শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৯ পি.এম
যুদ্ধবিমান প্রযুক্তিতে দীর্ঘকাল ধরে বিশ্বের মধ্যে আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় চীন নতুন করে আলোচনায় এসেছে। দেশটির তৈরি একটি লেজবিহীন রহস্যময় যুদ্ধবিমানের নতুন ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এতে দাবি করা হচ্ছে যে, বিমানটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ৯০ ডিগ্রি বাঁক নিতে সক্ষম। ফলে চীনের আকাশযুদ্ধে সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে।
চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশনের তৈরি এই যুদ্ধবিমানটি প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর থেকেই এটিকে সম্ভাব্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আকার বড় হওয়ায় এতে অত্যাধুনিক রাডার, উন্নত সেন্সর এবং বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতা যুক্ত করার সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিমানটির সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো এর লেজবিহীন নকশা। প্রচলিত যুদ্ধবিমানে সাধারণত অনুভূমিক লেজ বা হরিজন্টাল টেইলপ্লেন থাকে, যা বিমানের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দ্রুত দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু চীনের এই যুদ্ধবিমানে প্রচলিত কাঠামো না থাকায় এর নিয়ন্ত্রণ ও উড্ডয়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল।
তবে নতুন প্রকাশিত ভিডিওতে বিমানটির দ্রুত কৌশল পরিবর্তনের দৃশ্য সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষজ্ঞদের মতে, ডানার সঙ্গে সমন্বিত উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যারের মাধ্যমে বিমানটি এমন সক্ষমতা অর্জন করতে পারে। যদিও ভিডিওতে দেখা কৌশলগত সক্ষমতার স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই এখনো নিশ্চিত নয়।
স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রেও বিমানটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। লেজবিহীন নকশা রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। বিশেষ করে বিভিন্ন দিক থেকে আসা রাডার সংকেত এড়ানোর ক্ষেত্রে এ ধরনের নকশা বাড়তি সুবিধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কিংবা চীনের জে-২০-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পরবর্তী প্রযুক্তিগত ধাপ হিসেবে এটিকে দেখা হচ্ছে।
অন্যদিকে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। দেশটি এফ-৪৭ এবং নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নে কাজ করছে। তবে এসব প্রকল্পের উন্নয়ন, ইঞ্জিন প্রযুক্তি এবং পরীক্ষামূলক উড্ডয়ন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।
সব মিলিয়ে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। তবে কোনো যুদ্ধবিমান প্রথম উড্ডয়ন পরীক্ষা বা উন্নত কৌশল প্রদর্শন করলেই সেটিকে প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ বলা যায় না। স্টেলথ, সেন্সর, অস্ত্রব্যবস্থা, ইঞ্জিন, নির্ভরযোগ্যতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার ওপরই নির্ভর করবে চূড়ান্ত সাফল্য।
এখন দেখার বিষয় হলো, আকাশযুদ্ধের ভবিষ্যৎ প্রযুক্তিতে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে, ওয়াশিংটন, নাকি বেইজিং?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কুঁচকির চোটে আক্রান্ত হন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। ধারণা করা হচ্ছিল যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তার প্রত্যাবর্তন ঘটবে।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছেন, নরকিয়ার প্রথম টেস্টে অংশগ্রহণের সম্ভাবনা কম। তবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। সিরিজের সূচনা হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে।
কনরাড বলেন, “টেস্ট ম্যাচ চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিকভাবে যতটা খারাপ মনে হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে।
প্রোটিয়া কোচ আরও বলেন, “এখানে অনুষ্ঠিত দুটি টেস্টের অন্তত একটিতে, সম্ভবত দ্বিতীয়টিতে, তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। বর্তমানে ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হয়ে উঠবে বলে আশা করছি।”
যদিও নরকিয়া না খেলতে পারলেও দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি চিন্তিত হতে হচ্ছে না। তাদের দলে পেস বোলিংয়ের জন্য আরও ৫টি বিকল্প রয়েছে। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন প্রথম সারির বোলার হিসেবে পরিচিত, পাশাপাশি উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসনও পেস বোলিং করতে সক্ষম।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর চাটখিলে শ্রমিক দলের নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যা মামলায় তার সাবেক স্ত্রী, বর্তমান স্বামী এবং সাবেক স্ত্রীর বোনকে গ্রেফতার করেছে এসআরবি-১১।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, পরকীয়ার কারণে বিবাহবিচ্ছেদ এবং পরবর্তী ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিহত রাসেলের সাবেক স্ত্রী ফারজানা আক্তার মুক্তা (২৬), মুক্তার বোন নাদিয়া সুলতানা রত্না (২৫) এবং মুক্তার বর্তমান স্বামী মো. সেলিম (২৫), যিনি খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এসআরবি-১১ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কয়েক বছর ধরে মুক্তার সেলিমের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
রাসেলের সঙ্গে পারিবারিক কলহ শুরু হলে মুক্তা তাকে তালাক দেন। কিন্তু রাসেল বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি এবং তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন।
চলতি বছরের অক্টোবর মাসে মুক্তা সেলিমকে বিয়ে করেন। এই খবর জানার পর রাসেলের যাতায়াত মুক্তার বাড়িতে আরও বেড়ে যায়।
এসআরবি-১১ আরও জানায়, গত ৬ নভেম্বর মুক্তা মোবাইল ফোনে রাসেলকে তাদের বাড়িতে যেতে বলেন। রাসেল রাত ১০টার দিকে সেখানে পৌঁছান। এরপর বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তা পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন অন্যদের সহযোগিতায়।
হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে রাসেলের মরদেহ পাশের একটি পরিত্যক্ত ঘরে কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেওয়া হয় বলে জানায় এসআরবি-১১।
গত বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে।
রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে আটক করে। পরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে আটক তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে থাকবে না।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রতিটি কুঁড়ি পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটবে অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আমরা প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যাতে শেষ করতে পারে তা নিশ্চিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘অর্থের অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড দেয়া হবে। যারা এ নিয়ে দুর্নীতিতে জড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।’
অমিত জানান, ‘সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের কার্যক্রমই বিবেচ্য। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ডিলারশিপও বাতিল করা হবে।’
তিনি বলেন, ‘জনগণের কাছে আমরা যেমন জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা পূর্ব থানার পুলিশ একটি বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য এবং মাদক কারবারি। শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে পুলিশ ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে।
উত্তরা পূর্ব থানার সূত্র অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০) রয়েছেন। তাকে গত ১৮ মার্চ ২০২৫ তারিখে দায়ের করা একটি সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, শামীম হোসেন (৩০) নামের একজন আসামিকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১২ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগরী পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে অন্যান্য অপরাধ ও মাদক সেবনের দায়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে আরও ৯ জনকে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে মোঃ সাজেদুল ইসলাম (২৩), মোঃ দীপ্ত (২৬) ও মোঃ রায়হান (২৬) ১ পুড়িয়া করে গাঁজাসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া মোঃ মারুফ আহম্মেদ (২৪) ১টি গাঁজাভর্তি সিগারেটসহ, মোঃ হানিফ (৩৭) ২ পিস ইয়াবাসহ এবং মোঃ শোয়েইব শাওন (২৩) ও মোঃ মকবুল হোসেন (৩২) ১ পিস করে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন।
অন্যদিকে, অন্যান্য অপরাধের জন্য মোঃ ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০) এবং মোঃ শান্ত (১৯) গ্রেফতার হয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে উত্তরা বিভাগে সোপর্দ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার ওসি জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ