ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও


সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

সাতক্ষীরার তালা উপজেলায় বর্তমানে তীব্র প্রশাসনিক ও জনসেবা সংকট দেখা দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি তিন মাস ধরে শূন্য থাকায় এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় পুরো উপজেলার প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সেবা এবং স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে এর প্রভাব সরাসরি পড়েছে।

জানা গেছে, গত ১১ নভেম্বর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। তালা পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটি গত তিন মাস ধরে শূন্য রয়েছে। বিগত সময়ে দুবার কর্মকর্তা পদায়ন করা হলেও বিভিন্ন অনিবার্য কারণে তারা যোগদান করেননি। ফলে উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেছিলেন। এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

গত ২৭ সেপ্টেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালা উপজেলায় পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তীতে চলতি মাসে গত এক সপ্তাহ পূর্বে জনাব নাজমুস সাকিবকেও এই পদে পদায়ন করা হলেও তিনিও অজ্ঞাত কারণে তালাতে যোগদান নাকরে অন্যত্র চলে যান।

সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় জমির নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত শুনানি, খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো অতি জরুরি কাজগুলো থমকে গেছে। সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এসি ল্যান্ডের পদ দীর্ঘদিন শূন্য থাকায় এর বহুমুখী প্রভাব পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতেও। যেকোনো জমি বেচাকেনা বা হস্তান্তরের পূর্বশর্ত হলো অনলাইনে নামজারি ও ভূমি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা, যা এসিল্যান্ডের এখতিয়ারভুক্ত।

তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ তিন মাস ধরে এসি ল্যান্ড না থাকায় এবং মিউটেশনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় এই সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। এর ফলে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অফিসের স্বাভাবিক কার্যক্রম।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রি অফিসের এই জটিলতায় উপজেলার সার্বিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল, সেবাগ্রহীতা ও এলাকাবাসী তালা উপজেলার ভূমি প্রশাসনে দ্রুত স্থায়ী সমাধান এবং একজন দায়িত্বশীল সহকারী কমিশনার (ভূমি) ও নতুন ইউএনও পদায়ন করে নিয়মিত কার্যক্রম চালুর জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখল সংক্রান্ত একটি ঘটনায় বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাদী হিসেবে ইদ্রিস আলী (৬৭) নামক একজন ব্যক্তি দৌলতপুর থানায় এই মামলা করেন। মামলায় আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কিনেছিলেন ইদ্রিস আলী। এরপর তিনি ওই জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীসহ বসবাস শুরু করেন। তবে জমির দখল নিয়ে আব্দুল হালিম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন ইদ্রিস।

এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ইদ্রিস আলী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে আব্দুল হালিমের নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী এবং তার স্ত্রী মিনা খাতুনকে (৫৫) লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরার জখম হয়। পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

এছাড়া, বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ইদ্রিস। যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাদের দেখতে পেলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।

এজাহারে আরও বলা হয়েছে, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।

বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। ইদ্রিসের দাবি, অভিযুক্তদের প্রভাব এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।

ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে আব্দুল হালিম টমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। বিস্তারিত ওসি সাহেব বলতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

জলবায়ু অবিচার ও জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লাকার্ড এবং খালি কলস নিয়ে এলাকার শত শত নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগণের জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবি জানান।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি, সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি, সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি হুমকির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড সতর্ক করেছে যে, এসব দেশের অর্থনৈতিক ক্ষতি জিডিপির ১৭ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই সংকটের মধ্যে নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। পরিবেশবান্ধব শিল্পে নতুন বাণিজ্যের দুয়ার খুলছে। জীববৈচিত্র্যভিত্তিক পণ্য, সমুদ্রসম্পদ ও প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কৃষি, অবকাঠামো ও উৎপাদন খাতে ক্ষতির ঝুঁকিও বাড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, শিল্পবিপ্লবের পূর্বের সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

যদি তাপমাত্রা এইভাবে বাড়তে থাকে, তাহলে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। আঙ্কটাডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিশ্ব অর্থনীতিতে জিডিপির প্রায় ১০ শতাংশ ক্ষতি হতে পারে। অন্যদিকে, দরিদ্র ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৭ শতাংশ পর্যন্ত হতে পারে।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য আঙ্কটাড পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছে। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, পানি সংরক্ষণ এবং জলবায়ুসহিষ্ণু কৃষিপ্রযুক্তি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, ২০২৫ সালে সৌর ও বায়ুবিদ্যুৎ খাত সংশ্লিষ্ট পণ্যের বৈশ্বিক রফতানি ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে এসব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে বিভিন্ন দেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য বাধা কমানোর ওপর গুরুত্বারোপ করেছে গ্লোবাল ট্রেড।

অন্যদিকে, পরিবেশবান্ধব শিল্পে নতুন বাণিজ্যের সুযোগ তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি এখন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতেও স্থান পাচ্ছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে স্বাক্ষরিত অর্ধেকের বেশি বাণিজ্য চুক্তিতে জলবায়ুসংশ্লিষ্ট শর্ত যুক্ত হয়েছে। যদিও এসব শর্ত বাস্তবায়নে এখনও বড় ঘাটতি রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য বাধা দূর করা এবং উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন সক্ষমতা ও জলবায়ু তহবিল বৃদ্ধি করা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করল আ.লীগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করল আ.লীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেছে। এ সময় তারা বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে এবং রাত ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি বাজার ও কুশলী ইউনিয়ন নিলফা বাজারে এই ঘটনাগুলি ঘটে। পরবর্তীতে রাত ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও একটি মিছিল বের করে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতক্ষ্যদর্শী সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্নি ইউনিয়নের বর্নি মধ্যেপাড়া বিশ্বাসবাড়ি থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বর্নি বাজারে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে ভাঙচুর চালায়। এ ছাড়া, পুরো বর্নি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টাঙানো ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। রাত ৮টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তারা সড়ক অবরোধ করে নিলফা বাজারের বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোকের দোকানপাটও ভাঙচুর করা হয়। পরে রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে আবারও একটি মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী বলেন, "বিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে বর্নি বাজারে এসে যুবদলের কার্যালয়টি ভাঙচুর করে। অফিসের ভেতরে থাকা ছবি, ব্যানার, ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর করে তান্ডব চালায়।"

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা জানান, "নিলফা বাজারের বিএনপির কার্যালয়, বর্নি বাজারের যুবদলের কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তান্ডব চালিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। তাদের কঠোর শাস্তির দাবি জানাই।"

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, "টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে থানার ওসি আইয়ুব আলী মন্তব্য করেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিকাল থেকে রাত পর্যন্ত কয়েকটি মিছিল বের করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%