শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫২ পি.এম
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতের খুঁটিতে আটকা পড়ে এক চোর। ফায়ার সার্ভিস পরে তাকে উদ্ধার করতে ছুটে আসে। ৩০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনে। তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক লিটন (৩২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। চুরি করার সময় স্থানীয় একজন তাকে দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ঘিরে ফেলে। এ সময় নিচে থাকা আরেক চোরকে আটক করেন স্থানীয়রা। বৈদ্যুতিক খুঁটিতে থাকা লিটন তখন আটকা পড়েন। স্থানীয়রা খবর দিলে দ্রুত এসে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা চোরকে জীবিত অবস্থায় উদ্ধার করে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ট্রান্সফরমার চুরির সময় হাতনাতে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিদ্যুতের তারে সে দগ্ধ হয়েছে। তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ত্যাগ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক, বিশেষ করে ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে তাদের বিনিয়োগ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প জুনিয়রের কালশি ছাড়ার বিষয়টি সামনে এসেছে। নির্বাচনের পর ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।
ট্রাম্প জুনিয়র একসময় কালশি ও প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটিরই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছে। অন্যদিকে, কালশির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার অংশ তিনি পেয়েছিলেন।
কালশির মুখপাত্র ড্যানি লেভার জানান, গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে ট্রাম্প জুনিয়রের বিনিয়োগের পর দুই পক্ষের সম্মতিতে তার উপদেষ্টার দায়িত্বের অবসান ঘটানো হয়েছে। কালশির গ্রাহক বাড়াতে বিপণন কার্যক্রমে তার অবদানের জন্য প্রতিষ্ঠানটি কৃতজ্ঞ।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগে তার বড় ছেলেকে কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেয় কালশি। প্রতিষ্ঠানটি তখন ট্রাম্প জুনিয়রকে ভবিষ্যদ্বাণীমূলক বাজারের একজন সমর্থক হিসেবে উল্লেখ করে। পাশাপাশি জানানো হয়েছিল, তিনি মূলত বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে নয়।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যাপক আলোচনায় আসে কালশি। জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও কালশির বাজারে ট্রাম্পের জয়ের সম্ভাবনা তুলনামূলক বেশি দেখানো হয়েছিল। নির্বাচনের ফলাফলের পর এ ধরনের প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।
ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বেশি এসেছে। তবে কয়েকজন রিপাবলিকান নেতাও এ ধরনের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে। তবে প্রতিষ্ঠান দুটি তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রিত আর্থিক চুক্তি হিসেবে দাবি করে আসছে।
উল্লেখ্য, ভবিষ্যদ্বাণীমূলক বাজার হলো এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থের বিনিময়ে চুক্তি করেন। যেমন—কোনো নির্বাচনে কে জিতবেন, কোন দেশ বিশ্বকাপের শিরোপা পাবে কিংবা নির্দিষ্ট কোনো ঘটনা ঘটবে কি না। সম্ভাব্য ফলাফলের ওপর ভিত্তি করে এসব চুক্তির দাম ওঠানামা করে। সঠিক ফলাফল অনুমান করতে পারলে ব্যবহারকারী আর্থিকভাবে লাভবান হন। কালশি ও পলিমার্কেট এ ধরনের দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। সহজভাবে বললে, ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে অর্থের বিনিময়ে বাজি ধরার সুযোগ দেয় এসব প্রতিষ্ঠান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গোশত প্রক্রিয়াজাতকারী, বিক্রেতা ও কসাইদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গোশত বিক্রেতা, প্রক্রিয়াজাতকারী এবং কসাইরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মণ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী আলমগীর হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্ন পরিবেশে গোশত প্রক্রিয়াজাতকরণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার ও জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার, সঠিক পদ্ধতিতে গোশত সংরক্ষণ এবং বিক্রয়কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়াও নিরাপদ ও মানসম্মত গোশত সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা উল্লেখ করেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত নিশ্চিত করতে গোশত বিক্রেতা এবং প্রক্রিয়াজাতকারীদের সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা বলেন, গোশতের গুণগত মান বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিক্রির প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে সবাইকে নিরাপদ গোশত সরবরাহে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক ব্যবসার বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সালামের তিন ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) এবং আবু তাহের (৩৫)। অপরজন একই এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭)। উল্লেখ্য, মুন্না তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।
এসআরবির সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গত ১১ নভেম্বর বেলা পৌনে তিনটার দিকে পালংখালীর বটতলী বাজার এলাকায় স্থানীয় বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার পর অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবির সদস্যরা।
তিনি আরও জানান, ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-২ এর সদস্যরা বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালান। পালানোর চেষ্টা করলে সীমান্তবর্তী ধানখেত ও জলাশয় থেকে মুন্না, জিসান ও আবু তাহেরকে আটক করা হয়। একই সময়ে বিজিবির একটি দলের সঙ্গে যৌথ অভিযানে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, গোলাগুলির ঘটনায় বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) এসএম গোলাম কিবরিয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবারের গোলাগুলির ঘটনায় পালংখালী এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিরাপত্তার কারণে স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন। পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এই কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ার ফলে মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।
যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, "জামালদী এলাকা থেকেই যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।"
বাসচালক আলী আকবর বলেন, "বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ