১২:২১ পি.এম
কিশোরগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স আজ খোলা হয়েছে, যা জেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত। শনিবার সকাল ৭টায় দানবাক্স খুলে রেকর্ড ৫১ বস্তা টাকা উদ্ধার করা হয়।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গণনার কাজ শুরু হয়। এই কাজে পাঁচ শতাধিক লোকের একটি দল অংশগ্রহণ করে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষের একটি দল এই বস্তাভর্তি টাকা গণনার কাজে যুক্ত ছিলেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও, বিভিন্ন কারণে এবার প্রায় পাঁচ মাস পর দানবাক্স খোলা হয়েছে। ফলে নতুন করে বসানো হয়েছে আরও দু’টি দানবাক্স।
আরও পড়ুন: জাতীয় তাফসির প্রতিযোগিতায় দুই গ্রুপের বিজয়ীদের নাম ঘোষণা
এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছিল।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন