ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে চালকরা


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে চালকরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এই কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ার ফলে মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

আরও পড়ুন: জিন তাড়ানোর ছলে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, খতিব গ্রেফতার

যানজটে আটকে থাকা ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, "জামালদী এলাকা থেকেই যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে দেড় ঘণ্টা সময় লেগেছে।"

বাসচালক আলী আকবর বলেন, "বালুয়াকান্দি এলাকা থেকে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩০ জনের মধ্যে বিদেশিও রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৩০ জনের মধ্যে বিদেশিও রয়েছে

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর ফলে ২৩টি যানবাহনের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে স্থানীয় আমিরাতের নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফুজাইরাহ পুলিশ দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করে। বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে শেখ খলিফা বিন জায়েদ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধীরগতির যানবাহনের মধ্যে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা বা ধীরগতিতে চলা অন্যান্য কয়েকটি যানবাহনে আঘাত করে।

দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন জড়িত ছিল, যার মধ্যে ১৮টি গাড়ি এবং পাঁচটি ট্রাক অন্তর্ভুক্ত। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়, যা পরে আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ফলে প্রাণহানির ঘটনা ঘটে।

ফুজাইরাহ পুলিশ জানায়, আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন, আর বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক রয়েছে। অন্য কয়েকজনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানায়, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে বলেও কনস্যুলেট জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিসরের নাগরিকরা রয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজীগঞ্জে দুলাল মেম্বার হত্যায় কসাই জাকির ও স্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


হাজীগঞ্জে দুলাল মেম্বার হত্যায় কসাই জাকির ও স্ত্রী গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম হত্যা মামলায় কসাই জাকির, যিনি প্রকাশ জাকির হোসেন, এবং তার স্ত্রী আমেনা আক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

গত বুধবার (১১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে দুলাল আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকির হোসেন ও আমেনা আক্তারকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়।

এদিকে, স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে যে, নারীসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু রিমান্ড মঞ্জুর না হওয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ধামা উদ্ধারের বিষয়টিও তদন্ত করছে পুলিশ।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার জ্বালানি নিরাপত্তায় এজেডইসি সম্মেলনে যোগ দিচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


এশিয়ার জ্বালানি নিরাপত্তায় এজেডইসি সম্মেলনে যোগ দিচ্ছে জাপান

এশিয়ার অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহে ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া জিরো এমিশন কমিউনিটির (এজেডইসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন জাপানের শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায়, এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছে টোকিও।

শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকাজাওয়া জানান, তিনি আগামী ১৬ ও ১৭ নভেম্বর ফিলিপাইন সফর করবেন। সফরের সময় তিনি গত মাসে ম্যানিলায় অনুষ্ঠিত এজেডইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফল তুলে ধরবেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

আকাজাওয়া উল্লেখ করেন, অক্টোবরে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এবারের সম্মেলনে আরও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চাননি।

জাপানের শিল্পমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহব্যবস্থা প্রভাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা আগের তুলনায় অধিক জরুরি হয়ে উঠেছে।

এদিকে, জাপানের অর্থনৈতিক দৈনিক নিক্কেই বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে আসিয়ানভুক্ত দেশগুলো যৌথভাবে জ্বালানি তেলজাত পণ্য মজুদের ব্যবস্থা চালু করতে পারে। এ লক্ষ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মজুদকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। জরুরি পরিস্থিতিতে সদস্য দেশগুলো যেন একে অপরের সঙ্গে জ্বালানি মজুদ ভাগ করে নিতে পারে, সে উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আকাজাওয়া আরও জানান, বিদ্যুৎ ও গ্যাসের বিলের চাপ কমানোর জন্য জাপান সরকার ৫২১ দশমিক ৯ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩৩০ কোটি ডলার ভর্তুকি প্রদান করবে। সরকারের সংরক্ষিত তহবিল থেকে দেওয়া এ সুবিধা আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও কেরোসিন ব্যবহারকারীদের সহায়তার জন্য স্থানীয় সরকারগুলোকে আরও ১৩০ বিলিয়ন ইয়েন অনুদান প্রদান করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের তিন কৃতি সন্তান কালিয়াকৈরের তিন শীর্ষ পদে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


গাজীপুরের তিন কৃতি সন্তান কালিয়াকৈরের তিন শীর্ষ পদে নিয়োগ

গাজীপুরের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে। কালিয়াকৈর উপজেলার তিন কৃতি সন্তান জেলা উন্নয়ন ও নীতিনির্ধারণী তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। এই তিনজন হলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

কালিয়াকৈরের তিনজনের এই সাফল্যে পুরো উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। চায়ের দোকান, হাটবাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, গাজীপুর-১ আসনের আওতাভুক্ত বাকি তিনটি মেট্রো থানা- বাসন, কোনাবাড়ী ও কাশিমপুরের বাসিন্দাদের মধ্যে উন্নয়নবঞ্চিত হওয়ার কিছুটা শঙ্কা দেখা দিলেও তিন শীর্ষ নেতার আশ্বাসে তা কাটতে শুরু করেছে।

সংসদ সদস্য মো. মজিবুর রহমান: গাজীপুর-১ আসন গঠিত হয়েছে কালিয়াকৈর, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা নিয়ে। কালিয়াকৈরের বাসিন্দা মো. মজিবুর রহমান আইন প্রণয়ন, উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, “আমি শুধু কালিয়াকৈরের এমপি নই; চার থানারই এমপি। কেউ উপেক্ষিত থাকবে না, উন্নয়নে কোনো বৈষম্য হবে না।”

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল: নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প এলাকার আধুনিকায়নের দায়িত্ব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল কালিয়াকৈরের বাসিন্দা। উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “গাজীপুরের উন্নয়নের মানচিত্র শুধু কালিয়াকৈর থেকে নয়, পুরো জেলা থেকেই আঁকা হবে। কোনাবাড়ীর যানজট, কাশিমপুরের জলাবদ্ধতা ও বাসনের ভাঙা রাস্তা-সবই আমার মাথায় আছে।”

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী: জেলা পরিষদের ভূমিকা গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের সমন্বয়ে গুরুত্বপূর্ণ। কালিয়াকৈরের আরেক সন্তান ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এই পদে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আমার বাড়ি কালিয়াকৈর হতে পারে, কিন্তু দায়িত্ব পুরো গাজীপুর জেলার। কোনো এলাকাকে বঞ্চিত করে কালিয়াকৈরকে এগিয়ে নেওয়া হবে না। সবাই সমান সুবিধা পাবে।”

সুষম উন্নয়ন ও শ্রমিকদের দাবি

গাজীপুর-১ আসনের চার থানার যাতায়াত ও অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং কোনাবাড়ী-কাশিমপুর-বাসন সড়ক। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "তিনটি বড় পদ কালিয়াকৈরের হাতে যাওয়া গর্বের বিষয়। তবে এই গর্ব তখনই সার্থক হবে, যখন কোনাবাড়ীর ভাঙা রাস্তা সংস্কার হবে, কাশিমপুরের জলাবদ্ধতা দূর হবে, বাসনের যানজট কমবে এবং কালিয়াকৈরের মহাসড়ক নিরাপদ হবে।" তিনি তিন শীর্ষ নেতাকে পরিবহন শ্রমিকদের সঙ্গে বসে সড়ক, স্ট্যান্ড ও যাত্রী নিরাপত্তায় একটি সুষম পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।

কালিয়াকৈরের এক প্রবীণ বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “একসময় কালিয়কৈরকে পিছিয়ে পড়া এলাকা বলা হতো। আজ জেলার তিনটি বড় দায়িত্ব এলাকার সন্তানদের হাতে- এটি পরম গর্বের।” তবে পোশাকশিল্প অধ্যুষিত কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানার বাসিন্দাদের কণ্ঠে শোনা গেছে সমান উন্নয়নের দাবি।

কোনাবাড়ীর এক বাসিন্দা বলেন, “সব নেতা কালিয়াকৈরের হওয়ায় তাঁদের এলাকার রাস্তা, জলাবদ্ধতা, যানজট ও গ্যাস-পানির সমস্যার সমাধানে সমান গুরুত্ব দেওয়া জরুরি।” কাশিমপুর ও বাসনের বাসিন্দারাও এলাকাভিত্তিক উন্নয়নের পরিবর্তে পুরো আসনের সমন্বিত উন্নয়নের দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, তিনটি শীর্ষ পদ একই উপজেলায় আসা কালিয়াকৈরের জন্য যেমন গর্বের, তেমনি এই তিন নেতার জন্য একটি বড় পরীক্ষাও। কাজের মাধ্যমেই তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা কেবল কালিয়াকৈরের নন, পুরো গাজীপুর-১ আসনের অভিভাবক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%