প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্ল্যাটফর্ম কালশির উপদেষ্টার পদ ত্যাগ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তার বিনিয়োগের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক, বিশেষ করে ভবিষ্যদ্বাণীমূলক বাজার ও ক্রিপ্টোকারেন্সি খাতে তাদের বিনিয়োগ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প জুনিয়রের কালশি ছাড়ার বিষয়টি সামনে এসেছে। নির্বাচনের পর ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।
ট্রাম্প জুনিয়র একসময় কালশি ও প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটিরই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করেছে। অন্যদিকে, কালশির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার অংশ তিনি পেয়েছিলেন।
কালশির মুখপাত্র ড্যানি লেভার জানান, গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে ট্রাম্প জুনিয়রের বিনিয়োগের পর দুই পক্ষের সম্মতিতে তার উপদেষ্টার দায়িত্বের অবসান ঘটানো হয়েছে। কালশির গ্রাহক বাড়াতে বিপণন কার্যক্রমে তার অবদানের জন্য প্রতিষ্ঠানটি কৃতজ্ঞ।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগে তার বড় ছেলেকে কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেয় কালশি। প্রতিষ্ঠানটি তখন ট্রাম্প জুনিয়রকে ভবিষ্যদ্বাণীমূলক বাজারের একজন সমর্থক হিসেবে উল্লেখ করে। পাশাপাশি জানানো হয়েছিল, তিনি মূলত বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয়ে নয়।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যাপক আলোচনায় আসে কালশি। জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও কালশির বাজারে ট্রাম্পের জয়ের সম্ভাবনা তুলনামূলক বেশি দেখানো হয়েছিল। নির্বাচনের ফলাফলের পর এ ধরনের প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।
ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বেশি এসেছে। তবে কয়েকজন রিপাবলিকান নেতাও এ ধরনের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে। তবে প্রতিষ্ঠান দুটি তাদের কার্যক্রমকে নিয়ন্ত্রিত আর্থিক চুক্তি হিসেবে দাবি করে আসছে।
উল্লেখ্য, ভবিষ্যদ্বাণীমূলক বাজার হলো এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থের বিনিময়ে চুক্তি করেন। যেমন—কোনো নির্বাচনে কে জিতবেন, কোন দেশ বিশ্বকাপের শিরোপা পাবে কিংবা নির্দিষ্ট কোনো ঘটনা ঘটবে কি না। সম্ভাব্য ফলাফলের ওপর ভিত্তি করে এসব চুক্তির দাম ওঠানামা করে। সঠিক ফলাফল অনুমান করতে পারলে ব্যবহারকারী আর্থিকভাবে লাভবান হন। কালশি ও পলিমার্কেট এ ধরনের দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। সহজভাবে বললে, ভবিষ্যতের বিভিন্ন ঘটনা নিয়ে অর্থের বিনিময়ে বাজি ধরার সুযোগ দেয় এসব প্রতিষ্ঠান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন