প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বয়ারচরের তিন দিকে দুই নদী রয়েছে। এক দিকে মেঘনা এবং অন্য দিকে ভুলুয়া। এই চরাঞ্চলটি নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি অঞ্চলের সীমান্তবর্তী অবস্থানে রয়েছে, কিন্তু নদীর ভাঙনে বর্তমানে চরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই দশকে নদীতীরে বয়ারচরের প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ অংশ নদীগর্ভে চলে গেছে। এর ফলে ফসলি জমি, বসতঘর, দোকানপাট ও সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, যদি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ না নেয়া হয়, তাহলে অল্প সময়ের মধ্যে চরটি সম্পূর্ণরূপে হারিয়ে যাবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বয়ারচরে জনবসতি গড়ে ওঠা প্রসঙ্গে চরের অন্তত ১০ জন প্রবীণের সঙ্গে আলাপ করা হয়। তারা জানান, ১৯৫০ দশকের শেষদিকে নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড ও লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন অংশ মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। ১৯৭০ সালের দিকে সেখানে চর জেগে ওঠে, যার নামকরণ করা হয় বয়ারচর।
আশির দশক থেকে মেঘনার ভাঙনে সর্বস্ব হারানো হাজার হাজার পরিবার বয়ারচরে এসে বসবাস শুরু করে। এটি শুরুতে ছিল দুর্গম ও বনজঙ্গলে ঘেরা, যেখানে পরে মানুষের শ্রমে কৃষিব্যবস্থা ও জনপদ গড়ে উঠেছিল।
২০০২ সালের দিকে 'চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট' বা সিডিএসপি-২ প্রকল্পের অধীনে বয়ারচরের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নের প্রস্তুতি শুরু হয়। ২০০৫ সাল থেকে এখানে পুরোদমে দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতে থাকে।
চরের বাসিন্দারা জানান, হাতিয়া ও রামগতির মধ্যকার সীমানা সংক্রান্ত প্রশাসনিক বিরোধের কারণে বয়ারচরে উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এক সময় প্রায় তিন লাখ মানুষের কোলাহলে মুখর ছিল চরটি, কিন্তু নদীভাঙনে বসতি কমে গেছে। তবে এখনো লক্ষাধিক মানুষের বসবাস এ চরে রয়েছে।
গত বর্ষা মৌসুমে রামগতি ব্রিজঘাট থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত বেড়িবাঁধের একাধিক অংশ ভেঙে যায়। স্লুইস গেট এলাকার বাঁধ ভেঙে দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের শঙ্কা, যদি এভাবে ভাঙন চলতে থাকে, তাহলে আগামী বর্ষার আগেই বয়ারচরের বাকি অংশও নদীতে মিশে যাবে।
ভাঙনে বাস্তুভিটাহারা নারী-পুরুষরা জানান, একাধিকবার ভাঙনের শিকার হয়েছেন তারা। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা না নিলে জনবসতিপূর্ণ এ চরের অবশিষ্ট জমি, মানুষের জানমাল ও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি স্থাপনা অচিরেই নদীতে তলিয়ে যাবে।
ভুক্তভোগীরা বলছেন, বর্ষা শেষে এখন শুকনো মৌসুমেও মেঘনা নদী রুদ্র রূপ ধারণ করেছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সীমানা বিরোধের অজুহাতে দুই উপজেলার কেউই এলাকাটির উন্নয়ন ও নাগরিক সেবার দায়িত্ব নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব ক্ষেত্রেই দীর্ঘদিনের অবহেলিত চরের বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, রামগতি সদরের সঙ্গে একটি সড়ক যোগাযোগ থাকলেও তা দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে উত্তাল নদীপথই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় চরটি অরক্ষিত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, কাঁচা সড়ক, পুল-কালভার্টসহ অবকাঠামোর অবস্থা অত্যন্ত নাজুক। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক অনীহার কারণে তাদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি জলদস্যু, অবৈধ দখলদার ও ডাকাতদলের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় থাকে সারা বছর। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও নারী নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রোকসানা আক্তারের ভাষ্য অনুযায়ী, তারা একে একে তিনবার মেঘনা নদীর ভাঙনের শিকার হয়েছেন। ফসলি জমি ও বসতঘর হারিয়ে এখন কোনোরকম টিনের ঘর তুলে বসবাস করছেন।
আব্দুল কাদের নামের আরেক বাসিন্দা বলেন, বয়ারচরের মানুষের শেষ সম্বলটুকু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। পাউবো কর্তৃপক্ষ দয়া করে এ চরের মানুষের বসবাসের জন্য টেকসই বাঁধের ব্যবস্থা করলে তারা উপকৃত হন।
রাশেদুল ইসলাম আজিজ বলেন, এখন তো আর জনপ্রতিনিধিদের ভোটের প্রয়োজন নেই, আবার যখন প্রয়োজন হবে, তখন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসবেন তারা। নেতাদের কথা বিশ্বাস করে ভোট দিয়ে বয়ারচরের মানুষ বার বার প্রতারিত হচ্ছে।
স্থানীয় চরগাজী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ ফরিদ বলেন, ‘আদালতের রায়ে বয়ারচর রামগতি উপজেলার অংশ হিসেবে স্বীকৃতি পেলেও বাস্তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি মিললেও পরে আর কার্যকর উদ্যোগ দেখা যায় না। এখন নদীভাঙনে আমরা চরের বাসিন্দারা দিশাহারা। দ্রুত আমাদের এ চরকে রক্ষার দাবি জানাই।’
চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম খলিল দিদার বলেন, এভাবে চলতে থাকলে অবহেলিত জনপদ বয়ারচর হয়তো অল্প সময়ে দেশের মানচিত্র থেকে মুছে যাবে। ২০-২২ হাজার পরিবারের ভিটেমাটি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান তিনি।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, মেঘনার ব্যাপক ভাঙনের মুখে পড়েছে বয়ারচর। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নিতে সবুজপাতা নামের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটিতে বয়ারচর রক্ষায় ৯২০ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন