ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফুটবল খেলতে গিয়ে মেয়র মামদানির গোড়ালির রগ ছিঁড়ল


ফুটবল খেলতে গিয়ে মেয়র মামদানির গোড়ালির রগ ছিঁড়ল

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গোড়ালির পেছনের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিকদের বিরুদ্ধে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচে অংশগ্রহণের সময় এই আঘাতটি ঘটে। শুক্রবার (২০ নভেম্বর) নিজেই এই তথ্য প্রকাশ করেন তিনি।

এই আঘাতের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ মেয়রকে মেডিক্যাল বুট পরে থাকতে হবে। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় নয় মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন মামদানি।

৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার সংবাদ সম্মেলনে ক্র্যাচের সাহায্যে উপস্থিত হন। এক সাংবাদিক তাঁর আঘাতের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফুটবল খেলার সময় তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায়।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

মেয়র ওয়ার্মআপ না করাকে এই আঘাতের কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’ তবে ফুটবলপ্রেমী মামদানি জানান, মাঠে নামার পরপরই তিনি একটি গোল করেছিলেন। রসিকতা করে তিনি বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’ শেষে তিনি জানান, তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়েছে।

ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে মেয়রের দপ্তরের কর্মী এবং প্রায় ২৪ জন সাংবাদিকের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর সেখানে পৌঁছে মাঠে নামেন মামদানি।

অ্যাকিলিস টেন্ডন হলো গোড়ালির পেছনে থাকা মোটা ও শক্ত রগ। এটি পায়ের পেছনের পেশির সঙ্গে গোড়ালির সংযোগ তৈরি করে এবং হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যসূত্র: এনডিটিভি

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার পর নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাসভবনসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির দুই নেতা হত্যার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলশ্রুতিতে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি এবং আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের পর নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী, উৎপাদন চলছে কারখানায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী, উৎপাদন চলছে কারখানায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ সম্পূর্ণ সচল রয়েছে। মহাসড়কের কোথাও ইটপাটকেল, পিকেটিং, রাস্তাঘাট অবরোধ, ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি।

শান্তিপ্রিয় কালিয়াকৈরবাসীর প্রতিরোধ এবং শ্রমিক, মালিক ও প্রশাসনের ঐক্যের ফলে শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈরের পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে। শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন এবং কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। গত কয়েক দিনের আতঙ্ক, গুজব ও লকডাউনের ডাক পেছনে ফেলে কালিয়াকৈর প্রমাণ করেছে—এলাকাবাসী শান্তি ও কাজ চায়, কোনো নৈরাজ্য চায় না।

শনিবার সকাল থেকে সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে দেখা গেছে স্বাভাবিক চিত্র। চন্দ্রা ত্রিমোড়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও কোনো জটলা বা পিকেটিং দেখা যায়নি। শ্রমিকেরা সকাল থেকেই দলে দলে কারখানায় প্রবেশ করছেন।

মৌচাক শিল্প এলাকায় সকাল থেকেই কারখানাগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। কারখানার ফটকে কোনো বিক্ষোভ নেই, ভেতরে উৎপাদন চলছে পুরোদমে। সফিপুরেও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি। মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে, দোকানপাট খোলা রয়েছে এবং মানুষের চলাচল স্বাভাবিক। কালিয়াকৈর বাসস্ট্যান্ডে বাস ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলছে এবং যাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। উপজেলার ভেতরের শিল্প এলাকাগুলোতেও একই চিত্র দেখা গেছে।

সকাল থেকে পোশাকশ্রমিকেরা নিজ তাগিদে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন। এক শ্রমিক বলেন, ‘আমরা কাজ করে বাঁচতে চাই। গত কয়েক দিন ভয়ে ছিলাম। আজ শান্তিতে কাজে এসেছি, কোনো ঝামেলা নেই। ভালো লাগছে।’ এক নারী শ্রমিক বলেন, ‘আমরা গরিব মানুষ। কাজ না করলে সংসার চলবে না। আমরা অশান্তি চাই না, কাজ চাই। আজ শান্তিতে কাজ করতে পারছি।’ আরেক শ্রমিক বলেন, ‘যাঁরা আমাদের রাস্তায় নামাতে চেয়েছিলেন, তাঁরা ব্যর্থ হয়েছেন। আমরা বুঝে গেছি, ভাঙচুর করে কোনো লাভ নেই, কাজ করলেই লাভ।’

কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে জানা গেছে, আজ উৎপাদন পুরোদমে চলছে। এক কারখানা কর্মকর্তা বলেন, ‘আমাদের কারখানায় আজ শতভাগ শ্রমিক উপস্থিত। উৎপাদন পুরোদমে চলছে, কোনো সমস্যা নেই। আমরা শ্রমিকদের সাথে আলোচনা করে সব সমাধান করছি।’ আরেক কারখানা মালিক বলেন, শ্রমিকেরা কাজে ফিরে আসায় আমরা খুশি। আমরা চাই শান্তি বজায় থাকুক। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আমরা আলোচনা করব।

এদিকে চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাসস্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ ও সূত্রাপুর- মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল চলছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

কালিয়াকৈর থানা-পুলিশ জানিয়েছে, উপজেলায় শান্তিশৃঙ্খলা রক্ষায় তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে এলে, কারখানা ভাঙচুর করলে, গাড়িতে আগুন দিলে বা মহাসড়ক অবরোধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈরের পরিস্থিতি শান্ত থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা হুমায়ুন কবির খানসহ স্থানীয় শ্রমিক নেতারা শ্রমিকদের বুঝিয়েছেন যে ভাঙচুর বা অগ্নিসংযোগ করে কোনো লাভ নেই, কাজ করেই বাঁচতে হবে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রাজপথে থেকে নৈরাজ্য প্রতিরোধ করেছেন এবং শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল এবং মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছে।

এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তি চাই, ব্যবসা করতে চাই। আজ দোকান খুলেছি, ক্রেতা আসছে। এটাই তো চাই।’ এক বাসচালক বলেন, ‘গত কয়েক দিন ভয়ে গাড়ি চালিয়েছি। আজ শান্তিতে গাড়ি চালাচ্ছি। রাস্তা পরিষ্কার, মানুষ শান্ত।’ এক যাত্রী বলেন, ‘কালিয়াকৈর এখন শান্ত। আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছি।

সব মিলিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশ আজ সম্পূর্ণ সচল ও শান্ত। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানায় পুরোদমে উৎপাদন চলাই প্রমাণ করে, কালিয়াকৈরে নৈরাজ্যের কোনো ঠাঁই নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার বড়াইগ্রাম উপজেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


শনিবার বড়াইগ্রাম উপজেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু এলাকায় শনিবার (২১ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ও ভবিষ্যৎ চাই, সামরিক ব্যয় নয়: ইউরোপজুড়ে শিক্ষার্থীদের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


শিক্ষা ও ভবিষ্যৎ চাই, সামরিক ব্যয় নয়: ইউরোপজুড়ে শিক্ষার্থীদের ধর্মঘট

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং সামরিক ব্যয় কমানোর দাবিতে ইউরোপজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ রাজপথে নেমেছেন। তারা বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতাও করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়াসহ অন্তত ২৫টি দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়। ‘আমাদের ভবিষ্যৎ চাই, তাদের যুদ্ধ নয়’ স্লোগানে আয়োজিত আন্দোলনে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনও অংশগ্রহণ করে।

আয়োজকরা জানিয়েছেন, ইউরোপের ২৫টির বেশি দেশে কয়েকশ শহরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫০টিরও বেশি ছাত্র ও যুব সংগঠনের সমন্বয়ে গঠিত জোট এ আন্তর্জাতিক ধর্মঘটের ডাক দেয়। ফ্রান্সে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বড় বিক্ষোভগুলো এই আন্দোলনে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। তবে শুক্রবারের অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক শ থেকে কয়েক হাজারের মধ্যে ছিল।

জার্মানিতে ‘জেন জেড রেগেল্ট’ (জেন জেডের দায়িত্ব গ্রহণ) নামের একটি আন্দোলনকারী সংগঠন জানিয়েছে, দেশটির ৭৩টি শহর ও ছোট শহরে বিক্ষোভের আয়োজন করেছে তারা। রাজধানী বার্লিনের ঐতিহাসিক আলেক্সান্ডারপ্লাৎজ চত্বরে প্রায় চার হাজার মানুষ সমবেত হন। কোলন শহরেও কয়েক হাজার শিক্ষার্থী ও তরুণ বিক্ষোভে অংশ নেন। সেখানে পাঁচ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত উপস্থিতি তার চেয়ে কম ছিল বলে পুলিশ জানিয়েছে।

কোলনের বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জেসমিন হামাদি বলেন, সর্বত্র যেভাবে ব্যয় সংকোচন করা হচ্ছে, তাতে তিনি মোটেও সন্তুষ্ট নন। তিনি জানান, শুধু বিশ্ববিদ্যালয় নয়, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও স্কুলগুলোও এর প্রভাবের বাইরে নয়। এ কারণেই প্রতিবাদ জানাতে এবং পরিবর্তনের দাবি তুলতে তিনি রাজপথে নেমেছেন। তার ভাষায়, এভাবে আর চলতে পারে না।

ইতালিতে বিক্ষোভের ব্যাপ্তি ছিল আরও বড়। দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএলের ডাকে শুক্রবারের সাধারণ ধর্মঘটে শিক্ষার্থী ও শ্রমিকসহ কয়েক হাজার মানুষ নয়, বরং কয়েক দশ হাজার মানুষ অংশ নেন। দেশটির ১০০টিরও বেশি শহরে কর্মসূচি পালিত হয়। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে উচ্চ মজুরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্যসহ জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বাড়ানোর দাবি জানান বিক্ষোভকারীরা।

সিজিআইএলের নেতা মাউরিজিও লানদিনি বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণরা নিজেদের দাবি নিয়ে রাজপথে নেমেছেন। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইতালির এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ অংশ নেন। ফলে এটি কেবল শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি, বরং বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক দাবির আন্দোলনে রূপ নেয়।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশের বিক্ষোভে শিক্ষার্থীদের দাবির ধরনেও বৈচিত্র্য দেখা গেছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার ব্যয় কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি ও বাধ্যতামূলক সেনা নিয়োগের উদ্যোগের বিরোধিতা করেছেন অনেকে। বিক্ষোভকারীদের বক্তব্য, শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষার পরিবর্তে সামরিক খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা হলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।

শুক্রবারের কর্মসূচিতে অনেক বিক্ষোভকারীর হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে যুদ্ধ, সামরিকীকরণ, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি ব্যয় সংকোচনের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, যুদ্ধের প্রস্তুতির পরিবর্তে মানুষের মৌলিক চাহিদা পূরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সরকারগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভে অংশ নেন ২৫ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী ইভলিন। তিনি বলেন, জেনারেশন জেডের অনেকেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আসন্ন জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি মানুষের জীবন ঝুঁকিতে পড়ার আশঙ্কা তাদের ভাবিয়ে তুলছে। যারা বর্তমানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের ওপর ভবিষ্যৎ পুরোপুরি ছেড়ে দিলে তরুণদের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও শত শত বিক্ষোভকারী সমবেত হন। সেখানে এক বিক্ষোভকারীর হাতে থাকা কার্ডবোর্ডের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি ক্লাস ফাঁকি দিচ্ছিলাম না, বেঁচে থাকার জন্য কাজ করছিলাম।’ এ স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের একাংশ জীবনযাত্রার ব্যয় ও আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি কাজ করতে বাধ্য হওয়ার বিষয়টি তুলে ধরেন।

এদিকে ক্রোয়েশিয়ায় শিক্ষার্থীরা সামরিক খাতের পরিবর্তে শিক্ষা, আবাসন ও জনসেবামূলক খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে বিভিন্ন স্থানে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও তরুণদের কর্মসূচি পালিত হয়। তবে সেখানে কিছু বিশৃঙ্খলার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে সাম্প্রতিক বড় বিক্ষোভের ধারাবাহিকতায় ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় সরকারি বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু সংকট মোকাবিলা, আবাসন ব্যয় কমানো এবং সামরিক ব্যয় নিয়ন্ত্রণ। আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, ২০ নভেম্বরের কর্মসূচি বিচ্ছিন্ন কোনো প্রতিবাদ নয়; বরং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে ইউরোপজুড়ে দীর্ঘমেয়াদি আন্দোলন গড়ে তোলার সূচনা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%