ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শুকনো মৌসুমেও মেঘনায় ভাঙন থামছে না


শুকনো মৌসুমেও মেঘনায় ভাঙন থামছে না

বয়ারচরের তিন দিকে দুই নদী রয়েছে। এক দিকে মেঘনা এবং অন্য দিকে ভুলুয়া। এই চরাঞ্চলটি নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি অঞ্চলের সীমান্তবর্তী অবস্থানে রয়েছে, কিন্তু নদীর ভাঙনে বর্তমানে চরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই দশকে নদীতীরে বয়ারচরের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ অংশ নদীগর্ভে চলে গেছে। এর ফলে ফসলি জমি, বসতঘর, দোকানপাট ও সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, যদি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নেয়া হয়, তাহলে অল্প সময়ের মধ্যে চরটি সম্পূর্ণরূপে হারিয়ে যাবে।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

শুক্রবার (১৩ নভেম্বর) বয়ারচরে জনবসতি গড়ে ওঠা প্রসঙ্গে চরের অন্তত ১০ জন প্রবীণের সঙ্গে আলাপ করা হয়। তারা জানান, ১৯৫০ দশকের শেষদিকে নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড ও লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন অংশ মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। ১৯৭০ সালের দিকে সেখানে চর জেগে ওঠে, যার নামকরণ করা হয় বয়ারচর।

আশির দশক থেকে মেঘনার ভাঙনে সর্বস্ব হারানো হাজার হাজার পরিবার বয়ারচরে এসে বসবাস শুরু করে। এটি শুরুতে ছিল দুর্গম ও বনজঙ্গলে ঘেরা, যেখানে পরে মানুষের শ্রমে কৃষিব্যবস্থা ও জনপদ গড়ে উঠেছিল।

২০০২ সালের দিকে 'চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট' বা সিডিএসপি-২ প্রকল্পের অধীনে বয়ারচরের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নের প্রস্তুতি শুরু হয়। ২০০৫ সাল থেকে এখানে পুরোদমে দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতে থাকে।

চরের বাসিন্দারা জানান, হাতিয়া ও রামগতির মধ্যকার সীমানা সংক্রান্ত প্রশাসনিক বিরোধের কারণে বয়ারচরে উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এক সময় প্রায় তিন লাখ মানুষের কোলাহলে মুখর ছিল চরটি, কিন্তু নদীভাঙনে বসতি কমে গেছে। তবে এখনো লক্ষাধিক মানুষের বসবাস এ চরে রয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

গত বর্ষা মৌসুমে রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে যায়। স্লুইস গেট এলাকার বাঁধ ভেঙে দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের শঙ্কা, যদি এভাবে ভাঙন চলতে থাকে, তাহলে আগামী বর্ষার আগেই বয়ারচরের বাকি অংশও নদীতে মিশে যাবে।

ভাঙনে বাস্তুভিটাহারা নারী-পুরুষরা জানান, একাধিকবার ভাঙনের শিকার হয়েছেন তারা। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে জনবসতিপূর্ণ এ চরের অবশিষ্ট জমি, মানুষের জানমাল ও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি স্থাপনা অচিরেই নদীতে তলিয়ে যাবে।

ভুক্তভোগীরা বলছেন, বর্ষা শেষে এখন শুকনো মৌসুমেও মেঘনা নদী রুদ্র রূপ ধারণ করেছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার

স্থানীয়দের অভিযোগ, সীমানা বিরোধের অজুহাতে দুই উপজেলার কেউই এলাকাটির উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ক্ষেত্রেই দীর্ঘদিনের অবহেলিত চরের বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, রামগতি সদরের সঙ্গে একটি সড়ক যোগাযোগ থাকলেও তা দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে উত্তাল নদীপথই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় চরটি অরক্ষিত হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, কাঁচা সড়ক, পুল-কালভার্টসহ অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক অনীহার কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি জলদস্যু, অবৈধ দখলদার ও ডাকাতদলের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় থাকে সারা বছর। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও নারী নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা রোকসানা আক্তারের ভাষ্য অনুযায়ী, তারা একে একে তিনবার মেঘনা নদীর ভাঙনের শিকার হয়েছেন। ফসলি জমি ও বসতঘর হারিয়ে এখন কোনোরকম টিনের ঘর তুলে বসবাস করছেন।

আরও পড়ুন: বরিশালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২২ বছরের যুবক নিহত

আব্দুল কাদের নামের আরেক বাসিন্দা বলেন, বয়ারচরের মানুষের শেষ সম্বলটুকু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাউবো কর্তৃপক্ষ দয়া করে এ চরের মানুষের বসবাসের জন্য টেকসই বাঁধের ব্যবস্থা করলে তারা উপকৃত হন।

রাশেদুল ইসলাম আজিজ বলেন, এখন তো আর জনপ্রতিনিধিদের ভোটের প্রয়োজন নেই, আবার যখন প্রয়োজন হবে, তখন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসবেন তারা। নেতাদের কথা বিশ্বাস করে ভোট দিয়ে বয়ারচরের মানুষ বার বার প্রতারিত হচ্ছে।

স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ বলেন, ‘আদালতের রায়ে বয়ারচর রামগতি উপজেলার অংশ হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি মিললেও পরে আর কার্যকর উদ্যোগ দেখা যায় না। এখন নদীভাঙনে আমরা চরের বাসিন্দারা দিশাহারা। দ্রুত আমাদের এ চরকে রক্ষার দাবি জানাই।’

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন, গাজীপুরে বিজিবি ও আনসার মোতায়েন

চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম খলিল দিদার বলেন, এভাবে চলতে থাকলে অবহেলিত জনপদ বয়ারচর হয়তো অল্প সময়ে দেশের মানচিত্র থেকে মুছে যাবে। ২০-২২ হাজার পরিবারের ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তিনি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, মেঘনার ব্যাপক ভাঙনের মুখে পড়েছে বয়ারচর। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নিতে সবুজপাতা নামের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটিতে বয়ারচর রক্ষায় ৯২০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াট সোলার নেট মিটারিং কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


ঝালকাঠিতে ৫০ কিলোওয়াট সোলার নেট মিটারিং কার্যক্রম উদ্বোধন

ঝালকাঠি, ১৫ নভেম্বর ২০২৬ : ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে, যা জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এসেছে।

আজ সকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। সোলার প্যানেল স্থাপনের ফলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে বলেও আশা করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রকল্পটির বাস্তবায়নের জন্য চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। এই সোলার প্যানেল প্রতিদিন ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড এই প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঝালকাঠি শাখার নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সূত্র জানাচ্ছে, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ছাদে সোলার প্যানেল স্থাপন করে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা তিন মাস পরপর ব্যাংক হিসাবে প্রদান করা হবে। নতুন উদ্যোক্তারা রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজন ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি ও হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট। আবেদন ফি ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত থাকবে। বিশেষ প্রণোদনা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এই সুবিধা কার্যকর থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

সাতক্ষীরার তালা উপজেলায় বর্তমানে তীব্র প্রশাসনিক ও জনসেবা সংকট দেখা দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি তিন মাস ধরে শূন্য থাকায় এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় পুরো উপজেলার প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সেবা এবং স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে এর প্রভাব সরাসরি পড়েছে।

জানা গেছে, গত ১১ নভেম্বর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। তালা পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটি গত তিন মাস ধরে শূন্য রয়েছে। বিগত সময়ে দুবার কর্মকর্তা পদায়ন করা হলেও বিভিন্ন অনিবার্য কারণে তারা যোগদান করেননি। ফলে উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেছিলেন। এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালা উপজেলায় পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তীতে চলতি মাসে গত এক সপ্তাহ পূর্বে জনাব নাজমুস সাকিবকেও এই পদে পদায়ন করা হলেও তিনিও অজ্ঞাত কারণে তালাতে যোগদান নাকরে অন্যত্র চলে যান।

সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় জমির নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত শুনানি, খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো অতি জরুরি কাজগুলো থমকে গেছে। সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এসি ল্যান্ডের পদ দীর্ঘদিন শূন্য থাকায় এর বহুমুখী প্রভাব পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতেও। যেকোনো জমি বেচাকেনা বা হস্তান্তরের পূর্বশর্ত হলো অনলাইনে নামজারি ও ভূমি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা, যা এসিল্যান্ডের এখতিয়ারভুক্ত।

তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ তিন মাস ধরে এসি ল্যান্ড না থাকায় এবং মিউটেশনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় এই সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। এর ফলে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অফিসের স্বাভাবিক কার্যক্রম।

একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রি অফিসের এই জটিলতায় উপজেলার সার্বিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল, সেবাগ্রহীতা ও এলাকাবাসী তালা উপজেলার ভূমি প্রশাসনে দ্রুত স্থায়ী সমাধান এবং একজন দায়িত্বশীল সহকারী কমিশনার (ভূমি) ও নতুন ইউএনও পদায়ন করে নিয়মিত কার্যক্রম চালুর জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখল সংক্রান্ত একটি ঘটনায় বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাদী হিসেবে ইদ্রিস আলী (৬৭) নামক একজন ব্যক্তি দৌলতপুর থানায় এই মামলা করেন। মামলায় আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কিনেছিলেন ইদ্রিস আলী। এরপর তিনি ওই জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীসহ বসবাস শুরু করেন। তবে জমির দখল নিয়ে আব্দুল হালিম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন ইদ্রিস।

এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ইদ্রিস আলী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে আব্দুল হালিমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী এবং তার স্ত্রী মিনা খাতুনকে (৫৫) লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরার জখম হয়। পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

এছাড়া, বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ইদ্রিস। যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাদের দেখতে পেলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।

এজাহারে আরও বলা হয়েছে, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।

বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। ইদ্রিসের দাবি, অভিযুক্তদের প্রভাব এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।

ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে আব্দুল হালিম টমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। বিস্তারিত ওসি সাহেব বলতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জলবায়ু অবিচার ও জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লাকার্ড এবং খালি কলস নিয়ে এলাকার শত শত নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবি জানান।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%