০১:১৭ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখল সংক্রান্ত একটি ঘটনায় বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাদী হিসেবে ইদ্রিস আলী (৬৭) নামক একজন ব্যক্তি দৌলতপুর থানায় এই মামলা করেন। মামলায় আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কিনেছিলেন ইদ্রিস আলী। এরপর তিনি ওই জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীসহ বসবাস শুরু করেন। তবে জমির দখল নিয়ে আব্দুল হালিম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন ইদ্রিস।
এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ইদ্রিস আলী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে আব্দুল হালিমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী এবং তার স্ত্রী মিনা খাতুনকে (৫৫) লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরার জখম হয়। পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
এছাড়া, বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ইদ্রিস। যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাদের দেখতে পেলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।
এজাহারে আরও বলা হয়েছে, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।
বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। ইদ্রিসের দাবি, অভিযুক্তদের প্রভাব এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।
ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
অভিযোগের বিষয়ে আব্দুল হালিম টমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। বিস্তারিত ওসি সাহেব বলতে পারবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন