প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্যাট কামিন্সকে কেন্দ্র করে ‘স্যান্ডপেপার কাণ্ড’ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, এর কারণ অত্যন্ত পরিষ্কার।
২০১৮ সালের কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল ঘষতে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট, যিনি তখন অস্ট্রেলিয়া দলের সবচেয়ে অনভিজ্ঞ ব্যাটার ছিলেন। তবে, বোলাররা এ সম্পর্কে কিছুই জানতেন না, এমন দাবি আমার কাছে কখনোই বিশ্বাসযোগ্য মনে হয়নি।
একজন সাবেক বোলার হিসেবে, আমার কাছে এটি একেবারেই অবাস্তব মনে হয়েছে যে বোলাররা জানতেন না কী ঘটছিল। এটি সম্ভব বলেই মনে হয় না। সুতরাং, এই হিসাবনিকাশের দিন একসময় আসবেই, তা ছিল অবধারিত।
সত্যি কথা হলো, ক্রিকেট যতদিন থাকবে, ততদিনই বল বিকৃত করার ঘটনা ঘটবে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই।
এক সময় বল চকচকে রাখতে মিষ্টি বা অন্য কিছু ব্যবহার করা হতো। কিন্তু রিভার্স সুইং আবিষ্কারের পর পরিস্থিতি বদলে যায়। বলের এক পাশকে দ্রুত ক্ষয়প্রাপ্ত ও শুকনো করার প্রয়োজনীয়তা তৈরি হয়।
তবে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, বল বিকৃত করা হোক বা না হোক, বল আসলে বোলারদের অস্ত্র। যেমন কোনো বোলার ব্যাটারের ব্যাট ঘষে বা গ্রিপ বদলে দেবে না, তেমনি কোনো ব্যাটারও বোলারের অজান্তে বল নিয়ে কাজ করবে না।
অনেকে প্রশ্ন করতে পারেন, এতদিন পর কেন এসব তথ্য সামনে আসছে? এর উত্তরে বলব, তখন দলের কোনো ক্রিকেটারের পক্ষে প্রকাশ্যে মুখ খোলা খুব কঠিন ছিল। তারা নিজেদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
সাধারণত কোনো খেলোয়াড় অবসর নেওয়ার পর অথবা আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে এসেছে বলে মনে করলে তবেই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সাম্প্রতিক প্রকাশিত তথ্যে কেউ কেউ বলছেন, ক্যামেরন ব্যানক্রফট, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার-এর দোষ কিছুটা কমে গেছে, কারণ তারা নাকি সতীর্থদের বাঁচাতে দায় নিজের কাঁধে নিয়েছিলেন।
কিন্তু বাস্তবতা হলো, স্মিথ ছিলেন অধিনায়ক এবং দলের নিয়ন্ত্রণ তার হাতেই থাকার কথা ছিল। ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, আর ব্যানক্রফট সেটি কার্যকর করেছিলেন। তারা যদি দলের জন্য গুলির আঘাত নিয়ে থাকেনও, সেটি ছিল তাদের প্রাপ্য আঘাত।
এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্যাট কামিন্স। গত ২৪ ঘণ্টায় তার এজেন্ট আবারও কামিন্সের পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন।
তখন তিনি ছিলেন দলের তরুণ পেসার। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক, যে পদটিকে অনেকেই মজা করে দেশের প্রধানমন্ত্রী পদ ছাড়া দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে থাকেন।
কামিন্স প্রচলিত ধরনের অস্ট্রেলিয়ান অধিনায়ক নন। তিনি আক্রমণাত্মক বা বিরক্তিকর চরিত্রের নন। যখন তিনি বলেন যে দলের ভাবমূর্তি বদলাতে তিনি কঠোর পরিশ্রম করেছেন, তখন তা বিশ্বাসযোগ্য শোনায়।
তবে ২০২৩ সালের লর্ডস অ্যাশেজে জনি বেয়ারস্টো-কে যেভাবে স্টাম্প আউট করা হয়েছিল, সেটি ছিল অস্ট্রেলিয়া আর ‘জিততেই হবে’ মানসিকতার দল নয়, তা প্রমাণ করার একটি হারানো সুযোগ।
কামিন্স যা বলেছেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবে তাকে সমর্থন দিয়েছে, তাতে তিনি পদত্যাগ নিয়ে ভাবছেন বা তাকে বরখাস্ত করা হবে এমন কোনো ইঙ্গিত আপাতত নেই।
৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা।
কিন্তু সেই ম্যাচের আগে প্রস্তুতি পর্ব যে সার্কাসে পরিণত হবে না, তা ভাবা কঠিন। স্যান্ডপেপার, কে কী জানতেন, কে কাকে কী বলেছিলেন, এসব প্রশ্নই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কামিন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে জনসাধারণের প্রতিক্রিয়া। মনে রাখতে হবে, এই টেস্ট অনুষ্ঠিত হবে ব্যানক্রফটের নিজ শহর পার্থে এবং যে সংবাদপত্রে তার ৪ হাজার শব্দের সাক্ষ্য প্রথম প্রকাশিত হয়েছিল, সেটিও ওই রাজ্যের।
তখনও যদি কামিন্স অধিনায়ক থাকেন, পার্থের দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন, সেটি দেখার বিষয় হবে।
এরপরও অস্ট্রেলিয়ান গণমাধ্যম থেমে যাবে না। এটি দেশটির ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় ঘটনা। সত্য বের না হওয়া পর্যন্ত তারা অনুসন্ধান চালিয়ে যাবে।
আর আগামী অ্যাশেজ?
যদি ১৮ জুন ট্রেন্ট ব্রিজে কামিন্সকে টস করতে দেখা যায়, তাহলে বলতে হবে তিনি অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
এই মুহূর্তে সেটি আমার কাছে কল্পনা করা কঠিন। তিনি বলেছেন, স্যান্ডপেপার নিয়ে আর কখনো কথা বলতে চান না। কিন্তু অ্যাশেজ সফরে তাকে গণমাধ্যমের কঠোর জিজ্ঞাসাবাদ এবং দর্শকদের অবিরাম বিদ্রূপের মুখে পড়তে হবে।
তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি এসব চাপ সামলানোর মানসিক শক্তি রাখেন কি না।
তার বেরিয়ে যাওয়ার একটি পথ হতে পারে পদত্যাগ করা, তবে দোষ স্বীকার না করে। তিনি বলতে পারেন, চলমান জল্পনা দলের জন্য বিভ্রান্তিকর হয়ে উঠেছে এবং এর প্রভাব তার পারিবারিক জীবনেও পড়ছে। ইতোমধ্যে তার বাড়ির সামনে তাকে ঘিরে ধরার ছবিও প্রকাশিত হয়েছে।
কামিন্স হয়তো পরে সাধারণ খেলোয়াড় হিসেবেই দলে থাকতে পারেন, যেমনটি করেছিলেন ওয়ার্নার ও স্মিথ। অপরাধ স্বীকার না করেও পদত্যাগ করলে অন্য বোলারদের ওপর চাপ কিছুটা কমতে পারে। যেমন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।
তবে কামিন্স থাকুন বা না থাকুন, কেপটাউনে উপস্থিত অন্যদের, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিকে ঘিরে প্রশ্ন থেকেই যাবে।
এখন ২০১৮ সালের ঘটনাকে ফিরে দেখলে মনে হয়, অস্ট্রেলিয়া শিবিরে এমন একটি মানসিকতা ছিল যে তারা ধরাছোঁয়ার বাইরে, যা খুশি করে পার পেয়ে যেতে পারবে।
এক্ষেত্রে প্রশংসা প্রাপ্য দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিসন-এর। ব্যানক্রফটের দাবি অনুযায়ী, তিনিই ঘটনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন, ধরা পড়লে কী পরিণতি হতে পারে।
অন্যদের ব্যাপারে কী বলা যায়? সেই কোচদের কথা, যাদের তরুণ ক্রিকেটারদের পথ দেখানো এবং রক্ষা করার কথা ছিল?
যেমন ড্যারেন লেম্যান বা সম্প্রতি ইংল্যান্ডের সঙ্গে কাজ করা ডেভিড সেকার।
আর ক্রিকেট অস্ট্রেলিয়াও যেন বিষয়টিতে জড়াতে অনিচ্ছুক ছিল। যদি পরিকল্পনা হয়ে থাকে সংশ্লিষ্টদের সুযোগ দেওয়া যাতে তারা গোপনে নিজেদের ‘সত্য’ বলতে পারেন, তাহলে সেটি এখন আর কার্যকর নয়।
কিন্তু প্রকৃত সত্যটিই বা প্রকাশ করা হবে না কেন? আর সেটি ছাড়া কোনো কিছুই যথেষ্ঠ হবে না।
জোনাথন অ্যাগনিউ
বিবিসি স্পোর্টের প্রধান ক্রিকেট ভাষ্যকার
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন