ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে ৮ সবজি, যেভাবে রান্না করবেন


ক্যানসারের ঝুঁকি কমাতে পারে ৮ সবজি, যেভাবে রান্না করবেন

ক্যানসার প্রতিরোধ বা নিরাময়ের জন্য কোনো একটি খাবার একা যথেষ্ট নয়। তবে উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস ও সুষম খাদ্য গ্রহণ ক্যানসারের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা পালন করে। শাকসবজি শরীরে আঁশ, ভিটামিন এবং বিশেষ ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান সরবরাহ করে। পাশাপাশি, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে।

‘নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাসের মাধ্যমে সব ধরনের ক্যানসারের ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিরোধ সম্ভব। ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজির নাম উল্লেখ করেছেন। তিনি এসব সবজি রান্নার সঠিক পদ্ধতিও তুলে ধরেছেন।

চিকিৎসক তার পোস্টে উল্লেখ করেছেন, “আমি একজন ক্যানসার সার্জন। ক্যানসারের ঝুঁকি কমানোর জন্য আটটি সবজির কথা জানাচ্ছি। তবে সম্ভবত আপনারা এগুলো ভুলভাবে রান্না করছেন।”

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ঘরে মাছির উৎপাত? মুক্তির উপায় জানুন

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজি

১. রসুন

রসুনের সঙ্গে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমানোর সম্পর্ক পাওয়া গেছে। এর উপকারিতা পেতে রসুন কুচি বা থেঁতো করে প্রায় ১০ মিনিট রেখে দেওয়ার পর রান্নায় ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। রান্নার শেষের দিকে রসুন যোগ করলে এর কার্যকর উপাদানগুলো বেশি অক্ষত থাকে। কাঁচা থেঁতো রসুন রায়তা বা দইয়ের সালাদেও মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে ১০ মিনিটের বেশি রান্না করলে রসুনের কিছু উপকারী গুণ কমে যেতে পারে।

২. পেঁয়াজ

আরও পড়ুন: কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে দিতে পারে ৭টি ভুল

পেঁয়াজে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। বিশেষ করে পেঁয়াজের বাইরের স্তরে এসব উপাদানের পরিমাণ বেশি থাকে। প্রতিদিনের খাবারে কাঁচা পেঁয়াজ রাখা যেতে পারে। সালাদ বা রায়তায় এটি খাওয়া সম্ভব। চাইলে পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনি তৈরি করেও খাওয়া যেতে পারে। অল্প আঁচে হালকা রান্না করলে পেঁয়াজের অধিকাংশ পুষ্টিগুণ বজায় থাকে। অতিরিক্ত রান্না করা উচিত নয়।

৩. টমেটো

টমেটো রান্না করলে এর পুষ্টিগুণ, বিশেষ করে লাইকোপিনের প্রাপ্যতা বৃদ্ধি পায়। লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী একটি উপাদান, যা ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। চিকিৎসক শঙ্করন লিখেছেন, তেল শরীরে লাইকোপিন শোষণে সহায়তা করে। তবে বাজারে পাওয়া টমেটো কেচাপে অতিরিক্ত চিনি ও লবণ থাকতে পারে। তাই এ ধরনের কেচাপ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।

৪. গাজর

আরও পড়ুন: পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে যেভাবে শিশুর পাশে থাকবে মা-বাবা

ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত আরেকটি সবজি গাজর। সামান্য তেল দিয়ে হালকা রান্না করলে এতে থাকা ভিটামিন এ শরীরে সহজে শোষিত হতে পারে। চিকিৎসক শঙ্করের মতে, কাঁচা গাজরের তুলনায় রান্না করা গাজর থেকে তিন থেকে ছয় গুণ বেশি ভিটামিন এ পাওয়া যেতে পারে।

৫. ফুলকপি

ফুলকপি ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। এর পুষ্টিগুণ ধরে রাখতে ভাপে সেদ্ধ করা বা অল্প সময় নেড়েচেড়ে রান্না করা ভালো। পানিতে দীর্ঘ সময় সেদ্ধ করলে এর উপকারী উপাদানের কিছু অংশ পানিতে চলে যেতে পারে। ডালের সঙ্গে ফুলকপি রান্না করা যায়, আবার মটরশুঁটির সঙ্গেও রান্না করা সম্ভব। তবে ফুলকপির মাঞ্চুরিয়ানকে স্বাস্থ্যকর রান্নার বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন চিকিৎসক।

৬. বাঁধাকপি

আরও পড়ুন: বাসায় ওভেন নেই? সাধারণ চুলাতেই বানান মজাদার তন্দুরি চিকেন!

ফুলকপির মতো বাঁধাকপিও একই গোত্রের সবজি। রান্নার আগে এটি ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। অল্প সময় নেড়েচেড়ে রান্না করা বা ভাপে সেদ্ধ করা এর পুষ্টিগুণ ধরে রাখার ভালো উপায়। বাঁধাকপি দিয়ে বিভিন্ন ধরনের ভাজি বা তরকারি তৈরি করা যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করে পানি ফেলে দিলে এর পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।

৭. ব্রকলি

ব্রকলি রান্নার সবচেয়ে ভালো পদ্ধতি হলো অল্প সময় ভাপে সেদ্ধ করা। তিন থেকে চার মিনিট ভাপে রাখলেই যথেষ্ট। এ সময় ব্রকলির রং উজ্জ্বল সবুজ থাকবে। এরপর ওপর থেকে সামান্য কাঁচা সরিষা দানা গুঁড়া ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই সমন্বয় সালফোরাফেন নামের একটি উপাদানের কার্যকারিতা বাড়াতে পারে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে বিবেচিত। তবে অতিরিক্ত তাপে রান্না করলে এর উপকারী এনজাইম নষ্ট হতে পারে।

৮. মাশরুম

আরও পড়ুন: রাতে ভুল করলে কমতে পারে পুরুষের টেস্টোস্টেরন হরমোন

মাশরুম খাওয়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। তবে মাশরুম কাঁচা না খেয়ে রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পাঁচ থেকে সাত মিনিট অল্প তেলে ভেজে বা গ্রিল করে খাওয়া যেতে পারে। মাশরুম ও মটরশুঁটির তরকারি কিংবা অমলেটেও এটি ব্যবহার করা যায়। তবে বনে বা খোলা জায়গায় পাওয়া অপরিচিত মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ কিছু বুনো মাশরুম বিষাক্ত হতে পারে।

প্রতিদিন কতটুকু সবজি ও ফল খাবেন?

চিকিৎসক শঙ্করনের মতে, প্রতিদিন এই আট ধরনের সবজি খাওয়ার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি মিলিয়ে প্রায় ৪০০ গ্রাম বা পাঁচ মুঠো পরিমাণ রাখার লক্ষ্য নেওয়া যেতে পারে। এতে বিভিন্ন সবজির আলাদা পুষ্টিগুণ পাওয়ার সুযোগ তৈরি হবে।

সবশেষে চিকিৎসক বলেন, কোনো একটি সবজি ক্যানসার নিরাময় করে না। বরং সামগ্রিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ধরনই স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

আরও পড়ুন: এই ৫ ক্যানসার কোনো লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে

সূত্র: এনডিটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরের দুর্নীতির মামলায় তদন্তকর্তাসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


বেনজীরের দুর্নীতির মামলায় তদন্তকর্তাসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে বৃহস্পতিবার সাক্ষ্য প্রদান করেন তারা। তবে, তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষ হলেও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য এখনও সম্পন্ন হয়নি।

আদালতের স্ট্রেনোগ্রাফার সোহানুর রহমান জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বর তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

এদিন সাক্ষ্য প্রদানকারী অন্য ব্যক্তিরা হলেন- কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশকী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান।

বর্তমানে বেনজীর পলাতক অবস্থায় রয়েছেন। এ কারণে তার পক্ষে কোনো আইনজীবী সাক্ষীদের জেরা করার সুযোগ পাননি।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীরের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন হাফিজুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বেনজীর আহমেদ অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র গ্রহণ করে বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বৈশ্বিক সংঘাতের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রসিকতা করে পুতিন একটি বিকল্প সমাধান প্রদান করেছেন। তিনি নোবেল কমিটির নিরপেক্ষতা এবং পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

পুতিনের দাবি, নোবেল পুরস্কারের তহবিল গঠনে ব্যবহৃত অর্থের একটি অংশের উৎস ছিল রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসা। বর্তমানে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে অনাগ্রহী অনেকেই নোবেল কমিটির কাছ থেকে পুরস্কারের অর্থ গ্রহণে দ্বিধা করছেন।

তিনি বলেন, "আমাদের ভুলে গেলে চলবে না, নোবেল কমিটি মূলত সেই অর্থ ব্যবহার করে, যা নোবেল রাশিয়ায় ব্যবসা করে উপার্জন করেছিলেন। রাশিয়ায় তার ব্যবসায়িক কর্মকাণ্ডই ছিল তার সম্পদের মূল উৎস। বর্তমানে সেই ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্তদের অর্থ দিচ্ছে। কিন্তু মানুষ আর মনে রাখে না, এই অর্থের উৎস ছিল রাশিয়া।"

পুতিন আরও বলেন, "তারা আমাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় না। অথচ নোবেল কমিটির মাধ্যমে আসা অর্থ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করছে।"

রুশ প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অবদান নয়, বরং অনেক সময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।

পুতিন বলেন, "আমি জানি না, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো মূল্য আছে কি না। বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের ভিত্তিতে নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়।"

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা চলাকালীন ট্রাম্পকে রসিকতার ছলে বিকল্প সমাধান দেন পুতিন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে "অনেকটা ঠাট্টার ছলেই" আলোচনা হয়েছিল।

পুতিনের ভাষায়, "আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার রয়েছে। আমাদের এমন একটি কমিটি আছে, যেখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তারা মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন। তাই এটিই হয়তো একটি সমাধান হতে পারে।"

অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার না পেলেও রাশিয়ার নিজস্ব কোনো পুরস্কার ট্রাম্পকে দেওয়ার বিষয়টি রসিকতার ছলে সামনে আনেন তিনি।

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহের কথা নতুন নয়। গত বছর কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার পরও তিনি পুরস্কার পাননি।

পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত অক্টোবরেও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে তিনি বলেছিলেন, "এবার আমার পুরস্কার পাওয়ার সময় এসেছে।"

তবে পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, "গতবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পরোক্ষভাবে আমাকে সম্মানিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইতিহাসে আমার চেয়ে বেশি কেউ এই পুরস্কারের যোগ্য নন। তবে এবার তারা কী সিদ্ধান্ত নেবেন, তা আমি জানি না। তাদের সুনাম রয়েছে, কিন্তু আমার মতো ব্যক্তিদের হয়তো তারা পুরস্কার দেন না।"

তথ্যসূত্র: উইয়ন নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার কাণ্ডে নতুন বিতর্ক, অধিনায়কত্ব হারাতে পারেন কামিন্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


স্যান্ডপেপার কাণ্ডে নতুন বিতর্ক, অধিনায়কত্ব হারাতে পারেন কামিন্স

প্যাট কামিন্সকে কেন্দ্র করে ‘স্যান্ডপেপার কাণ্ড’ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, এর কারণ অত্যন্ত পরিষ্কার।

২০১৮ সালের কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল ঘষতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট, যিনি তখন অস্ট্রেলিয়া দলের সবচেয়ে অনভিজ্ঞ ব্যাটার ছিলেন। তবে, বোলাররা এ সম্পর্কে কিছুই জানতেন না, এমন দাবি আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয়নি।

একজন সাবেক বোলার হিসেবে, আমার কাছে এটি একেবারেই অবাস্তব মনে হয়েছে যে বোলাররা জানতেন না কী ঘটছিল। এটি সম্ভব বলেই মনে হয় না। সুতরাং, এই হিসাবনিকাশের দিন একসময় আসবেই, তা ছিল অবধারিত।

সত্যি কথা হলো, ক্রিকেট যতদিন থাকবে, ততদিনই বল বিকৃত করার ঘটনা ঘটবে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই।

এক সময় বল চকচকে রাখতে মিষ্টি বা অন্য কিছু ব্যবহার করা হতো। কিন্তু রিভার্স সুইং আবিষ্কারের পর পরিস্থিতি বদলে যায়। বলের এক পাশকে দ্রুত ক্ষয়প্রাপ্ত ও শুকনো করার প্রয়োজনীয়তা তৈরি হয়।

তবে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, বল বিকৃত করা হোক বা না হোক, বল আসলে বোলারদের অস্ত্র। যেমন কোনো বোলার ব্যাটারের ব্যাট ঘষে বা গ্রিপ বদলে দেবে না, তেমনি কোনো ব্যাটারও বোলারের অজান্তে বল নিয়ে কাজ করবে না।

অনেকে প্রশ্ন করতে পারেন, এতদিন পর কেন এসব তথ্য সামনে আসছে? এর উত্তরে বলব, তখন দলের কোনো ক্রিকেটারের পক্ষে প্রকাশ্যে মুখ খোলা খুব কঠিন ছিল। তারা নিজেদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

সাধারণত কোনো খেলোয়াড় অবসর নেওয়ার পর অথবা আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে এসেছে বলে মনে করলে তবেই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সাম্প্রতিক প্রকাশিত তথ্যে কেউ কেউ বলছেন, ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার-এর দোষ কিছুটা কমে গেছে, কারণ তারা নাকি সতীর্থদের বাঁচাতে দায় নিজের কাঁধে নিয়েছিলেন।

কিন্তু বাস্তবতা হলো, স্মিথ ছিলেন অধিনায়ক এবং দলের নিয়ন্ত্রণ তার হাতেই থাকার কথা ছিল। ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, আর ব্যানক্রফট সেটি কার্যকর করেছিলেন। তারা যদি দলের জন্য গুলির আঘাত নিয়ে থাকেনও, সেটি ছিল তাদের প্রাপ্য আঘাত।

এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্যাট কামিন্স। গত ২৪ ঘণ্টায় তার এজেন্ট আবারও কামিন্সের পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন।

তখন তিনি ছিলেন দলের তরুণ পেসার। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক, যে পদটিকে অনেকেই মজা করে দেশের প্রধানমন্ত্রী পদ ছাড়া দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে থাকেন।

কামিন্স প্রচলিত ধরনের অস্ট্রেলিয়ান অধিনায়ক নন। তিনি আক্রমণাত্মক বা বিরক্তিকর চরিত্রের নন। যখন তিনি বলেন যে দলের ভাবমূর্তি বদলাতে তিনি কঠোর পরিশ্রম করেছেন, তখন তা বিশ্বাসযোগ্য শোনায়।

তবে ২০২৩ সালের লর্ডস অ্যাশেজে জনি বেয়ারস্টো-কে যেভাবে স্টাম্প আউট করা হয়েছিল, সেটি ছিল অস্ট্রেলিয়া আর ‘জিততেই হবে’ মানসিকতার দল নয়, তা প্রমাণ করার একটি হারানো সুযোগ।

কামিন্স যা বলেছেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবে তাকে সমর্থন দিয়েছে, তাতে তিনি পদত্যাগ নিয়ে ভাবছেন বা তাকে বরখাস্ত করা হবে এমন কোনো ইঙ্গিত আপাতত নেই।

৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা।

কিন্তু সেই ম্যাচের আগে প্রস্তুতি পর্ব যে সার্কাসে পরিণত হবে না, তা ভাবা কঠিন। স্যান্ডপেপার, কে কী জানতেন, কে কাকে কী বলেছিলেন, এসব প্রশ্নই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কামিন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে জনসাধারণের প্রতিক্রিয়া। মনে রাখতে হবে, এই টেস্ট অনুষ্ঠিত হবে ব্যানক্রফটের নিজ শহর পার্থে এবং যে সংবাদপত্রে তার ৪ হাজার শব্দের সাক্ষ্য প্রথম প্রকাশিত হয়েছিল, সেটিও ওই রাজ্যের।

তখনও যদি কামিন্স অধিনায়ক থাকেন, পার্থের দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন, সেটি দেখার বিষয় হবে।

এরপরও অস্ট্রেলিয়ান গণমাধ্যম থেমে যাবে না। এটি দেশটির ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় ঘটনা। সত্য বের না হওয়া পর্যন্ত তারা অনুসন্ধান চালিয়ে যাবে।

আর আগামী অ্যাশেজ?

যদি ১৮ জুন ট্রেন্ট ব্রিজে কামিন্সকে টস করতে দেখা যায়, তাহলে বলতে হবে তিনি অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

এই মুহূর্তে সেটি আমার কাছে কল্পনা করা কঠিন। তিনি বলেছেন, স্যান্ডপেপার নিয়ে আর কখনো কথা বলতে চান না। কিন্তু অ্যাশেজ সফরে তাকে গণমাধ্যমের কঠোর জিজ্ঞাসাবাদ এবং দর্শকদের অবিরাম বিদ্রূপের মুখে পড়তে হবে।

তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি এসব চাপ সামলানোর মানসিক শক্তি রাখেন কি না।

তার বেরিয়ে যাওয়ার একটি পথ হতে পারে পদত্যাগ করা, তবে দোষ স্বীকার না করে। তিনি বলতে পারেন, চলমান জল্পনা দলের জন্য বিভ্রান্তিকর হয়ে উঠেছে এবং এর প্রভাব তার পারিবারিক জীবনেও পড়ছে। ইতোমধ্যে তার বাড়ির সামনে তাকে ঘিরে ধরার ছবিও প্রকাশিত হয়েছে।

কামিন্স হয়তো পরে সাধারণ খেলোয়াড় হিসেবেই দলে থাকতে পারেন, যেমনটি করেছিলেন ওয়ার্নার ও স্মিথ। অপরাধ স্বীকার না করেও পদত্যাগ করলে অন্য বোলারদের ওপর চাপ কিছুটা কমতে পারে। যেমন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

তবে কামিন্স থাকুন বা না থাকুন, কেপটাউনে উপস্থিত অন্যদের, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিকে ঘিরে প্রশ্ন থেকেই যাবে।

এখন ২০১৮ সালের ঘটনাকে ফিরে দেখলে মনে হয়, অস্ট্রেলিয়া শিবিরে এমন একটি মানসিকতা ছিল যে তারা ধরাছোঁয়ার বাইরে, যা খুশি করে পার পেয়ে যেতে পারবে।

এক্ষেত্রে প্রশংসা প্রাপ্য দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিসন-এর। ব্যানক্রফটের দাবি অনুযায়ী, তিনিই ঘটনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন, ধরা পড়লে কী পরিণতি হতে পারে।

অন্যদের ব্যাপারে কী বলা যায়? সেই কোচদের কথা, যাদের তরুণ ক্রিকেটারদের পথ দেখানো এবং রক্ষা করার কথা ছিল?

যেমন ড্যারেন লেম্যান বা সম্প্রতি ইংল্যান্ডের সঙ্গে কাজ করা ডেভিড সেকার।

আর ক্রিকেট অস্ট্রেলিয়াও যেন বিষয়টিতে জড়াতে অনিচ্ছুক ছিল। যদি পরিকল্পনা হয়ে থাকে সংশ্লিষ্টদের সুযোগ দেওয়া যাতে তারা গোপনে নিজেদের ‘সত্য’ বলতে পারেন, তাহলে সেটি এখন আর কার্যকর নয়।

কিন্তু প্রকৃত সত্যটিই বা প্রকাশ করা হবে না কেন? আর সেটি ছাড়া কোনো কিছুই যথেষ্ঠ হবে না।

জোনাথন অ্যাগনিউ

বিবিসি স্পোর্টের প্রধান ক্রিকেট ভাষ্যকার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন ফেরেশতারা দানশীলদের জন্য দোয়া করেন, কৃপণদের জন্য ক্ষতির প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


প্রতিদিন ফেরেশতারা দানশীলদের জন্য দোয়া করেন, কৃপণদের জন্য ক্ষতির প্রার্থনা

মানুষ সম্পদকে ভালোবাসে। তারা নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য চেষ্টা করে। সচ্ছল জীবন, সুন্দর বাড়ি, উন্নত চিকিৎসা, সন্তানের ভালো শিক্ষা—এসবের জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনার উপার্জিত সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু ব্যয় করছেন? আপনার সম্পদের মধ্যে অসহায়, অভাবী ও বিপদগ্রস্ত মানুষের কতটুকু অধিকার আদায় করছেন?

অনেক সময় মানুষ মনে করে, দান করলে সম্পদ কমে যাবে, সঞ্চয় কমে যাবে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অথচ রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন একটি সুসংবাদ দিয়েছেন, যা সম্পদ সম্পর্কে আমাদের চিন্তাধারাই পরিবর্তন আনতে পারে।

প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। তাদের একজন আল্লাহর কাছে দানশীল ব্যক্তির জন্য সম্পদের উত্তম প্রতিদান ও বিনিময় প্রার্থনা করেন। অন্যজন কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংস ও ক্ষতির জন্য দোয়া করেন।

একটু চিন্তা করুন! প্রতিদিন সকালে আপনার সম্পদ ব্যয় করার কারণে একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করছেন, নাকি সম্পদ আঁকড়ে ধরে রাখার কারণে অন্য ফেরেশতার বদদোয়ার অন্তর্ভুক্ত হচ্ছেন?

আসুন, পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে দানশীলতার মর্যাদা, কৃপণতার পরিণতি এবং সম্পদ ব্যয়ের অসাধারণ ফজিলত সম্পর্কে জেনে নিই—

১. প্রতিদিন সকালে দুই ফেরেশতার বিশেষ দোয়া

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الْآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا

‘প্রতিদিন সকালে বান্দারা যখন ঘুম থেকে ওঠে, তখন দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ! দানকারীকে উত্তম প্রতিদান ও বিনিময় দান করুন। অন্যজন বলেন, হে আল্লাহ! সম্পদ আটকে রাখা ব্যক্তির সম্পদে ধ্বংস ও ক্ষতি দান করুন।’ (বুখারি ১৪৪২, মুসলিম ১০১০) সুবহানাল্লাহ!

প্রতিদিন সকালে এই দোয়া করা হয়। একজন ফেরেশতা দানশীল ব্যক্তির জন্য কল্যাণ ও প্রতিদান কামনা করেন। অন্যজন কৃপণ ব্যক্তির সম্পদের ক্ষতির জন্য দোয়া করেন।

এখানে আমাদের জন্য গভীর শিক্ষা রয়েছে। সম্পদ শুধু জমিয়ে রাখার বিষয় নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করার মাধ্যমেও সম্পদের প্রকৃত কল্যাণ অর্জিত হয়। তাই প্রশ্ন হলো— আমরা কি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চাই না, যাদের জন্য প্রতিদিন দুইজন ফেরেশতা দোয়া করেন?

২. দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তার প্রতিদান দেন

মানুষের স্বাভাবিক চিন্তা হলো, নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করলে সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহর বিধান ও প্রতিশ্রুতি মানুষের এই সংকীর্ণ চিন্তার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা বলেন—

قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ ۚ وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ

‘বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সীমিত করেন। আর তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার বিনিময় দান করেন। আর তিনিই সর্বোত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা: আয়াত ৩৯)

লক্ষ্য করুন, আল্লাহ এখানে শুধু দান করার নির্দেশই দেননি; বরং ব্যয় করার পর উত্তম প্রতিদানেরও প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনি হয়তো একজন ক্ষুধার্তকে খাবার দিলেন, একজন অসহায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন, একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ দিলেন কিংবা কোনো বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন। আপনার কাছে হয়তো এই অর্থের পরিমাণ সামান্য, কিন্তু আল্লাহর কাছে এর প্রতিদান অনেক বড় হতে পারে। তাই দান করার সময় সম্পদ কমে যাওয়ার ভয় নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির ওপর দৃঢ় বিশ্বাস রাখুন।

৩. দানশীলদের জন্য জান্নাতের সহজ পথ

আল্লাহ তাআলা সুরা আল-লাইলের শুরুতে মানুষের জীবন পরিচালনার দুটি বিপরীত পথের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন—

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ ۝ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ ۝ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ

‘অতঃপর যে ব্যক্তি দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম প্রতিদানকে সত্য বলে বিশ্বাস করে, আমি তার জন্য সহজ পথ সুগম করে দেব। (সুরা আল-লাইল: আয়াত ৫–৭)

এই আয়াতগুলোতে সফল মানুষের তিনটি গুণ তুলে ধরা হয়েছে—

> দানশীলতা: আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পদ থেকে ব্যয় করা।

> তাকওয়া: আল্লাহকে ভয় করে পাপ ও অন্যায় থেকে বেঁচে থাকা।

> আল্লাহর প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস: দান-সদকার প্রতিদান ও আখিরাতের পুরস্কারকে সত্য বলে বিশ্বাস করা।

আল্লাহ এমন মানুষের জন্য কল্যাণ ও নেক আমলের পথ সহজ করে দেন। অর্থাৎ, দানশীলতা শুধু সম্পদ ব্যয়ের একটি কাজ নয়; এটি একজন মানুষের ইমান, তাকওয়া ও আল্লাহর ওপর ভরসার বহিঃপ্রকাশ।

৪. কৃপণতা মানুষকে কোন পরিণতির দিকে নিয়ে যায়?

দানশীলতার বিপরীতে রয়েছে কৃপণতা। কৃপণ ব্যক্তি নিজের সম্পদকে আঁকড়ে ধরে রাখে। আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে চায় না। অভাবী মানুষের কষ্ট দেখেও সাহায্যের হাত বাড়ায় না। আল্লাহ তাআলা বলেন—

وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ ۝ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ ۝ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ

‘আর যে ব্যক্তি কৃপণতা করে, নিজেকে অভাবমুক্ত মনে করে এবং উত্তম প্রতিদানকে অস্বীকার করে, আমি তার জন্য কঠিন পথ সুগম করে দেব।’ (সুরা আল-লাইল: ৮–১০)

এখানে আল্লাহ তিনটি মন্দ বৈশিষ্ট্যের কথা বলেছেন—

> কৃপণতা করা।

> নিজেকে আল্লাহর মুখাপেক্ষী মনে না করা।

> আখিরাতের প্রতিদানকে অস্বীকার করা।

এ ধরনের মানুষ ধীরে ধীরে কল্যাণের পথ থেকে দূরে সরে যায় এবং নিজের জন্য কঠিন পরিণতির পথ তৈরি করে।

তাই সম্পদের মালিক হওয়া কখনো অহংকারের কারণ হওয়া উচিত নয়। কারণ প্রকৃত মালিক আল্লাহ তাআলা। মানুষ শুধু আমানতদার।

৫. সম্পদ জমিয়ে রাখলেই প্রকৃত ধনী হওয়া যায় না

আমরা অনেকেই মনে করি, যার ব্যাংক ব্যালেন্স বেশি, যার বাড়ি-গাড়ি বেশি, সেই সবচেয়ে ধনী। কিন্তু রাসুলুল্লাহ (সা.) সম্পদের প্রকৃত অর্থ আমাদের অন্যভাবে বুঝিয়েছেন। হাদিসে পাকে এসেছে—

لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ

‘প্রাচুর্য বেশি সম্পদ থাকার নাম নয়; বরং প্রকৃত প্রাচুর্য হলো অন্তরের প্রাচুর্য।’ (বুখারি ৬৪৪৬, মুসলিম ১০৫১)

একজন মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার অন্তরে যদি তৃপ্তি না থাকে, তবে সে প্রকৃত অর্থে ধনী নয়। অন্যদিকে, একজন মানুষ সীমিত সম্পদের অধিকারী হয়েও আল্লাহর ওপর সন্তুষ্ট থাকতে পারেন, অন্যের উপকার করতে পারেন এবং নিজের সম্পদ থেকে দান করতে পারেন।

সুতরাং প্রকৃত ধনী সে-ই, যার অন্তর উদার, যে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং অন্যের কল্যাণে ব্যয় করতে ভালোবাসে।

৬. দান-সদকার প্রতিদান সাতশ গুণ পর্যন্ত!

আল্লাহ তাআলা দানশীল বান্দাদের জন্য কত বিশাল প্রতিদান রেখেছেন, তা বোঝার জন্য নিচের আয়াতটি যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন—

مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

‘যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে; প্রতিটি শীষে থাকে একশত শস্যদানা। আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা আল-বাকারা: আয়াত ২৬১)

একটি বীজ থেকে সাতটি শীষ, প্রতিটি শীষে একশটি দানা—অর্থাৎ সাতশ গুণ! এটি আল্লাহর পক্ষ থেকে দানশীলদের জন্য এক অসাধারণ সুসংবাদ। তবে আল্লাহ চাইলে এর চেয়েও বেশি প্রতিদান দিতে পারেন। তাই দানের পরিমাণ ছোট না বড়, সেটিই মূল বিষয় নয়; বরং দানের পেছনে নিয়ত কতটা বিশুদ্ধ, সেটিই গুরুত্বপূর্ণ।

৭. গোপনে দান করা উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় আমলগুলোর একটি

অনেক সময় মানুষ দান করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কেউ ছবি তোলে, কেউ প্রচার করে, কেউ আবার দানের বিনিময়ে সম্মান ও পরিচিতি প্রত্যাশা করে। অথচ প্রকৃত দান হলো সেই দান, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ তাআলা বলেন—

إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ

‘তোমরা যদি প্রকাশ্যে সদকা কর, তবে তা ভালো। আর যদি তা গোপনে কর এবং অভাবীদের দান কর, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৭১)

গোপনে দান করলে লোকদেখানো ও আত্মপ্রচারের আশঙ্কা কম থাকে এবং দানগ্রহীতার সম্মানও রক্ষা পায়। তবে মানুষকে উৎসাহিত করা বা কোনো ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য কখনো প্রকাশ্যে দান করাও বৈধ ও কল্যাণকর হতে পারে, যদি নিয়ত বিশুদ্ধ থাকে।

৮. কৃপণতার পরিণতি অত্যন্ত ভয়াবহ

যারা সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর পথে ব্যয় করে না, তারা যেন মনে না করে যে এই সম্পদ চিরকাল তাদের সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা বলেন—

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ ۖ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ

‘আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দান করেছেন, তাতে যারা কৃপণতা করে, তারা যেন কখনো মনে না করে যে তা তাদের জন্য কল্যাণকর; বরং তা তাদের জন্য অকল্যাণকর। যে সম্পদে তারা কৃপণতা করেছে, কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরানো হবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৮০)

কী ভয়াবহ সতর্কবার্তা!

যে সম্পদ মানুষ দুনিয়ায় নিজের নিরাপত্তার মাধ্যম মনে করেছিল, সেই সম্পদই কিয়ামতের দিন তার শাস্তির কারণ হতে পারে। তাই সম্পদের প্রতি অতিরিক্ত মোহ ত্যাগ করে আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যয় করা উচিত।

৯. দান করার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র

দানশীল হতে হলে কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ অর্থ দিয়েও অনেক বড় নেকি অর্জন করা সম্ভব।যেমন—

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে—জাকাত ফরজ হলে তা যথাযথভাবে আদায় করা অবশ্যকর্তব্য। নফল সদকা দিয়ে ফরজ জাকাতের দায়িত্ব আদায় হয় না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা একটি খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে হয়।’ (বুখারি ১৪১৭, মুসলিম ১০১৬)

অর্থাৎ, দানের পরিমাণ সামান্য হলেও আন্তরিকতার সঙ্গে দান করার গুরুত্ব অনেক বেশি।

১০. আজ থেকেই নিজের জীবনে দানশীলতার অভ্যাস গড়ে তুলুন

অনেকে ভাবেন, আরেকটু ধনী হলে দান করব, আরও বেশি উপার্জন হলে গরিবদের সাহায্য করব, সংসারের সব চাহিদা পূরণ হলে সদকা করব।

কিন্তু জীবনের সব চাহিদা কখনো শেষ হয় না। তাই দান করার জন্য ভবিষ্যতের অপেক্ষা না করে আজ থেকেই শুরু করুন।

মনে রাখবেন, দানশীলতা শুধু ধনীদের জন্য নয়; বরং প্রত্যেক সামর্থ্যবান মুমিনের জন্য একটি মহৎ গুণ।

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা!

আজ আপনি কাকে খুশি করলেন—নিজেকে, নাকি আল্লাহকে?

প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন। একজন দানশীল ব্যক্তির জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন। অন্যজন সম্পদ আটকে রাখা ব্যক্তির জন্য ক্ষতি ও ধ্বংসের দোয়া করেন।

এখন একটু নিজের দিকে তাকান।

আপনার সম্পদ কোথায় ব্যয় হচ্ছে? আপনার উপার্জনের কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছেন? আপনার আশপাশে কোনো ক্ষুধার্ত মানুষ, অসহায় পরিবার কিংবা চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া কোনো রোগী আছে কি?

হয়তো আপনার সামান্য একটি দান কারও মুখে হাসি ফোটাতে পারে। হয়তো আপনার সহযোগিতায় কোনো শিশুর পড়াশোনা চালু থাকতে পারে। হয়তো আপনার সামান্য সাহায্যে কোনো অসহায় পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।

তাহলে সম্পদ জমিয়ে রাখার প্রতিযোগিতায় না নেমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতায় অংশ নিন।

আজ থেকেই দান করুন। সামর্থ্য অনুযায়ী দান করুন। গোপনে দান করুন। আল্লাহর ওপর ভরসা রেখে দান করুন।

মনে রাখবেন, দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমল আখিরাতে আপনার মুক্তির উসিলা হতে পারে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃপণতা থেকে হেফাজত করুন, দানশীল ও উদার হৃদয়ের মানুষ হিসেবে কবুল করুন এবং আমাদের সম্পদকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম বানিয়ে দিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%