরেক কারখানা মালিক বলেন, শ্রমিকেরা কাজে ফিরে আসায় আমরা খুশি। আমরা চাই শান্তি বজায় থাকুক। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আমরা আলোচনা করব।

এদিকে চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাসস্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ ও সূত্রাপুর- মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল চলছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

কালিয়াকৈর থানা-পুলিশ জানিয়েছে, উপজেলায় শান্তিশৃঙ্খলা রক্ষায় তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে এলে, কারখানা ভাঙচুর করলে, গাড়িতে আগুন দিলে বা মহাসড়ক অবরোধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈরের পরিস্থিতি শান্ত থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা হুমায়ুন কবির খানসহ স্থানীয় শ্রমিক নেতারা শ্রমিকদের বুঝিয়েছেন যে ভাঙচুর বা অগ্নিসংযোগ করে কোনো লাভ নেই, কাজ করেই বাঁচতে হবে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রাজপথে থেকে নৈরাজ্য প্রতিরোধ করেছেন এবং শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল এবং মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছে।

এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তি চাই, ব্যবসা করতে চাই। আজ দোকান খুলেছি, ক্রেতা আসছে। এটাই তো চাই।’ এক বাসচালক বলেন, ‘গত কয়েক দিন ভয়ে গাড়ি চালিয়েছি। আজ শান্তিতে গাড়ি চালাচ্ছি। রাস্তা পরিষ্কার, মানুষ শান্ত।’ এক যাত্রী বলেন, ‘কালিয়াকৈর এখন শান্ত। আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছি।

সব মিলিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশ আজ সম্পূর্ণ সচল ও শান্ত। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানায় পুরোদমে উৎপাদন চলাই প্রমাণ করে, কালিয়াকৈরে নৈরাজ্যের কোনো ঠাঁই নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার বড়াইগ্রাম উপজেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


শনিবার বড়াইগ্রাম উপজেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় শনিবার (২১ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%